‘শুভ জন্মদিন রাজকন্যা, এই সেঞ্চুরি তোমার জন্য!’ জোহানেসবার্গে আবেগের চিরকুট মেলে ধরলেন লিটন
জোহানেসবার্গে কেরিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি করে মেয়েকে উৎসর্গ লিটন দাসের। পকেট থেকে চিরকুট বের করে 'শুভ জন্মদিন রাজকন্যা' বার্তায় ভাসলেন আবেগে।
জোহানেসবার্গে (Johannesburg) প্রোটিয়া বোলারদের আগুনে পেস ঝলসাতে শুরু করেছে। ঠিক তখনই ব্যাট হাতে বুক চিতিয়ে লড়াই লিটন দাসের। আর সেই লড়াই শেষে যখন এল কেরিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি, তখন পকেট থেকে বেরল ছোট্ট একটা কাগজের টুকরো। তাতেই লেখা, 'শুভ জন্মদিন রাজকন্যা, এই সেঞ্চুরি তোমার জন্য!' কয়েক হাজার মাইল দূর থেকে ২২ গজে দাঁড়িয়ে মেয়ের জন্মদিনে এভাবেই এক অন্যরকম উপহার দিলেন বাংলাদেশের তারকা ব্যাটার। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সেঞ্চুরি করা তৃতীয় বাংলাদেশি হিসেবে এই মুহূর্তকে স্মরণীয় করে রাখলেন তিনি (South Africa vs Bangladesh)।
ছক্কায় সেঞ্চুরি ও চিরকুটের ম্যাজিক
দ্বিতীয় দিনের সকালে ৯২ রান নিয়ে ক্রিজে নামেন লিটন (Litton Das)। সেঞ্চুরির জন্য দরকার ছিল মাত্র ৮ রান। প্রোটিয়া বোলারদের বিরুদ্ধে স্নায়ুর চাপ তখন চরমে। তবে লক্ষ্যভেদে অসুবিধে হয়নি। মার্কো জানসেনের শর্ট বলে পুল করে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরির গণ্ডি পেরোন। ড্রেসিংরুমে তখন সতীর্থদের হাততালির ঝড়। আর লিটন? কোনও লাফঝাঁপ বা অতিরিক্ত উচ্ছ্বাস নয়, পকেট থেকে সেই ভাঁজ করা চিরকুট বের করে ক্যামেরার সামনে তুলে ধরেন নীরবে। আবেগঘন দৃশ্য মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ক্রিকেটীয় পরিসংখ্যানের বাইরেও একজন বাবার নিঃশব্দ ভালবাসা মন জয় করেছে গোটা বিশ্বের।
লিটন-হৃদয়ের অবিশ্বাস্য লড়াই
তবে এই সেঞ্চুরি কেবল আবেগ নয়, বাংলাদেশের (Bangladesh Cricket Team) জন্য এক বিশাল মাইলফলকও বটে। প্রথম দিন রাবাডার বোলিং তোপে যখন টপ অর্ডার বিপর্যস্ত, তখন সাত নম্বরে নেমে তৌহিদ হৃদয়ের সঙ্গে ২০৬ রানের এক অবিশ্বাস্য পার্টনারশিপ গড়েন লিটন। হৃদয় ১৩৭ রান করে প্রথম দিনের শেষ বলে আউট হলেও, দ্বিতীয় দিন ১৪টি বাউন্ডারি ও একটি ছক্কায় ১৭৯ বলে ১২০ রানের ঝলমলে ইনিংস খেলেন। তাঁর ব্যাটে ভর করেই প্রথম ইনিংসে ৪০০ রানের বিশাল স্কোর খাড়া করে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে ফর্ম হাতড়ে বেড়াচ্ছিলেন ৩২ বছরের তারকা ব্যাটার। আবুধাবিতে আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরির পর, এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নদের ঘরের মাঠে এই লড়াকু ইনিংস তাঁর জাত ফের চেনাল। যদিও স্কোরবোর্ডের ১২০ রান ছাপিয়ে ওয়ান্ডারার্সের (DP World Wanderers Stadium) বাইশ গজ থেকে মেয়ের জন্য পাঠানো বার্তা ক্রিকেট ইতিহাসে চিরস্থায়ী হয়ে রইল।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0