বাঘের সঙ্গে সেলফি নয়, জঙ্গলে নিষিদ্ধ মোবাইল! শীর্ষ আদালতের নির্দেশে কি ফিরবে অরণ্যের আদিম শান্তি?
জঙ্গলে বাঘের সঙ্গে সেলফি তোলার হুড়োহুড়ি রুখতে সাফারি চলাকালীন মোবাইল ফোনে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশে আদৌ কি ফিরবে অরণ্যের আদিম শান্তি?
বাঘ দেখতে গিয়ে সেলফি তোলার হিড়িক। সোশ্যাল মিডিয়ায় রিলস বানানোর অসভ্য প্রতিযোগিতা। ফলস্বরূপ জিপের রেষারেষি, বন্যপ্রাণীদের চূড়ান্ত বিরক্তি এবং নিয়মভাঙার বহর। পরিস্থিতি সামাল দিতে শেষে কড়া পদক্ষেপ। দেশের সমস্ত ন্যাশনাল পার্ক, ব্যাঘ্রপ্রকল্প এবং অভয়ারণ্যে জঙ্গল সাফারির সময় পর্যটকদের মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সুপ্রিম কোর্ট।
কেন এই নজিরবিহীন নিষেধাজ্ঞা?
গত ৫০ বছর ধরে রণথম্ভোর, জিম করবেট, কানহা বা তাডোবার মতো জঙ্গলগুলোকে ঘিরে এক বিশাল পর্যটন অর্থনীতি গড়ে উঠেছে। কিন্তু বাঘ দেখার জন্য পর্যটকদের অদম্য লালসা সাফারির পরিবেশটাকে কার্যত সার্কাসে পরিণত করেছে। গত বছর, অর্থাৎ ২০২৫ সালের নভেম্বরে শীর্ষ আদালতের এই যুগান্তকারী রায়। নিয়ম অনুযায়ী, সাফারিতে (Tiger Safari in India) ওঠার আগে পর্যটকদের ফোন জমা দিতে হবে গাইডদের কাছে থাকা একটি তালাবন্ধ বাক্সে। একমাত্র জরুরি দরকারে গাইড বা চালকরা নিজেদের ফোন কাছে রাখতে পারবেন।
‘সাবলাইম ওয়াইল্ডারনেস ওডিসি’-র ব্র্যান্ড হেড বরুণ তানেজার কথায়, ‘অনেকেই বাঘের সঙ্গে সেলফি তুলতে চান। এর ফলে গাইডদের ওপর বাঘের একদম কাছে যাওয়ার মারাত্মক চাপ তৈরি হয়। এতে মানুষ ও বন্যপ্রাণী, উভয়েরই নিরাপত্তা বিঘ্নিত হয়।’ তবে মহারাষ্ট্রের তাডোবা আন্ধারি ব্যাঘ্রপ্রকল্প ২০১৮ সালেই নিজেদের উদ্যোগে এই নিয়ম চালু করেছিল। ছোট পার্কগুলোতে অবশ্য এখনও গাইডদের ঘুষ দিয়ে ফোন কাছে রাখার চেষ্টা করেন অনেক পর্যটক।
পর্যটকদের মিশ্র প্রতিক্রিয়া
এই নির্দেশে স্বাভাবিকভাবেই পর্যটকদের মিশ্র প্রতিক্রিয়া। দিল্লির এক উদ্যোগপতির কথায়, 'বাধ্য হয়ে ফোন ছাড়া সাফারিতে গিয়ে বুঝলাম, জঙ্গলের আসল রূপটা কেমন! লেন্সের বদলে নিজের চোখে জঙ্গল দেখলাম। আমরা বান্ধবগড়ে বাঘের খুব কাছাকাছি চলে গিয়েছিলাম। কারও হাতে ফোন ছিল না। নিঃশ্বাস বন্ধ করে শুধু দেখলাম। শান্ত, স্নিগ্ধ এক পরিবেশ।’
তবে মুম্বইয়ের বন্যপ্রাণী উৎসাহীর মতে, এই সিদ্ধান্ত একটু বাড়াবাড়ি। তাঁর যুক্তি, ‘বেশিরভাগ সাধারণ মানুষের কাছে ফোনটাই একমাত্র ক্যামেরা। পুরোপুরি নিষিদ্ধ না করে বরং সাফারির সময় ফ্লাইট মোড বাধ্যতামূলক করা হোক।’
আসল গলদ কোথায়?
মোবাইল তো শুধু একটি যন্ত্র। আসল দোষী পর্যটকদের একাংশের উচ্ছৃঙ্খল আচরণ। কলকাতার প্রবীণ লেখিকা উত্তরা গঙ্গোপাধ্যায়ের কথায়, 'মোবাইল আসার আগে ডিএসএলআর হাতেও লোকে একই অসভ্যতা করত! হাতির নিচ থেকে ছবি তোলার জন্য অনেককে জিপ থেকে নেমে মাটিতে শুয়ে পড়তে দেখেছি।' তাঁর দাবি, কড়া হাতে নিয়ম বলবৎ করাটাই আসল। নিয়ম ভাঙলেই গাইডদের অধিকার দিতে হবে তৎক্ষণাৎ জিপ ঘুরিয়ে ফেরত আসার।
কলকাতার আইনের ছাত্রী সায়নী দাসের গলাতেও একই সুর। তিনি বলেন, ‘বিমানবন্দরের নো-ফ্লাই লিস্টের মতো এখানেও নিয়মভাঙা পর্যটকদের কয়েক বছরের জন্য নিষিদ্ধ করা উচিত।’ তবে নাগপুরের এক ট্যুর অপারেটরের মতে, গাইডদের কাছে ফোন থাকাও অনেক সময় ভিড় বাড়ায়। কারণ, তাঁরা নিজেদের মধ্যে যোগাযোগ করে বাঘের লোকেশন শেয়ার করেন, আর সব জিপ সেখানেই ছুটে যায়। সব মিলিয়ে, ফোন-বর্জিত সাফারিতে জঙ্গলের আদিম শান্তি যে অনেকটাই ফিরছে, তা একবাক্যে মানছেন ওয়াইল্ডলাইফ গাইডরা। ডিজিটাল আসক্তির যুগে স্ক্রিনের মোহ ছেড়ে মানুষ অন্তত চোখ তুলে প্রকৃতিকে দেখছে, এটাই এই নিষেধাজ্ঞার সবচেয়ে বড় প্রাপ্তি।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0