দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ ইমরান খান, শুনানি মঙ্গলবার
ভারত ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা ইমরান খান। এফআরআরও-র জারিকৃত নোটিসের বিরুদ্ধে জরুরি শুনানি মঙ্গলবার দুপুর ৩টেয়।
ভারত ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিনেতা ইমরান খান। সোমবার সেই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে মঙ্গলবার, ২৭ অক্টোবর দুপুর ৩টেয় ধার্য হয়েছে। বিদেশি আঞ্চলিক নিবন্ধন দফতর বা এফআরআরও-র জারি করা ‘লিভ ইন্ডিয়া নোটিস’ অনুযায়ী, ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়তে হবে অভিনেতাকে। ফলে আদালতের পরবর্তী শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ
গত ১০ অক্টোবর মুম্বইয়ের অগাস্ট ক্রান্তি মার্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একটি প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন ইমরান। সেখান থেকেই অন্যদের সঙ্গে তাঁকে আটক করা হয়। ওই কর্মসূচিতে অংশ নেওয়ার জেরে ২০২৫ সালের অভিবাসন ও বিদেশি আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
এর পর ১৪ অক্টোবর ইমরানকে ভারত ছাড়ার নির্দেশ দিয়ে নোটিস জারি করে এফআরআরও। ১৭ অক্টোবর অভিনেতাকে শো-কজ নোটিসও পাঠানো হয়। তাতে তাঁর ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া বা ওসিআই কার্ডধারীর নথিভুক্তি বাতিল করার সম্ভাবনার কথা জানানো হয়েছিল।
‘অসাংবিধানিক’, দাবি অভিনেতার
এফআরআরও-র নির্দেশকে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টে মামলা করেন ইমরান। তাঁর আবেদনে ওই নির্দেশকে ‘অসাংবিধানিক, স্বেচ্ছাচারী এবং অনুপাতহীন’ বলে উল্লেখ করা হয়েছে। ভারত ছাড়ার নির্দেশ বাতিল করার পাশাপাশি তাঁকে দেশ থেকে বহিষ্কার-সহ কোনও জবরদস্তিমূলক পদক্ষেপের মুখে যাতে পড়তে না হয়, সেই অন্তর্বর্তী সুরক্ষাও চেয়েছেন অভিনেতা।
ইমরানের হয়ে আদালতে সওয়াল করছেন প্রবীণ আইনজীবী ভেঙ্কটেশ ধোন্ড। এর আগে তিনি আদালতে জানিয়েছিলেন, মাত্র দু’বছর বয়স থেকে ভারতে রয়েছেন অভিনেতা। তাঁর বিরুদ্ধে কোনও অপরাধের পূর্ব ইতিহাসও নেই বলে দাবি করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ৩টেয় শুনানি
সোমবার প্রধান বিচারপতি মহেশচন্দ্র ত্রিপাঠী এবং বিচারপতি অদ্বৈত এম শেঠনার বেঞ্চে মামলাটি ওঠে। ইমরানের আইনজীবী জানান, সলিসিটর জেনারেল তুষার মেহতার সঙ্গে কথা বলে শুনানির জন্য সময় চেয়েছেন তিনি। তুষার মেহতার আপত্তি না থাকায় শুনানি মঙ্গলবার পর্যন্ত পিছিয়ে দেয় আদালত।
অন্যদিকে, ইমরানকে আটক করার পর বিজেপি নেতা কিরীট সোমাইয়া তাঁর বিরুদ্ধে আইন ভাঙার অভিযোগ তুলে অভিযোগ দায়ের করেছিলেন। পুলিশের পাঠানো একটি অপ্রমাণিত এফআইআরের ভিত্তিতেই এফআরআরও-র নোটিস জারি হয়েছিল বলে জানা গিয়েছে। এখন মঙ্গলবারের শুনানিতে আদালত কী অবস্থান নেয়, সেদিকেই নজর রয়েছে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0