‘বেহিসেবি বাচ্চার মতো হৃদয়’, ভেতরের ক্ষোভ উগরে দেওয়ার টোটকা দিলেন চন্দ্রিল

কখন হৃদপিণ্ড আর হৃদয় এক হয়ে যায়, আবার কখন তারা পরস্পরের বিপরীতে দাঁড়ায়— রসিকতার ছলে সেই দ্বন্দ্বই তুলে ধরেন চন্দ্রিল। অঙ্কের পরীক্ষা, প্রিয় আইকনের সামনে সেলফি কিংবা সিনেমার দৃশ্যে অপমানিত হয়ে বুক চেপে বসার মতো মুহূর্তে হৃদয় ও হৃদপিণ্ড যেন একাকার হয়ে যায়। চন্দ্রিলের চোখে হৃদয় এক অত্যন্ত দামাল ও বেহিসেবি বাচ্চা— যা সমাজ, সংস্কার বা সভ্যতার তোয়াক্কা না করে শুধু চেয়ে চলে, আর না পেলেই পা ছড়িয়ে কান্নাকাটি জুড়ে দেয়।

Nov 28, 2026 - 17:27
‘বেহিসেবি বাচ্চার মতো হৃদয়’, ভেতরের ক্ষোভ উগরে দেওয়ার টোটকা দিলেন চন্দ্রিল

‘দ্য ওয়াল আরোগ্য’ আয়োজিত ‘হার্ট ভালো রাখার আর্ট সিজন ২’ অনুষ্ঠানে রসিকতা ও তীক্ষ্ণ বাস্তববোধের মিশেলে এক ভিন্ন স্বরের বক্তব্য পেশ করলেন গায়ক ও গীতিকার চন্দ্রিল ভট্টাচার্য। শুরুতেই তিনি স্পষ্ট করে দেন, তাঁর বক্তব্য হৃদপিণ্ড নিয়ে নয়— বরং হৃদয় নিয়ে; কারণ হৃদপিণ্ডের শারীরবৃত্তীয় জটিলতা সম্পর্কে তাঁর ধারণা নেই, উপরন্তু হৃদপিণ্ডের অসুখের কথা শুনতে শুনতে ইতিমধ্যেই বেশ টেনশন তৈরি হয়েছে। তাঁর মতে, হৃদপিণ্ড ও সমুদ্রকে যেমন ভগবান এক মুহূর্তও বিশ্রাম না নেওয়ার কঠিন চাকরি দিয়েছেন, তেমনই হৃদপিণ্ড আর হৃদয় এক জিনিস নয়।

হৃদপিণ্ড, মস্তিষ্ক ও হৃদয়ের জটিল সমীকরণ

কখন হৃদপিণ্ড আর হৃদয় এক হয়ে যায়, আবার কখন তারা পরস্পরের বিপরীতে দাঁড়ায়— রসিকতার ছলে সেই দ্বন্দ্বই তুলে ধরেন চন্দ্রিল। অঙ্কের পরীক্ষা, প্রিয় আইকনের সামনে সেলফি কিংবা সিনেমার দৃশ্যে অপমানিত হয়ে বুক চেপে বসার মতো মুহূর্তে হৃদয় ও হৃদপিণ্ড যেন একাকার হয়ে যায়। আবার শীতের সকালে রোদে পিঠ দিয়ে একটু ঢুলতে চাওয়া বা পাড়ার ক্লাবে ক্যারাম খেলার ইচ্ছার মতো হাজারো আকাঙ্ক্ষার কথা বলতে গিয়ে চন্দ্রিল কটাক্ষ করেন কবি ও মনচিকিৎসকদের— তাঁর মতে, কবিদের একবগ্গা ‘প্রেম-ফোকাস’ আর মনচিকিৎসকদের ‘হয় হয় জানতে পারো না’ ধাঁচের ট্রমা-তত্ত্ব হৃদয়ের স্বাভাবিক প্রবৃত্তিকে জটিল করে তোলে।

