ট্রাম্পপুত্রকে খুনের হুমকি! মাথার দাম ৯৫ কোটি, ‘ব্যারনকে কোথায় মারা যাবে?’ সম্প্রচার ইরানি টিভিতে
ট্রাম্পপুত্র ব্যারন ট্রাম্পকে হত্যার সরাসরি হুমকি ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে। দেওয়া হলো ১০ মিলিয়ন ডলারের ইনাম। জেনে নিন ইরান-আমেরিকা সংঘাতের সাম্প্রতিক পরিস্থিতি।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর পরিবারের উপর ইরানের হুমকি এবার চরম পর্যায়ে পৌঁছল। ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ২০ বছরের কনিষ্ঠ পুত্র ব্যারন ট্রাম্পকে (Barron Trump) হত্যার ছক কষে রীতিমতো খোলাখুলি হুমকি দেওয়া হল ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে। শুধু তা-ই নয়, ট্রাম্পপুত্রকে 'খতম' করতে দেওয়া যাবে এমন তথ্য দিতে পারলে ১ কোটি মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় যা প্রায় ৯৫ কোটি টাকারও বেশি) পুরস্কারের ঘোষণা পর্যন্ত করা হয়েছে।
সম্প্রতি ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) অনুমোদিত সংবাদমাধ্যমে একটি ভিডিও প্রকাশিত হয়, যা পরবর্তীতে ইরানি স্টেট টিভির তিন নম্বর চ্যানেলে সম্প্রচার করা হয়। ভিডিওটির নাম দেওয়া হয়েছিল 'হোয়ার টু কিল ব্যারন ট্রাম্প' (ব্যারন ট্রাম্পকে কোথায় হত্যা করা যাবে)। এই ভিডিওটিতে বিশদে দাবি করা হয়েছে যে, ব্যারনের প্রতিটি পদক্ষেপের উপর চব্বিশ ঘণ্টা নজর রাখা হচ্ছে। মার্কিন সিক্রেট সার্ভিসকে ফাঁকি দিয়ে কীভাবে কাজ করা সম্ভব, তার বেশ কিছু কাল্পনিক চিত্র তুলে ধরা হয়েছে এতে। এমনকি এ-ও দাবি করা হয়েছে যে, সিক্রেট সার্ভিসের নজর এড়িয়ে অতীতে এক তরুণী একটি গোপন বৈঠকে ব্যারনের ঠিক পাশে গিয়ে বসতে পেরেছিলেন।
ইরানি ওই ভিডিওতে আরও বলা হয়, সিক্রেট সার্ভিসের কড়া নজরদারি এড়িয়ে ব্যারন এক্সবক্স (Xbox) গেমিং কনসোলে ভয়েস ও টেক্সট মেসেজের মাধ্যমে যোগাযোগ রাখেন। ইরানের দাবি, তারা ব্যারনের এক্সবক্স, ফিফা (FIFA) গেম এবং ডিসকর্ড (Discord) অ্যাকাউন্টগুলো খুঁজে বার করেছে।
প্রসঙ্গত, ট্রাম্প পরিবারকে এ ধরনের সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনা এবারই প্রথম নয়। ঠিক গত মাসেই ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী তথা মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিশানা করে এমনই একটি বিতর্কিত ভিডিও প্রকাশ করেছিল ইরানের সরকার-নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম। "হোয়ার টু কিল মেলানিয়া" শীর্ষক সেই ভিডিওটিতে নিউ ইয়র্ক শহরে মেলানিয়ার কনভয়ের যাতায়াত এবং তাঁর পছন্দের নানা বিলাসবহুল ব্র্যান্ডের শপিং আস্তানাগুলোর চিত্র তুলে ধরা হয়েছিল। ভিডিওতে উসকানি দিয়ে বলা হয়, আন্তর্জাতিক 'মুক্তিযোদ্ধারা' চাইলে মেলানিয়ার কেনাকাটার পোশাকের সঙ্গে বিষাক্ত 'নার্ভ এজেন্ট' বা রাসায়নিক মিশিয়ে তাঁকে বিষ খাইয়ে মারতে পারে। সেই ভিডিওটির একদম শেষাংশে ব্যারন ট্রাম্পকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, "এটা তো কেবল শুরু, ব্যারন ট্রাম্প আমাদের জন্য অপেক্ষা করো।"
এই কড়া হুমকির মুখে অবশ্য ট্রাম্প পরিবারের সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে অত্যন্ত কড়া পাহাড়ে। ব্যারন এবং মেলানিয়া—উভয়েই মার্কিন সিক্রেট সার্ভিসের ২৪ ঘণ্টার নিবিড় নিরাপত্তা বলয়ে থাকেন। ওয়াশিংটনের হোয়াইট হাউস থেকে শুরু করে নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ার, নিউ জার্সির গলফ ক্লাব বা ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্ট—ট্রাম্পের প্রতিটি সম্পত্তিই কঠোর নজরদারিতে মুড়ে ফেলা হয়েছে।
অন্যদিকে, দুই দেশের মধ্যকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক চরম উত্তপ্ত হয়ে উঠেছে। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়ে ইরান অর্থনৈতিকভাবে "ভেঙে পড়ছে"। এর পরই মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ঘোষণা করেন যে, তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের "অর্থনৈতিক ডি-ডে" বা চূড়ান্ত পর্বের পদক্ষেপ শুরু হয়ে গেছে। যে সব দেশ ইরানকে সাহায্য করবে, তাদেরকেও আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে একঘরে করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। আমেরিকা ও ইরানের মধ্যকার এই কূটনৈতিক স্নায়যুদ্ধ এবং সাম্প্রতিক এই রক্তক্ষয়ী হুমকি আন্তর্জাতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)