মাতৃগর্ভে ভ্রূণের মেরুদণ্ডে জটিল অস্ত্রোপচার! দেশে প্রথম এমন সার্জারিতে নজির এইমস দিল্লির

মাতৃগর্ভে থাকা অবস্থাতেই ভ্রূণের মেরুদণ্ডের জটিল অস্ত্রোপচার। দেশে প্রথমবার এই বিরল ওপেন ফিটাল সার্জারিতে নজির গড়ল দিল্লির এইমস। মা ও শিশু সুস্থ।

Nov 16, 2026 - 16:17
মাতৃগর্ভে ভ্রূণের মেরুদণ্ডে জটিল অস্ত্রোপচার! দেশে প্রথম এমন সার্জারিতে নজির এইমস দিল্লির

মাতৃগর্ভে তখন সে মাত্র ২৫ সপ্তাহের ভ্রূণ। কিন্তু মেরুদণ্ডে বাসা বেঁধেছে জটিল জন্মগত ত্রুটি। ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত অপেক্ষা করলে হতে পারে পক্ষাঘাত। তাই মায়ের গর্ভে থাকা অবস্থাতেই ভ্রূণের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার (Open Foetal Surgery)। ভারতে প্রথমবার এমন বিরল ওপেন ফিটাল সার্জারিতে ইতিহাস গড়ল দিল্লির এইমস (AIIMS Delhi)।

কীভাবে হল এই মিরাকল?

প্রায় ছ'ঘণ্টার এই জটিল প্রক্রিয়ায় যুক্ত ছিলেন ৩০ জনের বেশি চিকিৎসকের এক বিশাল দল। নিউরোসার্জন ডা. দীপক গুপ্ত, মেটারনাল-ফিটাল মেডিসিন বিশেষজ্ঞ ডা. নীনা মালহোত্রা এবং ডা. কে অপর্ণা শর্মা ছিলেন এই দলের নেতৃত্বে। পদ্ধতিটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মাকে অজ্ঞান করে পেট কেটে পৌঁছতে হয় জরায়ু পর্যন্ত। এরপর আল্ট্রাসাউন্ডের সাহায্যে ভ্রূণের নিখুঁত অবস্থান বুঝে জরায়ু সামান্য খুলে সরাসরি ভ্রূণের মেরুদণ্ডের ক্ষত মেরামত করেন চিকিৎসকরা (Foetal Surgery)। এরপর ফের জরায়ু ও মায়ের পেট সেলাই করা হয়। স্বাভাবিক নিয়মেই চলতে থাকে গর্ভাবস্থা। জননী শিশু সুরক্ষা কার্যক্রমের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে হয়েছে এই অস্ত্রোপচার।

জন্মগত ত্রুটির মারাত্মক ঝুঁকি

রোগটির নাম 'মায়োলোমেনিঙ্গোসিল' (Myelomeningocele)। স্পাইনা বিফিডার সবচেয়ে মারাত্মক রূপ। গর্ভাবস্থার প্রথম মাসেই স্নায়ুনালী ঠিকমতো বন্ধ না হলে মেরুদণ্ডে ফাঁক থেকে যায়। সেখান দিয়ে বেরিয়ে আসে সুষুম্নাকাণ্ড ও স্নায়ুর আবরণী। ফলে শিশুর পা অবশ হওয়া, হাঁটার অক্ষমতা এবং স্নায়বিক নানা জটিলতার প্রবল ঝুঁকি থাকে। অনেকের মস্তিষ্কে অতিরিক্ত তরল জমে হাইড্রোসেফালাসের মতো মারণরোগও দেখা দেয়। জন্মের পর অস্ত্রোপচারের রীতি থাকলেও, গর্ভাবস্থায় তা সারালে ভ্রূণের স্নায়ুর ক্ষতির আশঙ্কা অনেকটাই কমে।

১৪ বছরের নিরলস লড়াই

২০১২ সালে আন্তর্জাতিক স্তরে এক গবেষণার রিপোর্ট প্রকাশের পর থেকেই এইমস-এ এই পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়। ডা. দীপক গুপ্তর কথায়, 'এই সাফল্য প্রমাণ করে, বিজ্ঞান, দলবদ্ধ কাজ এবং সরকারি প্রতিশ্রুতির মাধ্যমে বিশ্বমানের জটিল চিকিৎসাও সাধারণ ভারতীয়দের নাগালের মধ্যে আনা সম্ভব।' তবে এই অস্ত্রোপচার কোনও জাদুদণ্ড নয়। এর ফলে শিশুর সম্পূর্ণ সুস্থতার গ্যারান্টি নেই, মায়েরও অকাল প্রসব বা জরায়ু ছিঁড়ে যাওয়ার মতো সংক্রমণের ঝুঁকি থাকে। ভারতে প্রতি বছর প্রায় ১.২ লক্ষ শিশু স্নায়ুনালীর ত্রুটি নিয়ে জন্মায়। তাই প্রতিরোধে জোর দেওয়ার পাশাপাশি, এইমসের এই পদক্ষেপ নিঃসন্দেহে এক ঐতিহাসিক মাইলফলক।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0