প্যানক্রিয়াটিক ক্যানসারে মিলল নতুন টার্গেটেড থেরাপি, মৃত্যু ঝুঁকি কমাবে প্রায় ৬০%, অনুমোদন FDA-র

অগ্ন্যাশয়ের ক্যানসারের চিকিৎসায় বড় সাফল্য। চিকিৎসায় সাড়া না দেওয়া উন্নত পর্যায়ের রোগীদের জন্য 'দারাক্সনরাসিব' (রাসংক) নামক টার্গেটেড ওষুধকে অনুমোদন দিল মার্কিন এফডিএ।

Aug 28, 2026 - 18:23
0 0
প্যানক্রিয়াটিক ক্যানসারে মিলল নতুন টার্গেটেড থেরাপি, মৃত্যু ঝুঁকি কমাবে প্রায় ৬০%, অনুমোদন FDA-র

অগ্ন্যাশয়ের ক্যানসার (Pancreatic Cancer) নিয়ে দীর্ঘদিন ধরেই চিকিৎসাবিজ্ঞানে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির একটি হল এমন কোনও নির্দিষ্ট পথ খুঁজে বের করা, যাকে নিশানা করে ক্যানসার কোষের বাড়বাড়ন্ত থামানো যায়। সেই জায়গাতেই নতুন সম্ভাবনার দরজা খুলেছে। উন্নত পর্যায়ের অগ্ন্যাশয়ের ক্যানসারের চিকিৎসায় নতুন একটি টার্গেটেড ওষুধকে অনুমোদন দিল মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)। ওষুধটির নাম দারাক্সনরাসিব (Daraxonrasib), বাজারে যার নাম Rasonque।

দিনে একবার খাওয়ার এই ওষুধটি বিশেষ করে তাঁদের জন্য অনুমোদিত হয়েছে, যাঁদের মেটাস্ট্যাটিক প্যানক্রিয়াটিক অ্যাডেনোকার্সিনোমা রয়েছে এবং অন্তত একটি সিস্টেমিক চিকিৎসা নেওয়ার পরেও রোগ এগিয়ে গিয়েছে। মাল্টি-এজেন্ট সিস্টেমিক থেরাপির উপযুক্ত নন, এমন রোগীরাও এই অনুমোদনের আওতায় রয়েছেন।

কেন এই ওষুধকে ঘিরে এতটা আগ্রহ মানুষের? উত্তর লুকিয়ে রয়েছে RAS নামের একটি প্রোটিনে। কোষের বৃদ্ধি এবং বেঁচে থাকার প্রক্রিয়ায় RAS গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। কিন্তু এই প্রোটিনের কিছু মিউটেশন স্থায়ী ভাবে সক্রিয় হয়ে গেলে ক্যানসার কোষকে ক্রমাগত বাড়তে এবং ছড়িয়ে পড়তে সাহায্য করে। প্যানক্রিয়াটিক ডাক্টাল অ্যাডেনোকার্সিনোমা বা PDAC-র ৯০ শতাংশেরও বেশি টিউমারে সক্রিয় RAS মিউটেশন রয়েছে। তার মধ্যে KRAS মিউটেশন সবচেয়ে বেশি দেখা যায়।

দারাক্সনরাসিব সরাসরি সক্রিয় অবস্থায় থাকা RAS প্রোটিনকে টার্গেট করে। একটি নির্দিষ্ট মিউটেশনের বদলে RAS-এর একাধিক ভ্যারিয়েন্টের সিগন্যালিং বন্ধ করার লক্ষ্যেই তৈরি হয়েছে ওষুধটি। ফলে এতদিন যে পথকে সরাসরি নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন বলে মনে করা হত, সেখানেই চিকিৎসার নতুন রাস্তা তৈরি হয়েছে।

