দুই চাকার বন্ধুকে সঙ্গী করে জগদ্ধাত্রী দর্শনে ফরাসি বধূ, চন্দননগরে উৎসবে মজলেন নেলিনা

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে ফরাসি ইতিহাসের নানা স্মৃতি ও ঐতিহ্য। কথিত আছে, এক সময় ফরাসিরা ঘোড়ার পিঠে চেপে প্রতিমা দর্শন করতেন। আবার বাজি ও আলোকসজ্জার প্রতি তাঁদের আগ্রহের সঙ্গে চন্দননগরের আলোর ঐতিহ্যের সম্পর্কের কথাও শোনা যায়। দেশ আলাদা, ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা। কিন্তু উৎসবের আনন্দ যে সমস্ত দূরত্ব মুছে দিতে পারে, নেলিনার জগদ্ধাত্রী দর্শন যেন তারই এক উজ্জ্বল উদাহরণ।

Nov 17, 2026 - 16:31
দুই চাকার বন্ধুকে সঙ্গী করে জগদ্ধাত্রী দর্শনে ফরাসি বধূ, চন্দননগরে উৎসবে মজলেন নেলিনা

আলোর রোশনাই, বিশালাকার প্রতিমা আর উৎসবের উন্মাদনায় মেতে উঠেছে ফরাসডাঙা চন্দননগর। জগদ্ধাত্রী পুজোর টানে দেশ-বিদেশের অসংখ্য মানুষের ভিড় জমেছে শহরে। সেই ভিড়েই নজর কাড়ছেন  ফরাসি বধূ নেলিনা। দুই চাকার সাইকেলকে সঙ্গী করে চন্দননগরের এ মাথা থেকে ও মাথা চষে ফেলছেন তিনি। একের পর এক পুজো মণ্ডপে প্রতিমা দর্শন চলছে।

চন্দননগরের কাছারি ঘাটের মণ্ডল বাড়ির বধূ তিনি। ১৯৮৯ সালে বিয়ের পর থেকে পাকাপাকিভাবে এই শহরেই বসবাস করছেন নেলিনা। সেই সময় থেকেই তিনি পরিচিত শহরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর সঙ্গে। বছরের পর বছর ধরে পুজো দেখলেও উৎসবের প্রতি তাঁর আকর্ষণ এতটুকুও কমেনি।

সপ্তমীর সন্ধ্যায় সাইকেল নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলেন। মানকুন্ডু, সুরের পুকুর, চাঁপাতলা, কুণ্ডঘাট, আদিমা হয়ে পৌঁছে যান বাগবাজারে। একের পর এক মণ্ডপে ঘুরে দেখেন দেবী জগদ্ধাত্রীর রূপ। মোবাইলে বন্দি করেন প্রতিমার ছবি। উপভোগ করেন আলোকসজ্জা ও পুজোর বর্ণাঢ্য আয়োজন।

নেলিনা বললেন, "১৯৮৯ সাল থেকে চন্দননগরে রয়েছি। তখন থেকেই জগদ্ধাত্রী পুজো দেখছি। চন্দননগরের পুজো অসাধারণ। এত রং এই পুজোর। আমার দু'চাকার বন্ধুকে নিয়ে ঘুরে দেখছি। প্রতিবছর দেখি। আর প্রতিবছরই নতুন লাগে।"  

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে ফরাসি ইতিহাসের নানা স্মৃতি ও ঐতিহ্য। কথিত আছে, এক সময় ফরাসিরা ঘোড়ার পিঠে চেপে প্রতিমা দর্শন করতেন। আবার বাজি ও আলোকসজ্জার প্রতি তাঁদের আগ্রহের সঙ্গে চন্দননগরের আলোর ঐতিহ্যের সম্পর্কের কথাও শোনা যায়। দেশ আলাদা, ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা। কিন্তু উৎসবের আনন্দ যে সমস্ত দূরত্ব মুছে দিতে পারে, নেলিনার জগদ্ধাত্রী দর্শন যেন তারই এক উজ্জ্বল উদাহরণ।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0