পুজোর সরকারি অনুদান কমল ১০ হাজার, তাও বল পুজো কমিটির কোর্টেই ঠেললেন মুখ্যমন্ত্রী

দেওয়াল লিখন স্পষ্টই ছিল। হলও তাই। দুর্গাপুজো কমিটিগুলির (Durga Puja Committee) জন্য সরকারি অনুদান এক ধাক্কায় ১০ হাজার টাকা কমিয়ে দিল পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার (BJP Govt)।

Sep 07, 2026 - 19:14
0 0
পুজোর সরকারি অনুদান কমল ১০ হাজার, তাও বল পুজো কমিটির কোর্টেই ঠেললেন মুখ্যমন্ত্রী

দেওয়াল লিখন স্পষ্টই ছিল। হলও তাই। দুর্গাপুজো কমিটিগুলির (Durga Puja Committee) জন্য সরকারি অনুদান (Durga Puja Grant 2026) এক ধাক্কায় ১০ হাজার টাকা কমিয়ে দিল পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার (BJP Govt)। সর্বজনীন পুজোয় সরকারি অনুদান দেওয়ার যে ঘরানা শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং যেভাবে সভা ডেকে ‘মাছের বাজারে’ দাম হাঁকার কায়দায় তা ঘোষণা করা হত, তার এদিন সমালোচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই সঙ্গে তিনি বলেন, এই ব্যাপারটা আমি পুজো কমিটিগুলির উপরেই ছাড়লাম। যাঁদের অনুদান দরকার তাঁরা স্থানীয় আবেদন করবেন, যাঁদের দরকার নেই তাঁরা নেবেন না। আপনাদের উপরেই সবটা ছাড়লাম।

এ কথা জানানোর পরই মুখ্যমন্ত্রী এদিন জানান, যে সব পুজো কমিটি সরকারি অনুদানের জন্য আবেদন জানাবেন তাঁদের ১ লক্ষ টাকা করে দেবে সরকার।

তবে অনুদানের অঙ্ক কমালেও অন্যদিক থেকে পুষিয়ে দিয়েছে বর্তমান সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পুজোগুলিকে বিদ্যুৎ মাশুল বাবদ ১০০ শতাংশ ছাড় দেওয়া হবে। এ ব্যাপারে তিনি ডব্লিউবিএসিডিসিএল ও সিইএসই-র সঙ্গে কথা বলে নিয়েছেন।

সোমবার মিলন মেলা প্রাঙ্গণে শহরের পুজো কমিটিগুলির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে আসন্ন দুর্গাপুজো নিয়ে একাধিক সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এ দিনের বৈঠক থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, মাতৃপক্ষ সূচনার আগে অর্থাৎ মহালয়ার দিনটির পূর্বে কোনও পুজো মণ্ডপ বা প্রতিমার উদ্বোধন করা যাবে না। পাশাপাশি এ বছর রাজ্য সরকারের পক্ষ থেকে ‘কার্নিভাল’ আয়োজন করা হবে না বলেও নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী। তবে সরকারি উদ্যোগে ঐতিহ্যবাহী ‘শারদ সম্মান’ প্রদান অনুষ্ঠান যথারীতি অনুষ্ঠিত হবে।

রাজ্যে ক্ষমতা হস্তান্তরের পর থেকেই পুজো কমিটিকে দেওয়া সরকারি অনুদান নিয়ে বিস্তর জল্পনা চলছিল। পূর্বতন তৃণমূল সরকারের আমলে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাব পিছু ২৫ হাজার টাকা অনুদান দেওয়া শুরু করেছিলেন, যা ধাপে ধাপে বৃদ্ধি পেয়ে বিগত ২০২৫ সালে দাঁড়ায় ১ লক্ষ ১০ হাজার টাকায়। সরকার পরিবর্তনের পর বর্তমান মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন যে, অর্থনৈতিক নীতি মেনে বড় বাজেটের ক্লাবগুলিকে এই সহায়তা দেওয়া নাও হতে পারে। এ দিনের বৈঠকে সেই জল্পনার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, সব পুজো কমিটিকে সরকারের তরফে ১ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। তবে বড় বাজেটের ক্লাবগুলির উদ্দেশ্যে বিশেষ আহ্বান জানিয়ে তিনি বলেন, “বড় বাজেটের পুজো কমিটিগুলির কাছে আবেদন, আপনারা এই সরকারি সাহায্য নেবেন না। আপনারা নিজেরা উদ্যোগী হয়ে তা ছেড়ে দিলে আমি আপনাদের ধন্যবাদ জানাব।”

যে সমস্ত পুজো কমিটি এই অনুদান গ্রহণ করবে, তাদের নিয়ম মেনে কীভাবে আবেদন জানাতে হবে, তার স্পষ্ট দিশা নির্দেশও এ দিনের বৈঠক থেকে জানিয়ে দেওয়া হয়েছে। 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User