রেলের ভূত বাংলো থেকে ‘হেলিকপ্টার শটে’র জন্ম! খড়গপুরের অলিগলিতে আজও ছড়িয়ে ‘ধোনি-নামা’
খড়গপুরে মহেন্দ্র সিং ধোনির জীবনের অজানা পাতা। কীভাবে রেলের ভূত বাংলো থেকে শুরু হয়েছিল এক অখ্যাত টিটির ভারত অধিনায়ক হওয়ার সফর? রইল সেই সব স্মৃতি।
খড়গপুর স্টেশন বললেই দু'টো ছবি চোখের সামনে ভাসে। এক, লম্বা প্ল্যাটফর্ম পেরিয়ে আইআইটি-র পড়ুয়াদের আনাগোনা।
আর দুই, বদলি হয়ে আসা রেলকর্মীদের ভিড়।
কিন্তু এর বাইরেও খড়গপুরের একটা তৃতীয় পরিচয় আছে। এই শহর মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) 'প্রথম যৌবনের আস্তানা'। ২০২৬ সালে দাঁড়িয়ে আজও খড়গপুরের আনাচকানাচে কান পাতলে শোনা যায়, কীভাবে রেলের এক অখ্যাত টিটি থেকে বিশ্বের সেরা ফিনিশার হয়ে উঠেছিলেন মাহি।
শহরের দুর্গা মন্দির পেরিয়ে গোলখুলির দিকে এগোলেই চোখে পড়বে সোমা ক্যাটারিং অ্যান্ড ডেকোরেশন। যা স্থানীয়দের কাছে 'দুর্গা স্পোর্টিং' বা আরও ভাল করে বললে 'ধোনিওয়ালা ক্লাব'। এক কালের টেনিস বল ক্রিকেটের হিরো ধোনির উত্থান তো এখান থেকেই! ক্লাবের ঘরে বসে আজও স্মৃতির পাতা উল্টোন সোমা। একসময় ক্লাবের উইকেটকিপার ছিলেন। সোমার কথায়, 'ধোনি তখন সাউথ ইস্টার্ন রেলওয়েতে কাজ করে। আমাকে এসে বলল, ফাঁকা কোয়ার্টারে আর ভাল লাগছে না। যেন ভূত বাংলো! তখন আমি ওর জন্য একটা ঘর দেখে দিই। তবে একটাই শর্ত ছিল, আমাদের ক্লাবের হয়ে খেলতে হবে।'
সেই শুরু। আর পিছন ফিরে তাকাতে হয়নি। সোমা জানালেন, একবার জাজপুরে খেলতে গিয়ে পিচের ঘাস দেখে কেউ নামতে চাইছিল না। ধোনি নিজে দায়িত্ব নিয়ে বলেছিল, একটাও বল মাটিতে খেলা যাবে না। একাই সে দিন ম্যাচ জিতিয়েছিল।
আরেকবার দলের স্কোর ছিল মাত্র ৩০। খারাপ আম্পায়ারিংয়ের জেরে সবাই যখন ম্যাচ ছাড়তে উদ্যত, তখন ধোনির হুঙ্কার, 'আমরা লড়ব!' সে দিন বল হাতে আগুন ঝরান মাহি। ম্যাচ টাই হয়েছিল, শেষে কয়েন টসে কিন্তু জিতেছিল দুর্গা স্পোর্টিং-ই।
সোমার মুখে লাজুক হাসি। জানালেন, 'আমিই কিন্তু ধোনির একটি বিশেষ শটের গুরু!'
কোন শট?
সোমা ফিসফিস করে বলে ওঠেন, 'হেলিকপ্টার শট (Dhoni Helicopter shot)! লেগ-সাইড ছোট থাকায় আমি ওই শট মারতাম। আর ধোনি সেটা খুব সহজেই শিখে নিয়েছিল।'
খড়গপুরে ধোনির আরেক ঠিকানা সারসা স্টেডিয়াম। ওই ভূত বাংলোর ঘরটা এখন আস্ত 'এমএস ধোনি মিউজিয়াম'। সেখানে সযত্নে রাখা আছে তাঁর প্যাড, গ্লাভস আর পুরোনো ছবি। স্টেডিয়ামের পাশেই থমাস টি স্টল। বাকশক্তিহীন থমাসের দোকানের দেওয়ালে আজও ঝুলছে ধোনির সঙ্গে তোলা ছবি। বন্ধুদের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা মারার স্মৃতি আজও অমলিন।
আড্ডার পাশাপাশি অনুশীলনেও কোনও খামতি ছিল না। ধোনির রুটিন থেকে ঘণ্টার পর ঘণ্টা জিমে ঘাম ঝরানো, ফুটবল নিয়ে দৌড়োনো কিচ্ছু বাদ যেত না। ২০০৩ সালের শেষদিকে রেলের চাকরি ছেড়ে জাতীয় দলের দিকে পা বাড়ান (Kharagpur Railway Station)। বিদায় জানান খড়গপুরকে। কিন্তু আজও খড়গপুরের লম্বা প্ল্যাটফর্মে যখন কেউ পা রাখেন, তখন আইআইটি বা রেলের পাশাপাশি মাথায় ভেসে ওঠে তরুণ ধোনির মুখ!
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0