ভোট বিপর্যয়ের পর প্রথম জেলা সফর মমতার! শ্রীরামপুরে মিছিল ঘিরে তরজা, হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল

আগামী ১১ সেপ্টেম্বর হুগলির মাহেশ থেকে শ্রীরামপুর কোর্ট পর্যন্ত প্রতিবাদ মিছিল করতে চায় জেলা তৃণমূল। বিধানসভা ভোটে হারের পর কলকাতার বাইরে এটিই প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রথম কর্মসূচি। প্রশাসন অনুমতি না দেওয়ায় চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে হাইকোর্টে মামলা করা হয়েছে, যার শুনানি হতে চলেছে চলতি সপ্তাহে।

Sep 08, 2026 - 13:25
0 0
ভোট বিপর্যয়ের পর প্রথম জেলা সফর মমতার! শ্রীরামপুরে মিছিল ঘিরে তরজা, হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল

নির্বাচনে দলের ভরাডুবির পর প্রথমবার কলকাতার বাইরে কোনও রাজনৈতিক কর্মসূচিতে পা মেলাতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ১১ সেপ্টেম্বর হুগলির শ্রীরামপুরে পুলিশি নিষ্ক্রিয়তা ও বিজেপির অত্যাচারের বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে হুগলী জেলা তৃণমূল কংগ্রেস। তবে এই কর্মসূচি ঘিরে তীব্র রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে, কারণ এখনও পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে এই মিছিলের কোনও আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয়নি। আর সেই কারণেই পুলিশের অনুমতি না পাওয়ার জেরে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন এবং চলতি সপ্তাহেই শুনানির জোরালো সম্ভাবনা রয়েছে।

হুগলি জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আগামী ১১ সেপ্টেম্বর ঐতিহাসিক মাহেশ থেকে শ্রীরামপুর কোর্ট পর্যন্ত এই প্রতিবাদ মিছিল হওয়ার কথা রয়েছে। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর এই প্রথমবার কলকাতার বাইরে কোনও রাস্তায় মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সরকার গঠনের পরে সাধারণত তিনি ফেসবুক লাইভের মাধ্যমেই নিজের রাজনৈতিক বার্তা পৌঁছে দিচ্ছেন সাধারণ মানুষের কাছে। তবে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির পর তিনি বেশ কিছু নির্দিষ্ট দিনে মঞ্চেও ফিরেছেন। এর আগে একুশে জুলাইয়ের শহিদ সমাবেশ এবং তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসের মঞ্চে তাঁকে দলের কর্মী ও সমর্থকদের মনোবল বাড়াতে বার্তা দিতে দেখা গিয়েছে। এবার সরাসরি রাজপথে নেমে জনসমর্থন টানার কৌশল নিয়েছেন তিনি।

তবে এই কর্মসূচিকে কেন্দ্র করে আইনি ও রাজনৈতিক লড়াই শুরু হয়েছে। মিছিলের অনুমতি মেলেনি কেন, সেই প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হন চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। উল্লেখ্য, এই অসিত মজুমদারের বিরুদ্ধে অতীতে একাধিক গুরুতর অভিযোগ উঠেছিল। গত ৩১ মে তোলাবাজি, শ্লীলতাহানি এবং পুলিশের কাজে বাধার সুনির্দিষ্ট অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। আইনি লড়াইয়ের পর জেলমুক্তির ১৯ দিন কাটতে না কাটতেই তাঁকে ফের গ্রেফতার করা হয়। এমনকি একুশে জুলাইয়ের সমাবেশে যোগ দেওয়ার ঠিক আগেই পুলিশের হাতে আটক হতে হয়েছিল এই প্রভাবশালী নেতাকে। সেই অসিত মজুমদারের নেতৃত্বেই এখন হাইকোর্টে আইনি লড়াই চলছে মমতার এই মিছিলের অনুমতির জন্য।

অন্যদিকে, তৃণমূলের এই কর্মসূচি ও আইনি পদক্ষেপ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী শিবির। রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য এই প্রসঙ্গে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল করতেই পারেন। এখন আদালতের ১০ তারিখের শুনানির দিকেই তাকিয়ে রয়েছে তৃণমূল শিবির। আদালতের রায়ের ওপর নির্ভর করছে ১১ সেপ্টেম্বরের শ্রীরামপুরের মিছিলের ভাগ্য এবং ভোট বিপর্যয়ের পর মমতার এই প্রথম জনমুখী জেলা কর্মসূচি বাস্তবায়িত হবে কি না।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User