জগদ্ধাত্রী পুজোতেও যুযুধান দুই তৃণমূল! অষ্টমীতে ঋতব্রত, নবমীতে পাল্টা চণ্ডীপাঠ সাংসদ কল্যাণের

শুধু শ্রীরামপুর নয়। ঋতব্রত মঙ্গলবার তাঁর তৃণমূলের প্রথম সারির নেতাদের সঙ্গে নিয়ে কোন্নগরে রাজ্যের প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বাড়ির পুজোয় গিয়েছিলেন। সেখানে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, মদন মিত্র, আখরুজ্জামান, সুদীপ রাহারা। রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান প্রশ্ন তুলেছিলেন, কেন ইডি বা সিবিআই কল্যাণকে জিজ্ঞাসাবাদ করছে না!

Nov 18, 2026 - 15:25
জগদ্ধাত্রী পুজোতেও যুযুধান দুই তৃণমূল! অষ্টমীতে ঋতব্রত, নবমীতে পাল্টা চণ্ডীপাঠ সাংসদ কল্যাণের

শ্রীরামপুরে চণ্ডী-যুদ্ধ! মঙ্গলবার জগদ্ধাত্রী পুজোর অষ্টমী তিথিতে চণ্ডীপাঠ করেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। বুধবার তার পাল্টা চণ্ডীপাঠ করলেন মমতা তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)।

মঙ্গলবার কল্যাণের নিজের পাড়ায় গিয়ে, তাঁর বাড়ির ঠিক সামনেই একটি জগদ্ধাত্রী পুজো মণ্ডপে চণ্ডীপাঠ করেছিলেন ঋতব্রত। গণতান্ত্রিক তৃণমূলের হুগলি জেলা সভাপতি সন্তোষ সিংয়ের (পাপ্পু) উদ্যোগে আয়োজিত সেই পুজোয় অংশ নেন তিনি। পাপ্পু এক সময়ে কল্যাণের অত্যন্ত ঘনিষ্ঠ ও ছায়াসঙ্গী হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু রাজ্যে পালাবদলের পর সম্প্রতি তিনি কালীঘাট শিবির ছেড়ে ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন। এমনকি সন্তোষ ও কল্যাণের ফ্ল্যাট একই পাড়ায় হওয়ায় সেই এলাকায় গিয়ে ঋতব্রতর চণ্ডীপাঠ করার ঘটনা সংঘাতের সলতে পাকিয়েছিল।

২৪ ঘণ্টা কাটতে না-কাটতেই বুধবার কার্যত তার পাল্টা দিলেন কল্যাণ। শ্রীরামপুরের একটি জগদ্ধাত্রী পুজোয় হাজির হয়ে তিনিও চণ্ডীপাঠ করেন। পুজো পাঠ শেষে ঋতব্রত ও তাঁর নতুন শিবিরকে তীব্র আক্রমণ করে বলেন, তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন যাতে ঋতব্রত বিশ্বাসঘাতক থেকে একজন ভাল মানুষ হয়ে ওঠেন। একই সঙ্গে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে কল্যাণ হুঙ্কার দিয়ে বলেন, যতদিন শ্রীরামপুরের সাধারণ মানুষ তাঁর পাশে থাকবেন, ততদিন বাইরের বা ভেতরের কারও সাধ্য নেই যে তাঁকে আটকে রাখতে পারে। তিনি কীভাবে ঈশ্বরকে ডাকবেন বা পুজো করবেন, সেটা সম্পূর্ণ তাঁর নিজস্ব ব্যক্তিগত অধিকার ও বিশ্বাসের বিষয় বলেও মন্তব্য করেন এই প্রবীণ সাংসদ।

শ্রীরামপুরের ঐতিহ্যবাহী আরএমএস মাঠের দুর্গোৎসবে কল্যাণের চণ্ডীপাঠ এবং প্রতিমার সামনে আবেগাপ্লুত হয়ে কান্নাকাটি করার দৃশ্য প্রতি বছরই স্থানীয় মানুষের নজর কেড়ে নিত। এমনকি বাঁকুড়ায় নিজের বাসভবনে কালীপুজোতেও তাঁর এই আবেগঘন রূপ দেখতে পাওয়া যায়। তবে চলতি বছরে শ্রীরামপুরের সেই ঐতিহাসিক দুর্গাপুজো আয়োজনের দায়িত্ব বিজেপির হাতে চলে যাওয়ায় সেখানে আর চণ্ডীপাঠ করার সুযোগ পাননি কল্যাণ।

শুধু শ্রীরামপুর নয়। ঋতব্রত মঙ্গলবার তাঁর তৃণমূলের প্রথম সারির নেতাদের সঙ্গে নিয়ে কোন্নগরে রাজ্যের প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বাড়ির পুজোয় গিয়েছিলেন। সেখানে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, মদন মিত্র, আখরুজ্জামান, সুদীপ রাহারা। রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান প্রশ্ন তুলেছিলেন, কেন ইডি বা সিবিআই কল্যাণকে জিজ্ঞাসাবাদ করছে না! তিনি অভিযোগ করেছিলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিগত রাজ্য সরকারের বদান্যতায় কল্যাণ এবং তাঁর ছেলে-মেয়ে ও জামাই কোটি কোটি টাকা নয়ছয় করেছেন। তাঁর দাবি, এই সংক্রান্ত সমস্ত তথ্য ও প্রমাণ তাঁদের হাতে রয়েছে।

বুধবার পাল্টা কল্যাণ বলেছেন, তাঁর বিরুদ্ধে যদি কোনও অভিযোগ থাকে তবে তাঁকে ধরে দেখাক। কল্যাণের খোঁচা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার বিগত ১৪ বছর ধরে সিবিআই এবং ইডি লেলিয়ে দিয়ে তাঁর টিকিটিও ছুঁতে পারেনি। সেই প্রেক্ষিতে ঋত শিবিরের বিধায়ককে ‘হরিদাস পাল’ বলেও আক্রমণ শানান কল্যাণ।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0