কেটেও কাটছে না ‘আকভানে’র রেশ! আকাশ মেঘলা, আজও দিনভর ভিজবে বাংলা, ভারী বৃষ্টির সতর্কতা একাধিক জেলায়

আবহাওয়াবিদদের মতে, ‘আকভান’ ল্যান্ডফলের আগে শক্তি খোয়ানোয় উপকূলে প্রবল ঝড়ের আশঙ্কা কিছুটা কমলেও, বিপদ পুরোপুরি কেটে যায়নি। ঝড় দুর্বল হলেও তার সঙ্গে আসা বিপুল জলীয় বাষ্প ও বৃষ্টিবাহী মেঘের প্রভাবে আজ ওড়িশা, ঝাড়খণ্ড এবং দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বৃষ্টি ও তার প্রভাবে ভোগান্তির আশঙ্কা থাকছেই।

Nov 21, 2026 - 11:35
কেটেও কাটছে না ‘আকভানে’র রেশ! আকাশ মেঘলা, আজও দিনভর ভিজবে বাংলা, ভারী বৃষ্টির সতর্কতা একাধিক জেলায়

ঘূর্ণিঝড় ‘আকভান’ (Cyclone Akvan) স্থলভাগে প্রবেশের আগেই শক্তি খুইয়ে ক্রমশ দুর্বল হয়ে পড়লেও, বঙ্গে তার রেশ কাটবে না সহজে। আজ, শনিবার দিনভর উত্তর ও দক্ষিণ— দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর( Weather West Bengal)। বঙ্গোপসাগর থেকে ঢুকে আসা বিপুল পরিমাণে জলীয় বাষ্প ও বৃষ্টিবাহী মেঘের প্রভাবে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কবার্তা জারি করা হয়েছে (South Bengal heavy rain alert Akvan)। পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও আজ বৃষ্টি হতে পারে (North Bengal rain forecast Akvan impact)।

আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া?

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় দুর্বল হয়ে গেলেও এর প্রভাবে আজ সারাদিন আকাশের মেঘলা ভাব ও বৃষ্টি চলবে।

দক্ষিণবঙ্গের ছবি: আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং হাওড়ার এক বা দু’টি স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেন্টিমিটার) সতর্কবার্তা রয়েছে। কলকাতা-সহ (Kolkata weather Akvan) দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের ছবি: আজ মালদা ও দক্ষিণ দিনাজপুরের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামিকাল, রবিবারও মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

ল্যান্ডফলের আগেই কেন শক্তি হারাল ‘আকভান’?

শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের সংযোগস্থলে, ওডিশার গঞ্জাম জেলার গোপালপুরের কাছে শুরু হয়েছিল ‘আকভান’-এর স্থলভাগে প্রবেশ বা ল্যান্ডফলের প্রক্রিয়া। কেন্দ্রীয় আবহাওয়া দফতর (আইএমডি)-এর তথ্য অনুযায়ী, পরের প্রায় তিন ঘণ্টা ধরে সেই প্রক্রিয়া চলে। ল্যান্ডফলের সময় ঝড়ের সাস্টেনেবল স্পিড ছিল ঘণ্টায় ৭০–৮০ কিলোমিটার এবং দমকা হাওয়া বা গাস্টিং স্পিড পৌঁছয় ঘণ্টায় ৯০ কিলোমিটারে। অথচ একদিন আগেই এটি ছিল একটি ‘তীব্র ঘূর্ণিঝড়’।

আবহবিদদের মতে, স্থলভাগে পৌঁছনোর আগেই ‘আকভান’-এর শক্তিক্ষয়ের নেপথ্যে ছিল কয়েকটি প্রতিকূল পরিস্থিতি:

ভার্টিকাল উইন্ড শিয়ার: বিভিন্ন উচ্চতায় বায়ুপ্রবাহের দিক ও গতির পার্থক্যের কারণে ঝড়ের গঠন দুর্বল হয়ে পড়ে। উপরের ও নীচের স্তরের বাতাসের সামঞ্জস্য বিঘ্নিত হওয়ায় কেন্দ্রের উপরের মেঘের স্তম্ভ একদিকে হেলে যায় এবং বজ্রগর্ভ মেঘের কাঠামো আলগা হয়ে পড়ে।

শীতল জল ও শুষ্ক বাতাস: সমুদ্রের তুলনামূলক শীতল জল এবং উত্তর-পশ্চিমের শুষ্ক বাতাসের অনুপ্রবেশ ঝড়টির শক্তিবৃদ্ধিতে বাধা সৃষ্টি করে। ফলে পর্যাপ্ত শক্তি সংগ্রহ করতে না পেরে ল্যান্ডফলের আগেই তীব্রতা হ্রাস পেতে শুরু করে ‘আকভান’।

আইএমডি জানিয়েছে, বৃহস্পতিবার রাত আড়াইটে থেকেই শক্তি হারিয়ে ‘তীব্র ঘূর্ণিঝড়’ থেকে ‘সাধারণ ঘূর্ণিঝড়’-এ পরিণত হয়েছিল আকভান। ওই সময় তার কেন্দ্র গোপালপুর থেকে প্রায় ১৭০ কিলোমিটার দক্ষিণে ছিল এবং ঝড়টি ঘণ্টায় ২১ কিলোমিটার গতিতে উত্তর-উত্তরপশ্চিম দিকে এগোচ্ছিল। স্থলভাগে ঢোকার পর আরও দুর্বল হয়ে শুক্রবার সন্ধ্যার মধ্যেই এটি গভীর নিম্নচাপে পরিণত হয়। আজ, শনিবার সেটির আরও দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবারে কোথায় কত বৃষ্টি, সতর্কতা জারি

বৃহস্পতিবার থেকেই তামিলনাড়ু থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় অবিরাম বৃষ্টি শুরু হয়। শুক্রবার সকালে ‘আকভান’-এর ল্যান্ডফল চলাকালীন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা অনেকটাই বাড়ে। শুক্রবার বিভিন্ন এলাকায় বৃষ্টির পরিমাণ (মিলিমিটারে) ছিল নিম্নরূপ:

কলকাতা: ৪৬.৩ মিমি

সল্টলেক: ৬৩.১ মিমি

দমদম: ৩৮.৪ মিমি

ব্যারাকপুর: ৮৪.৮ মিমি

কল্যাণী: ৯১.৮ মিমি

মেদিনীপুর: ৮৩.৬ মিমি

আমতা: ৮৮.৩ মিমি

কাঁথি: ৮৩ মিমি

কলাইকুণ্ডা: ৮৯.৮ মিমি

আবহাওয়াবিদদের মতে, ‘আকভান’ ল্যান্ডফলের আগে শক্তি খোয়ানোয় উপকূলে প্রবল ঝড়ের আশঙ্কা কিছুটা কমলেও, বিপদ পুরোপুরি কেটে যায়নি। ঝড় দুর্বল হলেও তার সঙ্গে আসা বিপুল জলীয় বাষ্প ও বৃষ্টিবাহী মেঘের প্রভাবে আজ ওড়িশা, ঝাড়খণ্ড এবং দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বৃষ্টি ও তার প্রভাবে ভোগান্তির আশঙ্কা থাকছেই।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0