ঘরের বাইরে এমন ধ্যাড়ধ্যাড়ে ফর্ম কেন? জবাব চেয়ে গম্ভীর-আগরকর-লক্ষ্মণকে তলব করল বিসিসিআই
আয়ারল্যান্ড ও ইংল্যান্ডে শোচনীয় হার। সঙ্গে দোসর চোট-আঘাত। এবার ভারতীয় দলের পারফরম্যান্স এবং ক্রিকেটারদের ফিটনেস নিয়ে জবাবদিহি করতে গম্ভীর, আগরকর ও লক্ষ্মণকে তলব করল বিসিসিআই।
আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডে চরম ভরাডুবি। সঙ্গে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে লাগাতার অভিযোগ। এবার ভারতীয় ক্রিকেটের এই জোড়া সংকট নিয়ে কড়া পদক্ষেপ করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। কেন ঘরের বাইরে দলের এমন হতশ্রী পারফরম্যান্স? কেনই বা চোট-আঘাতে জর্জরিত দলের প্রথম সারির তারকারা? জবাব চাইতে বৃহস্পতিবার মুম্বইয়ের সদর দফতরে হেডকোচ গৌতম গম্ভীর, জাতীয় নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর এবং সেন্টার অফ এক্সেলেন্সের প্রধান ভিভিএস লক্ষ্মণকে তলব করল বিসিসিআই। বিদেশের মাটিতে দলের এই ব্যর্থতার কারণ কাটাছেঁড়া করার পাশাপাশি, আগামী দিনের রূপরেখাও মেগা বৈঠকে তৈরি হবে।
বিদেশে ধারাবাহিক ব্যর্থতা
দলের সাম্প্রতিক পরিসংখ্যান রীতিমতো হতাশাজনক। গত জুনে আয়ারল্যান্ডের মাটিতে ২-০ ব্যবধানে টি-২০ সিরিজ হেরেছে বিশ্বকাপজয়ীরা। যার ফলে টানা ১৬টি সিরিজে অপরাজিত থাকার প্রায় তিন বছরের রেকর্ড মাটিতে মিশে গিয়েছে।
এরপর ইংল্যান্ডের মাটিতে দলের পারফরম্যান্স আরও তলানিতে ঠেকে (Indian Cricket Team)। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ৪-০ ব্যবধানে লজ্জার পরাজয়। নটিংহ্যামে ১২৫ রানে হারের মতো চরম বিপর্যয়ও দেখতে হয়েছে সমর্থকদের।
ওয়ানডে সিরিজেও একই ছবি। প্রথম ম্যাচ বার্মিংহামে জিতলেও, শেষ পর্যন্ত সেই সিরিজও ২-১ ব্যবধানে হাতছাড়া করে ভারত। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া আগেই জানিয়েছিলেন, বিদেশের মাটিতে এই ফর্ম খতিয়ে দেখা হবে। অবশেষে সেই বহু প্রতীক্ষিত বৈঠক হতে চলেছে।
ফিটনেস ও সেন্টার অফ এক্সেলেন্স নিয়ে ক্ষোভ
পারফরম্যান্সের পাশাপাশি বোর্ডের সবচেয়ে বড় চিন্তার কারণ ক্রিকেটারদের চোট-আঘাত। গুরুত্বপূর্ণ সফরের আগেই দলের প্রথম সারির ক্রিকেটাররা ছিটকে যাচ্ছেন। চোট সারিয়ে মাঠে ফেরার প্রক্রিয়া নিয়েও প্রবল অসন্তোষ রয়েছে। বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সের (CoE) ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বারবার। অনেক ক্রিকেটারেরই নাকি এখন আর সিওই-র উপর আস্থা নেই। খেলোয়াড়, সিওই এবং নির্বাচক কমিটির মধ্যে বোঝাপড়ার মারাত্মক অভাব স্পষ্ট (Cricket News)। উদাহরণস্বরূপ, বাঁ-হাঁটুর চোটের কারণে জসপ্রীত বুমরাহ যে শ্রীলঙ্কা সফরে যেতে পারবেন না, সেটা নির্বাচক কমিটিকে জানানোই হয়নি। ওয়াশিংটন সুন্দর ছিটকে গিয়েছেন। সাই সুদর্শনের সুস্থ হতেও প্রত্যাশার চেয়ে বেশি সময় লেগেছে।
বিশ্বকাপের প্রস্তুতি ও হার্দিক-বুমরাহ ইস্যু
চলতি বছরের শেষেই নিউজিল্যান্ড সফরে যাবে টিম ইন্ডিয়া। পাশাপাশি, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকেও পাখির চোখ করেছে বোর্ড। তাই সব পক্ষকে এক ছাতার তলায় আনতে এই জরুরি বৈঠক (Gautam Gambhir)।
আইপিএলের ওয়ার্কলোড কীভাবে ক্রিকেটারদের ফিটনেসে প্রভাব ফেলছে, তা নিয়েও আলোচনা হবে। আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজের দলেও বুমরাহ, ওয়াশিংটন সুন্দর, নীতীশ রেড্ডি এবং হর্ষিত রানার খেলা এখনও নিশ্চিত নয়। আগামী ৯ সেপ্টেম্বর তাঁদের ফিটনেস টেস্ট। এর পাশাপাশি হার্দিক পান্ডিয়ার শারীরিক হালত নিয়েও বিস্তারিত আলোচনা হবে। ২০২৭ বিশ্বকাপের জন্য তাঁকে দলে চাইছে বোর্ড। কিন্তু বর্তমানে ওয়ানডে ক্রিকেটে ৫-৬ ওভারের বেশি বল করতে পারছেন না হার্দিক। আগামী দিনে পেসারদের কীভাবে ফিট রাখা যায় এবং চোটের হার কমানো যায়, সেই স্ট্র্যাটেজি নির্ধারণ করাই এখন বিসিসিআইয়ের প্রধান লক্ষ্য।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)