প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ-অধ্যক্ষ স্বামী ভজনানন্দজি মহারাজ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
৯০ বছর বয়সে বৃন্দাবনের রামকৃষ্ণ মঠ হাসপাতালে প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ-অধ্যক্ষ স্বামী ভজনানন্দজি মহারাজ। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট ভজনানন্দ মহারাজ। বৃন্দাবনের রামকৃষ্ণ মঠ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯০ বছর। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী, ভক্ত ও অনুরাগীদের মধ্যে। আগামী কাল দুপুর ২টোয় বৃন্দাবনে শেষকৃত্য সম্পন্ন হবে।
স্বামী ভজনানন্দজি মহারাজের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর দফতরের তরফে সমাজমাধ্যমে প্রকাশিত শোকবার্তায় বলা হয়েছে, তাঁর মৃত্যু আধ্যাত্মিক জগতের অপূরণীয় ক্ষতি। শ্রী রামকৃষ্ণ, মা সারদা ও স্বামী বিবেকানন্দের আদর্শ প্রচার এবং মানবসেবায় তাঁর আজীবনের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
দীর্ঘদিন ধরেই শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন স্বামী ভজনানন্দজি। হৃদ্যন্ত্র ও শ্বাসযন্ত্রের সমস্যা, রক্তে সংক্রমণ এবং কিডনির অসুস্থতা নিয়ে বৃন্দাবনের ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। সেখানেই এদিন তাঁর জীবনাবসান হয়।
কেরলম থেকে রামকৃষ্ণ সংঘের আধ্যাত্মিক জীবন
১৯৩৬ সালের ১ জুলাই কেরলমের এর্নাকুলাম জেলায় জন্ম তাঁর। ছোটবেলা থেকেই আধ্যাত্মিক জীবন ও ধর্মচর্চার প্রতি আকর্ষণ ছিল। রামকৃষ্ণ সংঘের তৎকালীন সহ-অধ্যক্ষ স্বামী যতীশ্বরানন্দজির কাছে মন্ত্রদীক্ষা গ্রহণ করেন তিনি।
১৯৬১ সালে বেঙ্গালুরু রামকৃষ্ণ মঠে যোগ দেন। দীর্ঘ সাধনা ও সংঘের নানা দায়িত্ব পালনের পর ১৯৭১ সালে সন্ন্যাসদীক্ষা লাভ করেন। সংঘের দশম অধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দজির কাছ থেকে সন্ন্যাস গ্রহণের পর তাঁর জীবনের নতুন অধ্যায় শুরু হয়।
‘প্রবুদ্ধ ভারতে’র সম্পাদনার দায়িত্বেও
১৯৭৮ সাল পর্যন্ত বেঙ্গালুরু মঠে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। পরবর্তী সময়ে রামকৃষ্ণ সংঘের ইংরেজি মুখপত্র ‘প্রবুদ্ধ ভারতে’র সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন। আধ্যাত্মিক চর্চার পাশাপাশি সাহিত্য ও মননশীল লেখালেখির জগতেও তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল। শ্রী রামকৃষ্ণ, মা সারদা ও স্বামী বিবেকানন্দের আদর্শ প্রচারে আজীবন নিজেকে নিয়োজিত রেখেছিলেন তিনি।
স্বামী ভজনানন্দজি মহারাজের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী। রামকৃষ্ণ মঠ ও মিশনের পাশাপাশি বেলুড় মঠের সন্ন্যাসী ও ভক্তদের প্রতিও সমবেদনা জানিয়েছেন। তাঁর প্রয়াণে রামকৃষ্ণ ভাবধারায় বিশ্বাসীদের মনে আধ্যাত্মিক ও সাংগঠনিক পরিসরে যে শূন্যতা তৈরি হল, তা সহজে পূরণ হওয়ার নয় বলে মনে করে তিনি।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0