ভারতীয় ড্রেসিংরুমে ফের সেহওয়াগ-দ্রাবিড় জুটি, অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেলেন আর্যবীর ও অন্বয়

অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলে সুযোগ পেলেন বীরেন্দ্র সেহওয়াগ এবং রাহুল দ্রাবিড়ের ছেলে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দলে সুযোগ পেলেন আর্যবীর সেহওয়াগ এবং অন্বয় দ্রাবিড়।

Aug 27, 2026 - 14:16
0 0
ভারতীয় ড্রেসিংরুমে ফের সেহওয়াগ-দ্রাবিড় জুটি, অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেলেন আর্যবীর ও অন্বয়

ফের একবার একই ড্রেসিংরুমে একসঙ্গে দেখা যাবে সেহওয়াগ ও দ্রাবিড়কে!

না, বীরেন্দ্র সেহওয়াগ ও রাহুল দ্রাবিড় নন, তাঁদের দুই ছেলে এবার কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নামবেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন অনূর্ধ্ব-১৯ সিরিজের (Australia U19 Series) জন্য ভারতীয় দলে ডাক পেলেন বীরু-পুত্র আর্যবীর সেহওয়াগ এবং রাহুলের ছেলে অন্বয় দ্রাবিড়। দেশের দুই কিংবদন্তি ক্রিকেটারের পরের প্রজন্ম এবার একসঙ্গে জাতীয় যুব দলে প্রতিনিধিত্ব করতে চলেছেন।

ওয়ানডে দলে আর্যবীর ও অন্বয়

আসন্ন সিরিজের জন্য বিসিসিআইয়ের (BCCI) জুনিয়র সিলেকশন কমিটি দল ঘোষণা করেছে। সেখানে ১৫ সদস্যের ওয়ানডে দলে জায়গা পেয়েছেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগের ছেলে আর্যবীর। অন্যদিকে, প্রাক্তন অধিনায়ক ও হেডকোচ রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয় রয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে (India U19 Squad)। তবে, দু'জনেই শুধুমাত্র একদিনের সিরিজের দলে; লাল বলের মাল্টি-ডে ফিক্সচারের দলে তাঁদের কাউকেই রাখা হয়নি।

সম্প্রতি দিল্লি প্রিমিয়ার লিগে (DPL) ওয়েস্ট দিল্লি লায়ন্সের হয়ে নজর কাড়েন ডানহাতি ব্যাটার আর্যবীর। ২০২৪ সালের কোচবিহার ট্রফিতে মেঘালয়ের বিরুদ্ধে তাঁর ২৯৭ রানের ইনিংস আলোড়ন ফেলেছিল। অন্যদিকে, অন্বয় দ্রাবিড় গত জুলাই মাসে শ্রীলঙ্কা সফরেও ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের অংশ ছিলেন।

অধিনায়কের দায়িত্বে কারা?

অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ম্যাচ এবং দু'টি মাল্টি-ডে ম্যাচ খেলবে ভারত। একদিনের সিরিজের দলটিকে নেতৃত্ব দেবেন উত্তরাখণ্ডের ব্যাটার লক্ষ্য রাইচন্দানি। তাঁর ডেপুটি হিসেবে থাকবেন মধ্যপ্রদেশের ব্যাটার যশবর্ধন চৌহান। তবে লাল বলের সিরিজের জন্য এই ভূমিকা অদলবদল হবে। সেখানে যশবর্ধন চৌহান দলকে নেতৃত্ব দেবেন এবং লক্ষ্য রাইচন্দানি থাকবেন সহ-অধিনায়কের দায়িত্বে।

সিরিজের সূচি ও ভেন্যু

আগামী ১৯ সেপ্টেম্বর রাজকোটে শুরু প্রথম ওয়ানডে ম্যাচ (Cricket News)। এরপর ২১ এবং ২৩ সেপ্টেম্বর একই ভেন্যুতে সিরিজের বাকি দুটি লড়াই। একদিনের সিরিজ শেষ হওয়ার পর লাল বলের লড়াই আরম্ভ ২৭ সেপ্টেম্বর থেকে। প্রথম মাল্টি-ডে ম্যাচটিও খেলা হবে রাজকোটে। আর ৫ অক্টোবর থেকে দ্বিতীয় তথা শেষ মাল্টি-ডে ম্যাচটির আসর বসবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের 'বি' গ্রাউন্ডে।

এক নজরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড:

ওয়ানডে স্কোয়াড: লক্ষ্য রাইচন্দানি (অধিনায়ক), যশবর্ধন চৌহান (সহ-অধিনায়ক), রজত বাঘেল (উইকেটরক্ষক), আর্যবীর সেহওয়াগ, ভি. কে. বিনীত, কুশাগ্র ওঝা, অর্জুন রাজপুত, মনন চৌহান, অন্বয় দ্রাবিড় (উইকেটরক্ষক), ভি. যশবীর, রোহিত যাদব, শাভিন বিনোদ, মোহিত উলভা, চিগুরূপতি ভেঙ্কট, কাব্য প্যাটেল।

মাল্টি-ডে স্কোয়াড: যশবর্ধন চৌহান (অধিনায়ক), লক্ষ্য রাইচন্দানি (সহ-অধিনায়ক), সাগর ভির্ক, কুশাগ্র ওঝা, মনন চৌহান, কুশ প্যাটেল, মানব কৃষ্ণা (উইকেটরক্ষক), অভিপ্রায় বিশ্বাস (উইকেটরক্ষক), রোহিত যাদব, ঈশান ওম, আয়ান আক্রম, প্রণব রাঘবেন্দ্র, প্রিয়াংশু সিং, মোহিত উলভা, আর্যন যাদব।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User