‘৮৫০ আসন গণতন্ত্রের বিপদ-সংখ্যা, মহিলা সংরক্ষণকে অজুহাত করা হচ্ছে’, জেন-জিকে সতর্কবার্তা রাহুলের

কেন্দ্রের প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল (Delimitation Bill) নিয়ে শনিবার নতুন করে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। ‘ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়’-এর মতো কোনও অহেতুক ভয় নয়, বরং আসন্ন বিপদ আঁচ করে গণতন্ত্র বাঁচাতে যে কোনও মূল্যে রুখে দাঁড়ানোর প্রত্যয়ই ব্যক্ত করেছেন বিরোধী দলনেতা।

Nov 28, 2026 - 19:00
‘৮৫০ আসন গণতন্ত্রের বিপদ-সংখ্যা, মহিলা সংরক্ষণকে অজুহাত করা হচ্ছে’, জেন-জিকে সতর্কবার্তা রাহুলের

কেন্দ্রের প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল (Delimitation Bill) নিয়ে শনিবার নতুন করে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। ‘ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়’-এর মতো কোনও অহেতুক ভয় নয়, বরং আসন্ন বিপদ আঁচ করে গণতন্ত্র বাঁচাতে যে কোনও মূল্যে রুখে দাঁড়ানোর প্রত্যয়ই ব্যক্ত করেছেন বিরোধী দলনেতা। তাঁর অভিযোগ, লোকসভার আসনসংখ্যা বাড়িয়ে ৮৫০ করার পরিকল্পনা আসলে ভারতের রাজনৈতিক মানচিত্র নতুন করে সাজিয়ে ক্ষমতা ধরে রাখার এক রাজনৈতিক চাল। দিল্লিতে সাংবাদিক বৈঠকে রাহুল দাবি করেন, আসন পুনর্বিন্যাসকে এগিয়ে নিয়ে যেতেই মহিলা সংরক্ষণকে অজুহাত হিসেবে খাড়া করা হচ্ছে। তাঁর যুক্তি, মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ ইতিমধ্যেই সংসদে পাশ হয়েছে এবং লোকসভার বর্তমান আসনসংখ্যার মধ্যেই তা চালু করা সম্ভব।

‘নির্বাচন চুরি’ ও জেন-জি-কে সতর্কবার্তা

সাংবাদিক বৈঠকে বিজেপির বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগও তোলেন রাহুল। তাঁর দাবি, বিরোধীরা শাসকদলের কথিত নির্বাচনী কারসাজি সামনে আনার পর এ বার নজরদারি এড়াতে নতুন কৌশল খুঁজছে বিজেপি। রাহুলের কথায়, কংগ্রেসের সমীক্ষায় উঠে এসেছে যে ৮০ শতাংশ ভারতীয় এবং ‘জেন-জি’ (Gen Z) প্রজন্মের ১০০ শতাংশ উত্তরদাতা মনে করেন দেশে নির্বাচন চুরি হচ্ছে। বিজেপির বিরুদ্ধে কথিত নির্বাচনী কারচুপির প্রমাণ নিয়ে কংগ্রেস ইতিমধ্যেই একাধিক সাংবাদিক বৈঠক করেছে বলেও জানান তিনি।

অসম, বিহার ও জম্মু ও কাশ্মীরের আসন পুনর্বিন্যাস প্রক্রিয়ার উদাহরণ টেনে রাহুল বলেন, এই আইন এলে দেশের রাজনৈতিক ছবি বদলে দেওয়ার সুযোগ পাবে বিজেপি। ‘জেন-জি’ প্রজন্মের উদ্দেশে তাঁর আহ্বান, লোকসভার প্রস্তাবিত ৮৫০ আসনের সংখ্যাটি যেন তাঁরা মনে রাখেন, কারণ রাহুলের মতে, এই সংখ্যা গণতন্ত্রের বড় বিপদ-সংখ্যা।

জাতিগণনা এড়ানোর ছক ও ২০৫১ পর্যন্ত আসন স্থির রাখার অভিযোগ

প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস বিলের আড়ালে জাতিগণনাকে সরিয়ে রাখার অভিযোগও তোলেন লোকসভার বিরোধী দলনেতা। তাঁর দাবি, ২০১১ সালের জনগণনার তথ্য ব্যবহার করে নির্বাচনী কেন্দ্র পুনর্গঠন করা এবং সেই আসন বণ্টন ২০৫১ সাল পর্যন্ত স্থির বা ফ্রিজ করে রাখার পরিকল্পনা রয়েছে সরকারের। এর ফলে তফসিলি জাতি (এসসি), তফসিলি উপজাতি (এসটি), অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি) এবং সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব দুর্বল হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

রাহুলের কথায়, “জাতিগণনাকে একপাশে সরিয়ে রাখা হয়েছে এবং ২০২৭ সালের জনগণনাকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হয়েছে।” তাঁর অভিযোগ, জাতিগণনার এমন তথ্য সামনে আসতে পারে যা রাজনৈতিকভাবে বিজেপির কাছে অস্বস্তিকর। সেই কারণেই তা এড়াতে চাইছে শাসকদল। রাহুল জানান, এসসি ও এসটি-দের জনসংখ্যার হার বদলালেও তাঁদের জন্য সংরক্ষিত আসনের ভাগ স্থিরই থেকে যাবে।

‘ইভিএম দখল, একনায়কতন্ত্র হতে দেব না’

ভোটপ্রক্রিয়া ও নির্বাচনী কাঠামো নিয়ে কড়া ভাষায় আক্রমণ শানিয়ে রাহুল বলেন, “ওরা ইভিএম দখল করেছে, ভোটপ্রক্রিয়া দখল করেছে। এ বার পুরো কেন্দ্র কাঠামোটাই ধ্বংস করতে চাইছে। আমরা বিজেপি-কে এই দেশকে একনায়কতন্ত্রে পরিণত করতে দেব না। তা হতে দেওয়া হবে না।”

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0