'শুধু যাওয়া আসা...' তৃণমূল ছেড়ে ISF-এ গেছিলেন, টিকতে না পেরে এবার নওশাদের দলও ছাড়লেন আরাবুল, ঘরে ফিরবেন?
নওশাদ সিদ্দিকির আইএসএফ ছাড়লেন ভাঙড়ের নেতা আরাবুল ইসলাম। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন এ কথা।
'স্বৈরাচারী দল, একনায়কতন্ত্র চলছে!' এই অভিযোগ তুলেই এবার নওশাদ সিদ্দিকির (Nawsad Siddique) আইএসএফ ছাড়লেন ভাঙড়ের নেতা আরাবুল ইসলাম (Arabul Islam)। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন এ কথা।
২৬-এর বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফ-এ যোগ দিয়েছিলেন আরাবুল ইসলাম। সেই সময়ে তিনি জানিয়েছিলেন, তৃণমূলের জন্য তিনি প্রাণপাত করেছেন, কিন্তু সেই দলই তাঁকে বারবার অপমান করেছে। সেই ক্ষোভ থেকেই তাঁর এই সিদ্ধান্ত। কিন্তু ভোটের ফলের কয়েক মাসেই মধ্যেই এ যেন এক অন্য আরাবুল! এবার নওশাদের দলের বিরুদ্ধে কার্যত একই রকম অভিযোগ তুলে পদ ছাড়লেন তিনি।
আরাবুলের বক্তব্য, আইএসএফ একনায়কতন্ত্র চালাচ্ছে! তাঁর অভিযোগ, ভাঙড়জুড়ে দলের লুম্পেনবাহিনী সাধারণ মানুষের ওপর অত্যাচার করছে। এর প্রতিবাদস্বরূপ তিনি দল থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন। রাজনৈতিক মহল বলছে, শওকত মোল্লার প্রভাবে ক্রমশ কোণঠাসা হয়ে আইএসএফ-কে বেছে নিয়েছিলেন আরাবুল। কিন্তু এখন তাঁর পরবর্তী যাত্রা কী হতে পারে, তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে।
২০০৬ সালে ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে সিপিএম (CPIM) প্রার্থী মোশাররফ হোসেন লস্করকে হারিয়ে তৃণমূলের বিধায়ক হয়েছিলেন আরাবুল। তখন বিধানসভায় তৃণমূলের মোট ৩০ জন বিধায়কের মধ্যে তিনি ছিলেন অন্যতম। তবে ২০১১ সালে পরিবর্তনের হাওয়াতেও বিদ্রোহী প্রার্থী নান্নু হোসেনের কারণে ভোটে ভাঙন ধরে এবং সিপিএমের বাদল জমাদারের কাছে পরাজিত হন তিনি। এরপর সময়ের সঙ্গে সঙ্গে দলে তাঁর গুরুত্ব কমতে থাকে এবং শেষ পর্যন্ত বহিষ্কার করা হয়।
এখন প্রশ্ন, আরাবুল ইসলামের পরবর্তী রাজনৈতিক গন্তব্য কী হবে। বর্তমানে তৃণমূল কংগ্রেস দুই ভাগে বিভক্ত। একে একে অধিকাংশ বিধায়ক এবং সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন। তাঁরা নিজেদের আলাদা শিবির তৈরি করেছেন। তাহলে কি আরাবুল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের দিকে ঝুঁকবেন, এই প্রশ্নই এখন সকলের মনে। যদিও ঝুঁকলেও ঋতব্রত শিবির তাঁকে স্বাগত জানাবে কিনা, সেটাও একটা বড় প্রশ্ন।
গোটা বিষয় নিয়ে আরাবুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন কেটে দেন। অর্থাৎ এখনও পর্যন্ত তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি। অন্যদিকে, নওশাদ সিদ্দিকি জানান এই মুহূর্তে তিনি বিধানসভার স্ট্যান্ডিং কমিটির একটি বৈঠকে রয়েছেন। আরাবুল কী বলেছেন বা পোস্ট করেছেন তা তিনি জানেন না। পরবর্তী সময়ে বিষয়টি সম্পর্কে জেনেই যা বলার বলবেন।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)