পানিহাটি নিয়ে ‘চণ্ডী-পাঠ’ বিজেপি দফতরে, রত্নার অভিযোগের পরেই কোন্দল ঠেকাতে কমিটি পদ্মশিবিরের
পানিহাটিতে ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদ করতে গিয়ে অরূপ সাহা নামে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। নিহতের বাড়িতে গিয়ে দলের জেলা সভাপতি চণ্ডীচরণ রায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন রত্না দেবনাথ। দলের অন্দরে অন্তর্ঘাত ও তৃণমূলের সঙ্গে জেলা সভাপতি চণ্ডীচরণ রায়ের গোপন আঁতাতের অভিযোগ করেন তিনি।
পানিহাটিতে বিজেপি কর্মী খুন এবং দলের অভ্যন্তরীণ কোন্দল ঠেকাতে আসরে নামল রাজ্য বিজেপি নেতৃত্ব। সোমবার সল্টলেকের রাজ্য দফতরে সারাদিন ধরে চলল ম্যারাথন বৈঠক। দলের অন্দরে যখন অন্তর্ঘাত ও তৃণমূলের সঙ্গে জেলা সভাপতি চণ্ডীচরণ রায়ের গোপন আঁতাতের অভিযোগ উঠেছে, ঠিক তখনই পরিস্থিতি সামাল দিতে তিন সদস্যের একটি তথ্যানুসন্ধান কমিটি (Fact Finding Committee) গঠন করল পদ্মশিবির।
সল্টলেক দফতরে দীর্ঘ বৈঠক, সংবাদমাধ্যমকে এড়িয়ে গেলেন চণ্ডী
সোমবার সকাল ১১টা থেকে সন্ধ্যা প্রায় ৭টা পর্যন্ত বিজেপি পার্টি অফিসেই ছিলেন পানিহাটির বিজেপি নেতা তথা জেলা সভাপতি চণ্ডীচরণ। তাঁকে নিয়েই দীর্ঘ বৈঠক করেন দলের শীর্ষ নেতৃত্ব। কার্যত,সারাদিন তাঁকে রাজনৈতিক পাঠ দেওয়া হয়েঠে। ঘটনাচক্রে, তাঁর বিরুদ্ধেই অভিযোগ তুলেছিলেন পানিহাটির বিধায়ক তথা আরজি করের নির্যাতিতার মা রত্না দেবনাথ। বৈঠকে ছিলেন সুনীল বনসল, শমীক ভট্টাচার্য এবং লকেট চট্টোপাধ্যায়। দীর্ঘ সময় পার্টি অফিসে কাটালেও অফিস ছাড়ার সময় সাংবাদিকদের এড়িয়ে যান চণ্ডীচরণ। তিনি যাতে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে না-পারেন, তার বন্দোবস্ত করেন বিজেপির নেতারাই।
পানিহাটির বিধায়ক রত্নার অভিযোগ, পানিহাটিতে দলের কোন্দল এবং দলীয় কর্মীর মৃত্যুর নেপথ্যে চণ্ডীর ভূমিকা রয়েছে। রবিবার সংবাদমাধ্যমে এই অভিযোগ তুলেছিলেন রত্না। পরের দিনই চণ্ডীকে নিয়ে দীর্ঘ বৈঠক তাৎপর্যপূর্ণ বৈকি।
ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গড়ল দল
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির রাজ্য মুখপাত্র সায়ন্তন বসু। তিনি জানান, পানিহাটিতে যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ঠিক কী কারণে এবং কী পরিস্থিতিতে এই ঘটনা ঘটল, তার সত্যতা খুঁজতে রাজ্য সভাপতি একটি ৩ সদস্যের তদন্ত কমিটি গড়ে দিয়েছেন।
এই কমিটির নেতৃত্ব দেবেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা। তাঁর সঙ্গে কমিটিতে থাকছেন নীলাঞ্জন অধিকারী এবং সোনালি মুর্মু। পানিহাটির ঘটনায় নেপথ্যের সত্যিটা কী, তা খতিয়ে দেখেই এই টিম রিপোর্ট জমা দেবে।
বিধায়ক রত্না দেবনাথের অভিযোগ
পানিহাটিতে ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদ করতে গিয়ে অরূপ সাহা নামে এক বিজেপি কর্মীর মৃত্যুর পরেই রাজনৈতিক পারদ চড়েছে। নিহতের বাড়িতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন স্থানীয় বিজেপি বিধায়ক রত্না। আর তারপরেই দলের জেলা সভাপতি চণ্ডীচরণ বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি।
বিধায়কের অভিযোগ, “আমাদের জেলা প্রেসিডেন্ট চণ্ডীদা সব ওয়ার্ডে একজন করে কো-অর্ডিনেটর বসিয়ে দিয়েছেন। এরা সবাই তৃণমূলের লোক। এরাই সব ঝামেলা পাকায়। উনিও এই ঘটনার সঙ্গে যুক্ত। নান্টু ঘোষের পোষা এই বাহিনীকে মদত দেন জেলা প্রেসিডেন্ট নিজেই। উনি আমার সঙ্গে কোনও সমন্বয় করেন না, আমাকে সহ্য করতে পারেন না।”
পাশাপাশি রত্না আরও দাবি করেন, পানিহাটিতে তৃণমূল নেতা নির্মল ঘোষ জামিনে ছাড়া পেয়ে সক্রিয় হয়েছেন এবং বিজেপিরই কিছু লোক তাঁর সঙ্গে গিয়ে দেখা করছে। এই অভ্যন্তরীণ কোন্দল ও আঁতাতের জেরে পানিহাটিতে আজ চরম অস্থিরতা তৈরি হয়েছে বলে অভিযোগ করেন রত্না দেবী। পুরো বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীকেও জানিয়েছেন বলে জানান।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0