ডেটিং অ্যাপে প্রেম, বিয়ের টানে কানাডা থেকে রাজস্থানে মহিলা! বয়স শুনেই চম্পট দিলেন প্রেমিক

ডেটিং অ্যাপে আলাপ থেকে প্রেম। বিয়ের টানে সুদূর কানাডা থেকে রাজস্থানে ছুটে এলেন ৬১ বছরের বৃদ্ধা। কিন্তু বয়স শুনেই বেঁকে বসেন প্রেমিক।

Nov 16, 2026 - 16:14
ডেটিং অ্যাপে প্রেম, বিয়ের টানে কানাডা থেকে রাজস্থানে মহিলা! বয়স শুনেই চম্পট দিলেন প্রেমিক

ডেটিং অ্যাপে পরিচয়। সেখান থেকে প্রেম এবং শেষে বিয়ের প্রতিশ্রুতি। সেই টানেই সুদূর কানাডা থেকে সোজা রাজস্থানে ছুটে এসেছিলেন ৬১ বছরের এক বৃদ্ধা। কিন্তু প্রেমিক যখন দেখলেন তাঁর স্বপ্নের 'প্রেমিকা' আসলে ষাটোর্ধ্ব এক প্রবীণা, তখন রীতিমতো চক্ষু চড়কগাছ! বিয়ের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান। মাঝপথে প্রেমিকের এমন ভোলবদলে কার্যত অথৈ জলে পড়েন ওই বিদেশি (Canadian woman)। ভিনদেশে এসে এমন প্রতারণার মুখে পড়ে দিশেহারা অবস্থা। শেষমেশ দূতাবাসের হস্তক্ষেপে আসরে নামতে হল পুলিশকে।

কী ঘটেছিল?

হরিয়ানার পানিপথের বাসিন্দা নীতিন। পেশায় একটি বেসরকারি স্কুলের শিক্ষক। প্রায় বছরখানেক আগে একটি জনপ্রিয় ডেটিং অ্যাপের মাধ্যমে তাঁর সঙ্গে আলাপ হয় ওই কানাডিয়ান মহিলার। কথাবার্তা ক্রমশ গড়ায় প্রেমে। এরপর দু'জনেই বিয়েতে সম্মত হন। কথা অনুযায়ী, গত ১১ নভেম্বর ট্যুরিস্ট ভিসায় সোজা দিল্লিতে পা রাখেন ওই মহিলা। নীতিন নিজে গিয়ে তাঁকে বিমানবন্দর থেকে রিসিভ করেন। এরপর সোজা রাজস্থানের কোটপুতলি-বেহরোর জেলার নিমরানায়। সেখানে বিবি বিল্ডার্স সোসাইটিতে নীতিনের মামা-মামির ফ্ল্যাটে ওঠেন দু'জনে (Rajasthan Police)।

বয়স শুনেই ভোলবদল

প্রায় দিনদুয়েক ওই ফ্ল্যাটে একসঙ্গেই ছিলেন যুগল। কিন্তু বিয়ের আলোচনা একটু এগোতেই হঠাৎ ছন্দপতন। নীতিন আচমকা জানতে পারেন, তাঁর কানাডিয়ান 'প্রেমিকা'র বয়স আসলে ৬১ বছর! এটা জানার পরই সোজা বিয়েতে অসম্মতি জানান তিনি। এ নিয়ে শুরু হয় তুমুল বচসা। ভিনদেশে এসে বিপাকে পড়ে দিশেহারা হয়ে পড়েন ওই বৃদ্ধা। অগত্যা গত ১৩ নভেম্বর তিনি সোজা কানাডিয়ান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন। খুলে জানান গোটা বিষয়টি। দূতাবাস দ্রুত খবর দেয় নিমরানা থানায়।

পুলিশের পদক্ষেপ ও আইনি ব্যবস্থা

নিমরানা থানার আধিকারিক সুরেন্দ্র যাদব জানান, দূতাবাসের খবর পেয়েই ১৪ নভেম্বর ভোর চারটে নাগাদ ওই আবাসনে পৌঁছয় পুলিশ। যুগলকে থানায় আনা হয়। শান্তি বিঘ্নিত করার অভিযোগে প্রেমিক নীতিনকে (Nitin) হেফাজতে নেয় পুলিশ। পরে অবশ্য তিনি জামিনে ছাড়া পান। অন্যদিকে, ওই কানাডিয়ান মহিলোকে আপাতত কোটপুতলির একটি ডিটেনশন সেন্টারে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। দ্রুত তাঁকে নিরাপদে তাঁর দেশে ফেরানোর ব্যবস্থা করছে পুলিশ ও সংশ্লিষ্ট দূতাবাস। বয়সের গেরোয় প্রেমিকের এমন প্রত্যাখ্যান ঘিরে নেটমাধ্যমেও রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0