সকাল-সন্ধে সানাই বাজবে আসানসোলের ঘাটগুলিতে, হবে ‘দামোদর আরতি’! নতুন ঘোষণা অগ্নিমিত্রার
ছটপুজো উপলক্ষ্যে আসানসোলে উপস্থিত হয়ে শহর ও ঘাটগুলির উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা ঘোষণা করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।
ছটপুজো উপলক্ষ্যে সাজো সাজো রব রাজ্যে। চোরবাগান থেকে শিক্ষা নিয়ে ঘাটগুলিতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন। নজরদারি থেকে পুজো উপলক্ষ্যে সাজানো, সবটাই হয়েছে নিখুঁতভাবে। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সমস্ত দিকে নজর রয়েছে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালেরও। সোমবার আসানসোল দক্ষিণ অর্থাৎ নিজের বিধানসভা কেন্দ্রে ছটে মেতেছিলেন পুরমন্ত্রী। আসানসোলকে ঢেলে সাজানোর পাশাপাশি রাজ্যের বিভিন্ন শহর সাজানোয় আগামীর একাধিক পরিকল্পনা খোলসা করেন। ঘোষণা করেন, আসানসোলের সমস্ত ঘাটে নতুন রাস্তা, পাখিদের খাবার ও সানাই বাজানোর কথা।
ছটের প্রথম দিন থেকেই আসানসোলে রয়েছেন পুরমন্ত্রী। আসানসোলে এই রীতি মেনে চলা মানুষজনের সংখ্যা বেশ খানিকটা বেশি। সেখানেই দু’দিন ধরে নানা অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। ঘাট পরিদর্শনের পাশাপাশি মেতেছেন বিহারীদের নানা রীতিতেও। এদিন সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেকথা জানান। সঙ্গে ছটে রাজ্যের পরিস্থিতি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য দেন।
অগ্নিমিত্রা বলেন, “সারারাত জেগে উদযাপন করছি, দু'দিন ধরে জেগে আছি। রাজ্যজুড়ে নগরোন্নয়ন দফতর থেকে একাধিক পদক্ষেপ করা হয়েছে। কলকাতা পোর্টের সঙ্গে মিলে ঘাটে সুব্যবস্থা করা হয়েছে, ঠিক যেমন মুখ্যমন্ত্রী বলেছিলেন। আসানসোলও পিছিয়ে নেই। কমিশনার ও তাঁর টিম এখানকার প্রায় ২০০-র উপর ঘাটে একাধিক কাজ করেছে। দামোদর-সহ একাধিক ঘাটে চেঞ্জিং রুম, বায়ো টয়লেট, আলো, ইমার্জেন্সি নম্বর, ঘাটের চারিদিকে ভাল রাস্তা, পরিষ্কার করে রাখা। এতদিন তো পরিষ্কারই করা হত না। দায়িত্ব এতদিন কেউ পালন করেনি। আমরা করছি, চেষ্টা করছি।”
দামোদর নিয়ে নানা কথা প্রচলিত রয়েছে। দামোদরের প্লাবনে একসময়ে বহু মানুষের ঘর গেছে, আবার এই দামোদরেই জল না থাকলে বিপদে পড়েছেন বহু চাষি। ছট উপলক্ষ্যে দামোদরে বাড়তি নজর দিয়েছে প্রশাসন। সাজানো হয়েছে, চালু হয়েছে আরতি। এনিয়ে পুরমন্ত্রীর কথা, 'গঙ্গা আরতি হতই আগে, কিন্তু ছট পুজো উপলক্ষ্যে কোনওদিন দামোদরে আরতি হয়নি। দামোদরকে বলা হয় দুঃখের নদী, কিন্তু আজ আরতি হচ্ছে, শাঁখ বাজছে, পুজো হচ্ছে, অদ্ভুত সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এখানে।'
এই সূত্রেই আসানসোলের ঘাটগুলিতে সপ্তাহে একদিন আরতির কথা বলেন পুরমন্ত্রী। তিনি চান পরিবেশের পুজো করে আরতি করা হোক। বলেন, 'আমরা পরিবেশের পুজো করে আরতি করব, পরিবেশের যে ভগবান তাঁর আরতি। সবকিছু যাতে ভাল হয়।' এখানেই শেষ নয়। ঘাটগুলো নিয়ে তাঁর আরও কিছু পরিকল্পনার কথাও এদিন ঘোষণা করেন। বলেন, 'রাস্তা বানাচ্ছি, ছোটো ছোট আলো দিচ্ছি। গাছে পাখিদের খাবার দেওয়া, সকাল ও সন্ধেয় হালকা সানাইয়ের আওয়াজ। ব্যাকগ্রাউন্ডে একটা সানাই, কারণ আমরা তো দেখাশোনার একজনকে রাখবই। তাঁরই কাজ হবে এই সানাই বাজানো। যাতে যাঁরা হাঁটবে, তাঁদের জন্য একটা ভাল পরিবেশ দেওয়া যায়। এটাই আমরা চাইছি তৈরি করতে।' অর্থাৎ বিকেলে বা ভোরে যাঁরা হাঁটতে আসবেন এই সব ঘাটে, তাঁরা সানাই শুনতে শুনতে মনোরম পরিবেশে শরীরচর্চা করতে পারবেন।
এর কোনওটাই বাংলার মানুষ আগে দেখেননি বলে দাবি তাঁর। এব্যাপারের ব্যবস্থাপনা নিয়েও প্রশংসা শোনা যায় গলায়। দুর্গাপুজো থেকে কার্তিক পুজো, রাশমেলা থেকে ছট, অগ্নিমিত্রা মনে করেন, হ্যান্ডস অন বাবা-মায়ের মতো হ্যান্ডস অন মুখ্যমন্ত্রী, কিছুর খামতি রাখেননি।
শেষে বাঁকুড়া ও আসানসোল দক্ষিণের মধ্যে ব্রিজ তৈরির কথা জানান। সঙ্গে পুর দফতরের রিভারফ্রন্ট ডেভেলপমেন্টের পরিকল্পনা সামনে আসে। জানা যায়, এই ব্রিজ হলে, সেখানে মুম্বই বা সবরমতীর মতো রিভারফ্রন্ট ডেভেলপমেন্ট হবে। করা হবে একাধিক বহুতল।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0