এর কার্যকারিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ এসেছে RASolute 302 নামে তৃতীয় পর্যায়ের ট্রায়াল থেকে। ৫০০ জন এমন রোগী এই গবেষণায় অংশ নিয়েছিলেন, যাঁদের মেটাস্ট্যাটিক প্যানক্রিয়াটিক ক্যানসারের আগের চিকিৎসা কাজ করেনি। তাঁদের একাংশকে দারাক্সনরাসিব এবং বাকিদের চিকিৎসকের পছন্দের প্রচলিত কেমোথেরাপি দেওয়া হয়।

ফলাফলে দেখা যায়, দারাক্সনরাসিব নেওয়া রোগীদের গড় সামগ্রিক বেঁচে থাকার সময় ছিল ১৩.২ মাস। কেমোথেরাপি পাওয়া রোগীদের ক্ষেত্রে তা ৬.৭ মাস। অর্থাৎ প্রায় দ্বিগুণ। রোগ বাড়তে না দেওয়ার ক্ষেত্রেও ব্যবধান ছিল উল্লেখযোগ্য—দারাক্সনরাসিবে ৭.২ মাস, কেমোথেরাপিতে ৩.৬ মাস। মৃত্যুর ঝুঁকিও প্রায় ৬০ শতাংশ কমেছে।

তবে ওষুধটি পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত নয়। র‍্যাশ, ডায়রিয়া, বমি বমি ভাব, মুখের ভিতরের আবরণে প্রদাহ, বমি এবং ক্লান্তির মতো সমস্যা দেখা দিতে পারে। তৃতীয় পর্যায়ের ট্রায়ালে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছিল দারাক্সনরাসিব নেওয়া ৬১.৮ শতাংশ রোগীর ক্ষেত্রে, কেমোথেরাপি নেওয়া রোগীদের ক্ষেত্রে সেই হার ৬৯.৬ শতাংশ। পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে চিকিৎসা বন্ধ করতে হয়েছিল যথাক্রমে ১.২ শতাংশ এবং ১১.২ শতাংশ রোগীকে।

বিশ্বজুড়ে অগ্ন্যাশয়ের ক্যানসারের ভয়াবহতাও এই সাফল্যকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। ২০২২ সালে বিশ্বে পাঁচ লক্ষেরও বেশি মানুষ এই ক্যানসারে আক্রান্ত হন এবং প্রায় ৪.৬৭ লক্ষ মানুষের মৃত্যু হয়।

তবে নতুন ওষুধ মানেই ক্যানসার সেরে যাওয়ার নিশ্চয়তা নয়। এটি মূলত ইতিমধ্যে ছড়িয়ে পড়া এবং আগের চিকিৎসায় সাড়া না দেওয়া ক্যানসারের ক্ষেত্রে ব্যবহারের জন্য অনুমোদিত। ট্রায়ালে পাওয়া ১৩.২ মাসের গড় বেঁচে থাকার অর্থ প্রত্যেক রোগী ঠিক এতদিনই বাঁচবেন, এমনও নয়।

এই মুহূর্তে অনুমোদনটি মার্কিন এফডিএ-র। ভারতে ওষুধটির ব্যবহার বা বাজারজাতকরণ স্বয়ংক্রিয় ভাবে অনুমোদিত হয়েছে—এমন নয়। দেশের নিজস্ব নিয়ন্ত্রক সংস্থা CDSCO-র অনুমোদন প্রয়োজন হবে।

তারপরেও RAS-এর মতো এত গুরুত্বপূর্ণ ক্যানসার-চালিত পথকে নিশানা করে এমন ফলাফল চিকিৎসাবিজ্ঞানে বড় অগ্রগতি হিসেবেই দেখা হচ্ছে। এখন গবেষকদের সামনে প্রশ্ন—আরও বেশি রোগীর ক্ষেত্রে ওষুধটি কতটা কার্যকর হবে, ক্যানসার কত দ্রুত প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে এবং ভবিষ্যতে রোগের আরও আগের পর্যায়েই এই ধরনের RAS-targeted চিকিৎসা ব্যবহার করা সম্ভব কি না।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User