কীপ্যাড ফোনেই এবার করা যাবে অনলাইন পেমেন্ট, লাগবে না ইন্টারনেটও! নতুন পরিষেবা আনল PhonePe
ইন্টারনেট ছাড়াই সাধারণ কিপ্যাড ফোনে করা যাবে ডিজিটাল লেনদেন। ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য 'UPI 123Pay' সুবিধা চালু করল ফোন পে (PhonePe)। কীভাবে পেমেন্ট করবেন জানুন বিস্তারিত।
হাতে স্মার্টফোন নেই, নেই ইন্টারনেটও। তাই বলে ডিজিটাল পেমেন্ট থেকে আর পিছিয়ে থাকতে হবে না। এবার কিপ্যাড (Keypad Phone) বা ফিচার ফোন ব্যবহার করেও করা যাবে অনলাইন লেনদেন। ইন্টারনেট ছাড়াই টাকা পাঠানো থেকে শুরু করে পেমেন্ট (offline UPI payment), এমনকি ব্যাঙ্ক ব্যালেন্স দেখার সুবিধাও মিলবে। ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য এই নতুন পরিষেবা আনছে PhonePe। এর নাম দেওয়া হয়েছে 'UPI 123Pay' (PhonePe UPI 123Pay)।
সময়ের সঙ্গে সঙ্গে নগদ টাকার ব্যবহার অনেকটাই কমেছে। চায়ের দোকান থেকে শুরু করে দামি কোনও জিনিস কেনা- প্রায় সব ক্ষেত্রেই এখন অনলাইন পেমেন্টের উপর নির্ভরতা বাড়ছে। কিন্তু এতদিন ইন্টারনেট ছাড়া UPI ব্যবহার করা সম্ভব ছিল না। ফলে ফিচার ফোন ব্যবহারকারীদের একটা বড় অংশ এই সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। সেই সমস্যার সমাধান করতেই UPI 123Pay-এর মাধ্যমে নতুন পরিষেবা আনা হচ্ছে।
কীভাবে কাজ করবে UPI 123Pay?
এই পরিষেবা মূলত SMS-ভিত্তিক প্রযুক্তির উপর নির্ভর করবে। ফলে 2G নেটওয়ার্কে কিংবা যেখানে ইন্টারনেট সংযোগ দুর্বল, সেখানেও এটি ব্যবহার করা যাবে। এই পরিষেবার মাধ্যমে বন্ধু বা পরিচিতকে টাকা পাঠানো, দোকানে পেমেন্ট করা, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স দেখা এবং আগের লেনদেনের তথ্য জানার মতো কাজ করা যাবে।
ভারতে এখনও ২০ কোটিরও বেশি মানুষ ফিচার ফোন ব্যবহার করেন। ফলে তাঁদের কাছে এই পরিষেবা যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। PhonePe-এর তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে এই পরিষেবায় আরও কিছু সুবিধা যুক্ত করা হবে। তার মধ্যে রয়েছে বিল মেটানো, মোবাইল রিচার্জ এবং আধার-ভিত্তিক UPI রেজিস্ট্রেশনের মতো পরিষেবা।
তবে শুরুতেই সব ফিচার ফোনে এই সুবিধা পাওয়া যাবে না। আপাতত HMD, Nokia, Lava International এবং Itel Mobile-এর নির্দিষ্ট কিছু মডেল ব্যবহারকারীরা UPI 123Pay ব্যবহার করতে পারবেন। ধীরে ধীরে আরও অনেক ফিচার ফোনে এই সুবিধা যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
কীভাবে চালু করবেন?
প্রথমে আপনার ফিচার ফোনে আগে থেকে ইনস্টল থাকা PhonePe অ্যাপটি খুলতে হবে। এরপর নিজের ব্যাঙ্ক বেছে নিয়ে ডেবিট কার্ডের শেষ ছয়টি সংখ্যা এবং কার্ডের মেয়াদ শেষ হওয়ার তারিখ দিতে হবে। তারপর নিজের UPI PIN সেট করলেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
কীভাবে পেমেন্ট করবেন?
রেজিস্ট্রেশনের পর প্রাপকের কন্টাক্ট ডিটেলস, মোবাইল নম্বর অথবা UPI ID ব্যবহার করে টাকা পাঠানো যাবে। ফোনে ক্যামেরা থাকলে QR কোড স্ক্যান করেও পেমেন্ট করা সম্ভব। লেনদেনের আগে প্রাপকের তথ্য ও টাকার পরিমাণ ভালভাবে যাচাই করে UPI PIN দিতে হবে। তাহলেই ইন্টারনেট ছাড়াই ফিচার ফোন থেকে হয়ে যাবে ডিজিটাল পেমেন্ট।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)