‘পাঁচটা কেন, পাঁচশোটা এনকাউন্টার হলেও কম হবে! এদিক-ওদিক করলেই পুলিশের গুলি আছে’, দিলীপের নির্ঘোষ
মা-বোনেদের সুরক্ষা এবং সাধারণ মানুষের নির্ভয়ে ধর্ম-কর্ম করার অধিকার সুনিশ্চিত করতে বর্তমান সরকার যে কোনও আপস করবে না, তা এ দিন ফের একবার জোর গলায় জানিয়ে দেন তিনি।
বদলের বাংলায় রাজ্যে একের পর এক ‘এনকাউন্টার’ (Encounter) নিয়ে আলোচনার মধ্যেই কড়া হুঁশিয়ারি মন্ত্রী দিলীপ ঘোষের (Dilip Ghosh)। স্পষ্ট কথা বরাবরই স্পষ্ট করে বলতে পছন্দ করেন বিজেপি নেতা (BJP)। এবার তাঁর বক্তব্য, “অনেকে বলছেন পাঁচটা এনকাউন্টার হয়েছে, আমি বলি পাঁচশোটা হলেও কম হবে! কেউ এদিক-ওদিক করলেই পুলিশের গুলি আছে।”
মা-বোনেদের সুরক্ষা এবং সাধারণ মানুষের নির্ভয়ে ধর্ম-কর্ম করার অধিকার সুনিশ্চিত করতে বর্তমান সরকার যে কোনও আপস করবে না, তা এ দিন ফের একবার জোর গলায় জানিয়ে দেন তিনি।
‘মা-বোনেদের দিকে তাকালে...’
পূর্বতন তৃণমূল সরকারের জমানায় রাজ্যে দুষ্কৃতী দৌরাত্ম্যের অভিযোগ তুলে দিলীপ ঘোষ বলেন, “একসময় দুষ্কৃতীরা দাপিয়ে বেড়িয়েছে, আমাদের ঠিকমতো ধর্ম-কর্ম করতে দেওয়া হয়নি। মা-বোনেরা ভয়ে ভয়ে বাজারে বেরোতেন। কিন্তু মানুষই ভোট দিয়ে সেই পরিস্থিতির পরিবর্তন ঘটিয়েছেন। এখন হিন্দু মা-বোনেদের দিকে কেউ ট্যারা চোখে তাকালে তাদের কী দুর্ভোগ হবে, তা সবাই দেখতে পাচ্ছে।” সাধারণ মানুষকে মাথা উঁচু করে বাঁচার আহ্বান জানিয়ে তিনি বলেন, অনেক রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, কারও ভয়ে সিঁটিয়ে থাকার জন্য নয়।
‘বাংলাদেশ বানানোর চক্রান্ত রুখে দেওয়া হয়েছে’
বাংলার ঐতিহ্য ও মনীষীদের অবদানের কথা স্মরণ করে দিলীপ বলেন, “বাংলার পবিত্র মাটি গোটা দুনিয়াকে পথ দেখিয়েছে। অথচ এখানেই আমাদের ঘরে ঢুকিয়ে দেওয়ার এবং রাজ্যটাকে বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছিল। আমরা সেই চক্রান্ত থেকে মুক্তি পেয়েছি এবং প্রমাণ করেছি যে আমরা পারি। এই মাটিতে কোনও দুষ্কৃতী বা মৌলবাদীদের জায়গা নেই।”
আগামী দিনে বাংলা থেকে দুর্নীতি, তোলাবাজি ও সিন্ডিকেট-রাজ সম্পূর্ণ নির্মূল করে নতুন প্রজন্মের জন্য এক সুরক্ষিত পশ্চিমবঙ্গ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
ছ’মাসে পাঁচ এনকাউন্টার ও মুখ্যমন্ত্রীর অবস্থান
প্রসঙ্গত, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গত ছ’মাসে মোট পাঁচটি ‘এনকাউন্টারের’ ঘটনা ঘটেছে। এর আগে বারুইপুর, গাইঘাটা, সামশেরগঞ্জ এবং রায়গঞ্জে পুলিশের গুলিতে নিহত হয়েছিল অভিযুক্তরা। সর্বশেষ সংযোজন শান্তিনিকেতনে পুলিশ কনস্টেবলকে গুলি করার ঘটনায় মূল অভিযুক্ত রতন শেখের এনকাউন্টার।
রাজ্যের এই পঞ্চম এনকাউন্টার প্রসঙ্গে আগেই অবস্থান স্পষ্ট করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, “বাংলায় ধর্ষক, খুনিদের কোনও জায়গা নেই। পুলিশকে গুলি করলে যা করার সেটাই করবে। গুলি করতে এলে পুলিশ কি বাতাসা খাওয়াবে? গুন্ডারা বাংলাদেশ পালাও, এখানে থাকলে যা করার তাই করব।”
উল্লেখ্য, রাজ্যে ক্ষমতায় আসার আগেই অপরাধীদের উদ্দেশে শুভেন্দু হুঁশিয়ারি দিয়েছিলেন, “অপরাধীরা ছাড় পাবে না। সকালে জমা, বিকেলে খরচ হবে।” দিলীপ ঘোষের মন্তব্যে সেই অবস্থানেরই প্রতিধ্বনি শোনা গেল মঙ্গলবার।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0