দলেই এসআইআর চাইলেন নন্দীগ্রামের বিজেপি নেতা! পদ্মশিবিরে নতুন ‘প্রলয়’?

বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রলয় পাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মন্তব্য করেছেন যে, দলের অন্দরেই এখন এসআইআর (SIR) করা প্রয়োজন। তাঁর অভিযোগ, একসময়ের চোরেরা রাতারাতি দলবদল করে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিচ্ছে এবং এর ফলে বছরের পর বছর ধরে দল করা পুরোনো কর্মীরা পিছিয়ে পড়ছেন। স্বপন দাশগুপ্ত ও শমীক ভট্টাচার্যের মন্তব্যের সুরেই তিনি দলের অভ্যন্তরীণ শুদ্ধিকরণের জোরালো দাবি তুলেছেন।

Nov 17, 2026 - 18:31
দলেই এসআইআর চাইলেন নন্দীগ্রামের বিজেপি নেতা! পদ্মশিবিরে নতুন ‘প্রলয়’?

‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়ে রাতারাতি দলে যোগ দেওয়া এবং পুরনো কর্মীদের ব্রাত্য করে রাখার প্রবণতা নিয়ে এবার দলের অন্দরেই তীব্র অসন্তোষ প্রকাশ করলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রলয় পাল। শুধু তাই নয়, সরাসরি সুর চড়িয়ে তিনি মন্তব্য করেছেন, দলের অন্দরেই এখন এসআইআর (SIR) করা প্রয়োজন। তাঁর দাবি, চোররা তৃণমূল ছেড়ে দলে দলে বিজেপিতে যোগ দিচ্ছে। 

সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট করে তিনি লেখেন, “চোরেরা কনভার্ট হচ্ছে - জয়বাংলা ছেড়ে জয় শ্রীরামে। দ্রুত SIR প্রয়োজন দলেই।” ‘দ্য ওয়াল’-এর তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আরও স্পষ্ট করে বলেন, “আমার জেলা রাজ্য বা দেশের বাইরে নয়। রাজ্যে যা হচ্ছে, আমার এখানেও তাই হচ্ছে। রাতারাতি চোরেরা ‘জয় শ্রী রাম’ বলছে আর দলবদল করছে।” প্রলয়ের দাবি, একা তিনি নন, এই একই কথা এর আগে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, স্বপন দাশগুপ্ত এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও বলেছেন। কিন্তু তারপরেও আদতে পরিস্থিতি বদলাচ্ছে না। তৃণমূল স্তর থেকে বছরের পর বছর ধরে রক্তজল করে যারা দলটা করছে, তাঁরা আজ পিছনের সারিতে চলে যাচ্ছেন বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। রত্না দেবনাথের মতো বিধায়কের মন্তব্যের প্রসঙ্গ টেনে তাঁর প্রশ্ন, “সংগঠন করছেটা কি?”

উল্লেখ্য, দলীয় স্তরে দুর্নীতি ও তোলাবাজি নিয়ে এর আগেও সরব হয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি সম্প্রতি মন্তব্য করেন, “তোলাবাজি এখানে চলছে। এটা সত্যি কথা। যতদিন এটা বন্ধ না-হবে ততদিন পুরোপুরি মানুষের আস্থা ফেরত আসবে না।” নিজের বিধানসভা কেন্দ্র রাসবিহারীতে এই সংস্কৃতি বন্ধ করার ব্যক্তিগত লড়াইয়ের কথা বললেও, মানুষের অভ্যাসে পরিণত হওয়া এই ‘নিউ নর্মাল’ সংস্কৃতির কড়া সমালোচনা করেছিলেন তিনি। অন্যদিকে, দমদমের এক কর্মসূচিতে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে, দলের পতাকা বা রঙকে যারা কলুষিত করতে চাইছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে থানায় এফআইআর করার কথাও বলতে শোনা গিয়েছিল তাঁকে।

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রলয় পালের একটি ফোনালাপের অডিও ভাইরাল হয়। তবে ছাব্বিশের ভোটের জেতার পরেই দলের নীতি, শুদ্ধিকরণ এবং নবাগত বনাম পুরনো কর্মীদের দ্বন্দ্ব নিয়ে তমলুকের নেতার এই প্রকাশ্য মন্তব্য যে বঙ্গ বিজেপির অন্দরে নতুন করে অস্বস্তি বাড়াল, তা বলাই বাহুল্য।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0