দেশে ফিরতে পাসপোর্ট ফেরত চেয়ে দিল্লির বাংলাদেশ হাই কমিশনে আবেদন হাসিনার, কী বলছে ঢাকা?
গত সপ্তাহেই বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ঢাকায় জানান, শেখ হাসিনাকে পাসপোর্ট ফেরানো হবে না। দেওয়া হবে না কোন ট্রাভেল ডকুমেন্ট। তাঁকে একজন ফেরার আসামি হিসেবে ভারত সরকার বাংলাদেশ সরকারের হাতে সমর্পণ করলে তবেই তিনি দেশে ফিরতে পারবেন।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা (Seikh Hasina) সোমবার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য দিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনের (Bangladesh High Commission) অফিসের কাছে আবেদন করেছেন। দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা (Bangladesh Former PM Seikh Hasina) আগেই ঘোষণা করেছেন ডিসেম্বর মাসে দেশে ফিরতে চান। তাঁর হয়ে লন্ডনের একটি ল ফার্ম বাংলাদেশ হাই কমিশনের কাছে তাঁর দেশে ফেরার নথিপত্র চেয়েছে।
প্রসঙ্গত, গত সপ্তাহেই বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ঢাকায় জানান, শেখ হাসিনাকে পাসপোর্ট ফেরানো হবে না। দেওয়া হবে না কোন ট্রাভেল ডকুমেন্ট। তাঁকে একজন ফেরার আসামি হিসেবে ভারত সরকার বাংলাদেশ সরকারের হাতে সমর্পণ করলে তবেই তিনি দেশে ফিরতে পারবেন। রবিবার একই কথা বলেছেন বাংলাদেশের আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান।
২০২৪-এর ৫ অগস্ট বাংলাদেশ ছেড়ে আসার পর এই প্রথম শেখ হাসিনার তরফে বাংলাদেশ সরকারের কাছে কোনও লিখিত আবেদন করা হল।
হাসিনা ভারতে আসার কয়েক দিন পরেই বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট যা রেড পাসপোর্ট নামে পরিচিত এবং জাতীয় নাগরিক পরিচয় পত্রটি বাতিল করে দেয়।
মাস দুই আগে হাসিনা তাঁর প্রথম টেলিফোন সাক্ষাৎকারে 'দ্য ওয়াল'-কে বলেছিলেন তিনি ডিসেম্বরেই দেশে ফিরবেন। এবং বৈধ উপায় দেশে ফেরার চেষ্টা চালাবেন। এখন এমন এক সময় তিনি পাসপোর্ট ফেরত চেয়ে আবেদন করলেন যখন বাংলাদেশ সরকার তা দিতে অস্বীকার করেছে।
গত তিন মাসে শেখ হাসিনা একাধিক সাক্ষাৎকারে বারে বারে বলেছেন মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়েই তিনি দেশে ফিরতে চান। তিনি দেশে আদালতের কাছে ন্যায় বিচার চাইবেন। গত বছর ১৭ নভেম্বর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল শেখ হাসিনা এবং তাঁর সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে একটি মামলায় মৃত্যুদণ্ড দিয়েছে। এছাড়া একাধিক মামলায় হাসিনার প্রায় ৪০ বছর কারাবাসের সাজা হয়েছে।
তাঁর বক্তব্য, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই আদালত তাঁর বিরুদ্ধে রায় ঘোষণা করেছে। তিনি ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
আওয়ামী লিগের শীর্ষ সূত্রে জানা গিয়েছে, লন্ডনের ল ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে হাসিনার আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের অফিসে সোমবার সকালে শেখ হাসিনার আবেদন পৌঁছে দেন।
আবেদনে তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার তাঁর বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে বলে জানতে পেরেছে ন। এই পরিস্থিতিতে নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি।
চিঠিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক চুক্তি থেকে উদ্ভূত বাধ্যবাধকতা অনুসারে তাঁর আবেদনগুলো যেন দ্রুত নিষ্পত্তি করা হয়। দুদিন আগেই দ্য ওয়াল-এ প্রচারিত ভিডিওতে বলা হয়েছিল বাংলাদেশের সংবিধান এবং অন্তত দুটি আন্তর্জাতিক আইন অনুযায়ী শেখ হাসিনা পাসপোর্ট বা অন্যান্য ভ্রমণ নথি ছাড়াই স্বদেশে ফিরতে পারেন। বাংলাদেশের সংবিধানের ৩৬ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, সেদেশের কোন নাগরিকের বিদেশ থেকে দেশে ফিরতে কোনও অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। অন্যদিকে, রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক রাজনৈতিক ও নাগরিক অধিকার সনদ এবং হিউম্যান রাইটস কাউন্সিলের বিধান অনুযায়ী কোনও দেশের নাগরিক বিনা বাধায় নিজের দেশে ফিরতে পারেন। অন্তর্বর্তী সরকার হাসিনার জাতীয় নাগরিক পরিচয় পত্রটি বাতিল করলেও নাগরিকত্ব খারিজ করেনি।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0