ফের আইনি জটিলতায় সোহম, ৬৮ লক্ষ টাকার প্রতারণায় থানায় লিখিত অভিযোগ
অভিযোগ, একটি ছবিতে বিনিয়োগের নামে বড় অঙ্কের টাকা নেওয়ার পর প্রতিশ্রুতি মতো সেই অর্থ বা লাভের অংশ ফেরত দেননি অভিনেতা। পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন ওই ব্যবসায়ী।
ফের আইনি জটিলতায় জড়ালেন টলিউড অভিনেতা সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে টালিগঞ্জের চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ, একটি ছবিতে বিনিয়োগের নামে বড় অঙ্কের টাকা নেওয়ার পর প্রতিশ্রুতি মতো সেই অর্থ বা লাভের অংশ ফেরত দেননি অভিনেতা। পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন ওই ব্যবসায়ী।
অভিযোগকারী ব্যবসায়ীর দাবি, ২০২১ সালে সোহম চক্রবর্তীর একটি ছবির জন্য তিনি ৬৮ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন। ছবিটির নাম প্রথমে ‘মানিকজোড়’ থাকলেও পরে তা বদলে ‘পাকা দেখা’ রাখা হয়। ছবিটি মুক্তির পর বাণিজ্যিকভাবে সফল হলেও, লাভের অংশ চাওয়ার পর থেকেই সোহম আর কোনও সাড়া দেননি বলে অভিযোগ।
ব্যবসায়ীর আরও দাবি, পরে তিনি জানতে পারেন ছবিটির স্যাটেলাইট স্বত্বও বিক্রি করা হয়েছে। কিন্তু সেই বাবদ প্রাপ্ত অর্থ থেকেও তাঁকে কোনও অংশ দেওয়া হয়নি। বারবার যোগাযোগ করেও নিজের প্রাপ্য টাকা ফেরত পাননি বলেই অভিযোগ করেছেন তিনি।
শুধু আর্থিক অনিয়ম নয়, ব্যবসায়ীর অভিযোগ অনুযায়ী, টাকা ফেরতের দাবি জানালে তাঁকে ভয় দেখানো এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। সেই কারণেই শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
যদিও এই বিষয় সোহমের বক্তব্য জানতে, দ্য ওয়াল অভিনেতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে কোনও উত্তর মেলেনি।
উল্লেখযোগ্য বিষয় হল, সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ এই প্রথম নয়। চলতি বছরের জুন মাসেও আর এক ব্যবসায়ী তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছিলেন। অভিযোগ ছিল, সোহম এন্টারটেইনমেন্ট-এ বিনিয়োগের জন্য ওই ব্যবসায়ীর কাছ থেকে ১ কোটি ৫ লক্ষ টাকা নেওয়া হয়। একটি সিনেমা তৈরির কথা থাকলেও পরে সেই ছবি আর তৈরি হয়নি এবং সোহমও তাতে অভিনয় করেননি বলে দাবি অভিযোগকারীর। সেই অর্থও ফেরত দেওয়া হয়নি বলেও অভিযোগ ওঠে।
এবার নতুন অভিযোগ সামনে আসায় অভিনেতাকে ঘিরে ফের শুরু হয়েছে জোর চর্চা। যদিও এই অভিযোগগুলির বিষয়ে সোহম চক্রবর্তীর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)