অভিষেককে শো-কজ করল হাইকোর্ট! বিচারকদের নিয়ে মন্তব্য মামলায় পদক্ষেপ আদালতের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিচারকদের মানহানি করে মন্তব্য ও সোশ্যাল মিডিয়া পোস্ট করার অভিযোগে ফৌজদারি আদালত অবমাননার রুল জারি করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ করেছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে আগামী ৮ ডিসেম্বর।

Nov 17, 2026 - 12:49
অভিষেককে শো-কজ করল হাইকোর্ট! বিচারকদের নিয়ে মন্তব্য মামলায় পদক্ষেপ আদালতের

বিচারবিভাগের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা এবং বিচারকদের কটাক্ষ করার জেরে এ বার বড় আইনি পদক্ষেপের মুখে পড়লেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে ফৌজদারি আদালত অবমাননার রুল জারি করল কলকাতা হাইকোর্ট। আগামী ১৫ দিনের মধ্যে তাঁকে এই বিষয়ে জবাবদিহি করতে নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিচারব্যবস্থার একাংশকে নিশানা করে একাধিক বিতর্কিত মন্তব্য করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর দাবি ছিল, বিচারব্যবস্থার একপেশে আচরণের কারণেই বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংকট ঘনীভূত হচ্ছে। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তীব্র উষ্মা প্রকাশ করে হাইকোর্ট। গত বৃহস্পতিবার মামলার শুনানিকালে বিচারপতি কৃষ্ণ রাও কড়া ভাষায় প্রশ্ন তোলেন, “কোন কোন বিচারক বিজেপির আর কারা অন্য দলের সঙ্গে যুক্ত, তার একটা তালিকা দিন অভিষেক।” একজন নির্বাচিত জনপ্রতিনিধি এ ধরনের কথা বলতে পারেন না বলেও স্পষ্ট জানিয়ে দেয় আদালত।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার হাইকোর্ট তার পর্যবেক্ষণে জানায়, অভিষেকের ওই বক্তব্য কেবল রাজনৈতিক মন্তব্য নয়, এটি স্পষ্টতই ফৌজদারি আদালত অবমাননার শামিল। আদালতের কাজে প্রভাব খাটানো এবং বিচারপ্রক্রিয়াকে কালিম্পিত করার চেষ্টার অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা সবিস্তারে ব্যাখ্যা করতে বলা হয়েছে।

পাশাপাশি, সম্প্রতি কালীঘাটে নিজের বাড়ির সামনে পুলিশি নজরদারি ও রেইকি নিয়ে একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করেছিলেন অভিষেক। তাঁর সেই ভিডিওতেও বিচারব্যবস্থার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য রয়েছে বলে অভিযোগ তোলে রাজ্য।

উল্লেখ্য, নিজের নিরাপত্তা হ্রাস পাওয়া সংক্রান্ত একটি মামলা নিয়ে হাইকোর্টে লড়ছেন অভিষেক। সেই মামলার শুনানির সময়ই তাঁর সাম্প্রতিক সাক্ষাৎকার এবং মন্তব্যগুলো আদালতের নজরে আনেন রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল। সমস্ত দিক খতিয়ে দেখে আদালত অবমাননার নোটিশ জারি করার পাশাপাশি আগামী ৮ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে উচ্চ আদালত।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0