'প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ডাকা হলেও সেনার অনুষ্ঠানে আসতেন না', শিলিগুড়ি থেকে মমতাকে নিশানা শাহের
শিলিগুড়িতে এসএসবি (SSB)-এর ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে আয়োজিত এক বিশেষ কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে শিলিগুড়িতে এসএসবি (SSB)-এর ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে আয়োজিত এক বিশেষ কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সরাসরি নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। জানান, আগেও এই ধরনের অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডাকা হত, কিন্তু তিনি আসতেন না। তাই এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই অনুষ্ঠানে যোগ দেওয়ায় তিনি আলাদা করে তাঁকে ধন্যবাদও জানান শাহ।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের ১০০ দিন পূর্তি হওয়ার পরই বাংলায় এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করার পাশাপাশি বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও প্রশংসায় ভরিয়ে দেন তিনি। বলেন, আগে চেয়ে চেয়ে সীমান্ত সুরক্ষায় জমি পাওয়া যেত না। কিন্তু এখন চিঠি দেওয়ার আগেই রাজ্য সরকারের অনুমতি এসে যায়।
শাহের কথায়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম দিন থেকে সীমান্ত সুরক্ষায় জোর দিয়েছেন। তিনি এও বলেন, ''শিলিগুড়ি করিডরকে মজবুত করতে ৫৬০ একর জমি প্রয়োজন ছিল। কিন্তু এত বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তা দেয়নি। তাই আমি শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাতে চাই, কারণ তিনি ক্ষমতায় এসেই এই অনুমোদন দিয়েছেন। আর আজ তিনি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, সেটা আমাদের কাছে সোনায় সোহাগা।''
নিজের ভাষণে সীমান্ত সুরক্ষা এবং দেশের ঐতিহ্য স্মরণের ওপর জোর দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে 'বন্দেমাতরম'-এর গুরুত্ব পুনর্ব্যক্ত করেন। তিনি মন্তব্য করেন, স্বাধীনতার পরবর্তী দীর্ঘ সময়ে 'বন্দেমাতরম' গানটি পূর্ণাঙ্গভাবে উপস্থাপিত হত না, তবে সাম্প্রতিক পরিবর্তনের মাধ্যমে একে তার যথাযোগ্য মর্যাদা ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, এই ঐতিহাসিক পদক্ষেপের ফলে নতুন এবং আগামী প্রজন্ম ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রকৃত জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি ও অবদান সম্পর্কে আরও স্পষ্ট ও বিস্তারিত ধারণা লাভ করতে পারবে।
শাহের সংযোজন, স্বাধীনতা, দেশভাগের পরও বন্দেমাতরমকে কখনও মন থেকে গ্রহণ করা হয়নি। সংসদে গাওয়া হত, সবাই উঠে দাঁড়াত, কিন্তু তাঁর মতো বহু মানুষের দুঃখ ছিল যে, এই গান পুরোটা গাওয়া হত না। যদিও ৮০ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে পুরোটা বদলে গেছে বলেই মত শাহের। কারণ সেদিন প্রথমবার বন্দেমাতরম পুরোটা গাওয়া হয়েছিল।
এসএসবি শিবিরের বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী যাবেন শিলিগুড়ির কাওয়াখালি ময়দানে। সেখানে তিনি ‘ভারতীয় ন্যায় সংহিতা’ (বিএনএস)-র প্রদর্শনীর উদ্বোধন করবেন। এই কর্মসূচিতে তাঁর সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীসহ রাজ্যের অন্য মন্ত্রীরা। আগামী ২৬ আগস্ট পর্যন্ত এই প্রদর্শনী চলবে, যেখানে আইপিসির (ভারতীয় দণ্ডবিধি) কোন ধারা বদলে বিএনএসের কী ধারা এসেছে সে বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হবে।
শুক্রবার বিকেলে কর্মসূচি সেরে হোটেলে ফিরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে অমিত শাহের। এরপর শনিবার হোটেলেই পাহাড়ের সমস্যা নিরসনে পর পর দু’টি বৈঠকে বসবেন তিনি। যাবতীয় বৈঠক শেষ করে দিল্লি ফিরে যাবেন।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)