সোশ্যাল মিডিয়া পোস্টেই বিপত্তি! নোরা ফতেহির বিরুদ্ধে ৩ কোটি টাকার মানহানির মামলা, ঘটনা কী?
চার্টার্ড বিমানকে ‘খেলনা প্লেন’ বলে বিপাকে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি! ৩ কোটি টাকার মানহানির মামলা ঠুকল এভিয়েশন সংস্থা। কেন এই আইনি পদক্ষেপ? জানুন বিস্তারিত খবর।
সোশ্যাল মিডিয়ায় সামান্য একটি পোস্ট বা মজার মন্তব্য যে কত বড় আইনি বিপত্তি ডেকে আনতে পারে, তার সাম্প্রতিকতম উদাহরণ বলিউড অভিনেত্রী নোরা ফতেহি (Nora Fatehi)। চাটার্ড বিমান নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে তাঁর বিরুদ্ধে ৩ কোটি টাকার দেওয়ানি মানহানির মামলা (Nora Fatehi Defamation Suit) করেছে একটি বেসরকারি চার্টার্ড বিমান সংস্থা। গুজরাতের গান্ধীনগর আদালতে দায়ের হওয়া এই মামলাকে কেন্দ্র করে এখন বলিপাড়ায় জোর চর্চা শুরু হয়েছে (Nora Fatehi Instagram Controversy)।
ঘটনার সূত্রপাত কোথায়?
ঘটনাটি গত বছরের ডিসেম্বর মাসের। মুম্বই থেকে জয়পুর যাওয়ার জন্য 'ডিউন্স এভিয়েশন' (Dunes Aviation)-এর একটি ৮ আসনের 'সেসনা সাইটেশন সিজে২' (Cessna Citation CJ2) চার্টার্ড বিমান ভাড়া করেছিলেন নোরা। যাত্রাপথে বিমানের ভিতরের কিছু ভিডিও রেকর্ড করে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন তিনি। সেখানে ঠাট্টা করে বিমানটিকে ‘খেলনা প্লেন’ (Toy Airplane), ‘মিনিয়েচার প্লেন’-এর সঙ্গে তুলনা করেন অভিনেত্রী।
ইনস্টাগ্রামে নোরার অনুগামীর (Followers) সংখ্যা ৪.৬ কোটিরও বেশি। বিমান সংস্থার দাবি, নোরার মতো প্রভাবশালী তারকা না বুঝে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করার ফলে হু-হু করে ছড়িয়ে পড়ে সেই ভিডিও। এর জেরে সাধারণ মানুষের মনে বিমানটির নিরাপত্তা নিয়ে ভুল বার্তা গেছে। সংস্থাটির অভিযোগ, এই পোস্টের পর থেকে তাদের বুকিং প্রায় ১৫ থেকে ২০ শতাংশ কমে গেছে এবং বিমান বাতিলের হার অনেকটাই বেড়ে গেছে, যা তাদের ব্যবসার ব্যাপক ক্ষতি করেছে।
সংস্থার পাল্টা আইনি বক্তব্য
ডিউন্স এভিয়েশন স্পষ্ট জানিয়েছে, নোরার ভাড়া করা বিমানটি সম্পূর্ণ নিরাপদ এবং নিয়ম মেনেই পরিষেবা দিয়ে থাকে। এটি অসামরিক বিমান পরিবহণ নিয়ামক সংস্থা বা ডিজিসিএ-র (DGCA) দ্বারা সার্টিফাইড এবং বৈধ লাইসেন্স বা ‘নন-শিডিউল্ড অপারেটরস পারমিট’ (NSOP) নিয়েই পরিচালিত হচ্ছিল। কোনও কারিগরি জ্ঞান ছাড়াই অভিনেত্রী এই ধরনের 'দায়িত্বজ্ঞানহীন' মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে।
ক্ষতিপূরণ ও পোস্ট মোছার দাবি
সংস্থাটি কেবল ৩ কোটি টাকার আর্থিক ক্ষতিপূরণই চায়নি, সেই সঙ্গে আদালতকে অনুরোধ করেছে যাতে নোরা ফতেহির সোশ্যাল মিডিয়া থেকে সেই ভিডিওগুলো অবিলম্বে মুছে ফেলা হয়। পাশাপাশি, নোরার কাছ থেকে প্রকাশ্যে জবাব চেয়ে ক্ষমা প্রার্থনার দাবিও জানানো হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর গান্ধীনগর আদালতের বিচারক আর আগরওয়ালের এজলাসে এই হাই-প্রোফাইল মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)