চন্দ্রিলের চোখে হৃদয় এক অত্যন্ত দামাল ও বেহিসেবি বাচ্চা— যা সমাজ, সংস্কার বা সভ্যতার তোয়াক্কা না করে শুধু চেয়ে চলে, আর না পেলেই পা ছড়িয়ে কান্নাকাটি জুড়ে দেয়। অতীতের আফসোস আর ভবিষ্যতের দুশ্চিন্তায় জর্জরিত মানুষের হৃদয় যে অনেক সময়ই ‘বাই ডিফল্ট’ বিষাদের দিকে ঝুঁকে থাকে, তা-ও অকপটে স্বীকার করেন তিনি।

‘পলায়ন নয়, আকাঙ্ক্ষা ও বর্তমানকে ডিঙোনোর নামই হৃদয়’

হৃদয় ভালো রাখার নামে চাহিদা ছেঁটে ফেলা বা নিষ্ক্রিয় হয়ে যাওয়ার ‘টোটকা’-কে ‘পালিয়ে বাঁচা’ বলে অভিহিত করেন চন্দ্রিল। মোল্লা নাসিরুদ্দিনের গল্প কিংবা বিরাট কোহলির ফর্ম হারানোর উদাহরণ টেনে তিনি বলেন, আকাঙ্ক্ষাই মানুষের চালিকাশক্তি, নোভাক জকোভিচের গ্র্যান্ড স্ল্যাম জয়ের খিদে বা মহাকাশ ও এআই নিয়ে মানুষের কৌতূহল সেই আকাঙ্ক্ষারই ফসল।
একইভাবে, ‘শুধু এই মুহূর্তে থাকো’— বর্তমানকালের লাইফ কোচদের এই দাওয়াই নিয়েও প্রশ্ন তোলেন চন্দ্রিল। তাঁর যুক্তি, মানুষের হৃদয়ের সবচেয়ে বড় জোর ও দুর্বলতা হলো তাৎক্ষণিক বাস্তব ও সময়ের চৌহদ্দি ডিঙিয়ে যাওয়ার ক্ষমতা, যার জোরে নির্জন কারাগারে বসেও কেউ বসন্তের বিকেলে হারিয়ে যেতে পারে, আবার আলিঙ্গনে আবদ্ধ থেকেও ভেতরে গুমরে কাঁদতে পারে। ভালো মানুষ হওয়া আর সুখী মানুষ হওয়া যে এক নয়, সে কথাও মনে করিয়ে দেন তিনি।

ভেতরের গরল উগরে দেওয়ার দাওয়াই

অপ্রাপ্তি, রাগ ও কান্না গিলে চলতে চলতে মানুষের ভেতরে যে চাপ তৈরি হয়, তা সামলাতে একান্ত নিজস্ব ‘মি-টাইম’ তৈরির পরামর্শ দেন চন্দ্রিল। তাঁর দাওয়াই বেশ অভিনব ও রসিকতায় মোড়া।

‘যোগা করব’ বলে ঘরের দরজা বন্ধ করে ৪৫ মিনিটের নিজস্ব সময় বের করা।

কৃতজ্ঞতার তালিকা না লিখে, যাঁদের ওপর রাগ জমেছে তাঁদের নাম লিখে খবরের কাগজ ছেঁড়া এবং সভ্যতার তোয়াক্কা না করে মনের যাবতীয় ক্ষোভ উগরে দেওয়া।

বিদেশের ‘রেজ রুম’ বা ‘স্ম্যাশ রুম’-এর প্রসঙ্গ টেনে চন্দ্রিল মজার ছলে জানান, পশ্চিমবঙ্গ বা কলকাতায় এমন ঘর বানালে সাউন্ডপ্রুফ না হওয়া বা রাজনৈতিক স্লোগানের জেরে উল্টো বিপদের আশঙ্কা থাকতেই পারে; তাই নিজের রাগ ও বিষ ভেতরে জমিয়ে না রেখে নিয়ন্ত্রিতভাবে বের করে দেওয়াই বুদ্ধিমানের কাজ, যাতে অটোওয়ালার সঙ্গে অকারণ ঝগড়া না বাধে।

সবশেষে, নিজের চেয়ে খারাপ থাকা মানুষের দিকে তাকিয়ে ‘যাক, আমি ভালো আছি’ ভেবে স্বস্তি খোঁজার প্রবণতা নিয়েও সতর্ক করেন চন্দ্রিল— কারণ এতে দরদের বদলে এক ধরনের আত্মসন্তুষ্টি তৈরি হয়, যা হৃদয়ের সত্যিকারের সুস্থতার পথ নয়।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0