অল্পের জন্য প্রাণে বাঁচলেন মানসী, নেপাল-তিব্বত সীমান্তের হড়পা বানে ভয়াবহ পরিস্থিতি

সমাজমাধ্যমে বন্যার ভয়াবহ ছবি ও ভিডিয়ো ভাগ করে নিজের নিরাপত্তার খবর জানিয়েছেন অভিনেত্রী। পাশাপাশি এই বিপর্যয়ে গভীর শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের জন্য অনুরাগীদের প্রার্থনা করার আবেদন জানিয়েছেন তিনি।

Aug 28, 2026 - 11:01
0 0

অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন অভিনেত্রী মানসী পারেখ। নেপাল-তিব্বত সীমান্তের ভয়াবহ হড়পা বানের হাত থেকে কোনও মতে বেঁচে গিয়েছেন তিনি। বর্তমানে সদগুরুর কৈলাস মানস সরোবর যাত্রায় যোগ দিতে চিনে রয়েছেন অভিনেত্রী। বুধবারের ভয়াবহ বন্যায় তিব্বতের গিরং বন্দর কার্যত তছনছ হয়ে গিয়েছে। অথচ বৃহস্পতিবার, ২৭ অগস্ট, সেখানেই যাওয়ার কথা ছিল মানসীর।

সমাজমাধ্যমে বন্যার ভয়াবহ ছবি ও ভিডিয়ো ভাগ করে নিজের নিরাপত্তার খবর জানিয়েছেন অভিনেত্রী। পাশাপাশি এই বিপর্যয়ে গভীর শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের জন্য অনুরাগীদের প্রার্থনা করার আবেদন জানিয়েছেন তিনি।

গিরং বন্দরের একটি ভিডিয়ো নিজের সমাজমাধ্যমে পোস্ট করে মানসী লেখেন, “এটা কী অবস্থা হয়েছে! আমার তো আগামিকাল সকালে এখানেই থাকার কথা ছিল।” এরপর আরও একটি ভিডিয়ো ভাগ করে নেন তিনি। কয়েক দিন আগেই ওই জায়গায় তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছিল। সেই মুহূর্তের ভিডিয়ো পোস্ট করে অভিনেত্রী লেখেন, “মাত্র পাঁচ দিন আগেই এই জায়গায় আমাকে স্বাগত জানানো হয়েছিল। এত উষ্ণ অভ্যর্থনা পেয়েছিলাম। আর এখন গোটা জায়গাটাই জলের তলায়।”

নিজের বর্তমান পরিস্থিতি নিয়েও অনুরাগীদের আশ্বস্ত করেছেন মানসী। তিনি জানান, ঈশা ফাউন্ডেশনের সহায়তায় তাঁরা চিনে নিরাপদে রয়েছেন। অভিনেত্রীর কথায়, জীবন অত্যন্ত অনিশ্চিত। তবে এই বিপর্যয়ে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের কথা ভেবে তিনি অত্যন্ত মর্মাহত। ঈশা ফাউন্ডেশন তাঁদের নিরাপদে বাড়ি ফেরানোর পাশাপাশি বন্যার মধ্যে আটকে পড়া মানুষদের খোঁজারও চেষ্টা করছে বলে জানান তিনি।

বুধবার নেপাল-তিব্বত সীমান্তের বিস্তীর্ণ এলাকায় হড়পা বানের জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে নেপালের রসুয়া জেলা এবং তিব্বতের গিরং অঞ্চলে। বহু এলাকা প্লাবিত হয়েছে, জলের তলায় চলে গিয়েছে একাধিক গ্রাম। এমন পরিস্থিতিতে মানসীর নির্ধারিত যাত্রাপথেও বড়সড় বিপদ তৈরি হয়েছিল।

তবে সময়ের সামান্য ব্যবধানে সেই বিপদ থেকে রক্ষা পেয়েছেন অভিনেত্রী। বর্তমানে নিরাপদে থাকলেও ভয়াবহ সেই বন্যার ছবি এবং ভিডিয়ো দেখে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে বিপর্যস্ত মানুষের নিরাপত্তার জন্য সকলকে প্রার্থনা করার আবেদন জানিয়েছেন মানসী।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User