২১ মিনিটে হ্যাটট্রিক ভিনিসিয়াসের! সিঙ্গাপুরকে ল্যাজে খেলিয়ে ৭ গোল দিল ব্রাজিল
মিজুহো ব্লু চ্যালেঞ্জের ম্যাচে সিঙ্গাপুরের বিরুদ্ধে ব্রাজিলের ৭-০ গোলের জয়। প্রীতি ম্যাচে মাত্র ২১ মিনিটে হ্যাটট্রিক করে নায়ক ভিনিসিয়াস জুনিয়র। স্বস্তিতে কোচ কার্লো অ্যান্সেলোত্তি।
জাপানের কাছে হারের পর প্রবল সমালোচনা। কাঠগড়ায় খোদ কোচ কার্লো অ্যান্সেলোত্তি। ছাঁটাইয়ের জোরালো দাবি। ঠিক এমন আবহে সিঙ্গাপুরের বিরুদ্ধে মাঠে নামা। আর নেমেই বিপক্ষের রক্ষণে রীতিমতো সুনামি! মিজুহো ব্লু চ্যালেঞ্জের ম্যাচে সিঙ্গাপুরকে ৭-০ গোলে কার্যত ফুঁ দিয়ে ওড়াল ব্রাজিল (Brazil vs Singapore)। প্রীতি ম্যাচ হলেও, এই জয় যেন সমালোচকদের উদ্দেশে সপাটে জবাব। এদিন অফসাইডের কারণে তিনটি গোল বাতিল ও দু'বার বল পোস্টে না লাগলে, ব্যবধান অনায়াসেই দুই অঙ্কে পৌঁছে যেতে পারত।
ভিনিসিয়াসের ম্যাজিক ও প্রথমার্ধের ঝড়
ন্যাশনাল স্টেডিয়ামে এদিন শুরু থেকেই নাগাড়ে আক্রমণ। ব্রাজিলীয় ছন্দের সামনে দিশেহারা আয়োজকরা। যে ধ্বংসলীলার প্রধান নায়ক ভিনিসিয়াস জুনিয়র (Vinícius Júnior)। ম্যাচের মাত্র ২১ মিনিটের মধ্যেই তাঁর চোখধাঁধানো হ্যাটট্রিক! ৯ মিনিটে নিজেদের বক্সের বাইরে বল হারায় সিঙ্গাপুর। আর সেই সুযোগে ব্রুনো গিমারেজের ঠিকানা লেখা পাসে প্রথম গোল ভিনির। ১৪ মিনিটে এন্ড্রিকের নিঃস্বার্থ পাসে ফাঁকা জালে বল ঠেলে ব্যবধান দ্বিগুণ। আর ২১ মিনিটে এস্তেভাও উইলিয়ানের নিখুঁত সাজানো বলে সহজ ফিনিশে হ্যাটট্রিক সম্পূর্ণ রিয়াল মাদ্রিদ তারকার। ৩১ মিনিটে বক্সের প্রান্ত থেকে নিখুঁত শটে চতুর্থ গোলটি করেন তরুণ তুর্কি এন্ড্রিক নিজেই (Brazil National Football Team)।
অ্যান্সেলোত্তির স্বস্তি ও সিঙ্গাপুরের লজ্জা
প্রথমার্ধে চার গোল হজম করেও রেহাই নেই। বিরতির পরেও ব্রাজিলের আক্রমণের ঝাঁঝ বিন্দুমাত্র কমেনি। ৫১ মিনিটে এস্তেভাও এবং ৬৫ মিনিটে রায়ান গোল করে বিপক্ষকে নিয়ে রীতিমতো ছেলেখেলা চালান। আর ৭৫ মিনিটে রাউল সুহাইমির আত্মঘাতী গোলে সিঙ্গাপুরের চূড়ান্ত লজ্জা।
এই ৭-০ ব্যবধান ফিফা 'এ' আন্তর্জাতিক ম্যাচে সিঙ্গাপুরের সবচেয়ে বড় পরাজয়। এর আগে ২০২৪ সালের জুনে বিশ্বকাপ কোয়ালিফায়ারে দক্ষিণ কোরিয়ার কাছেও ঠিক ৭-০ গোলে উড়ে গিয়েছিল তারা। গত ম্যাচে রোমারিওর কড়া বাক্যবাণের পর, ছেলেদের এই আগ্রাসী ফুটবল নিশ্চিতভাবেই ব্রাজিল কোচ কার্লো অ্যান্সেলোত্তিকে (Carlo Ancelotti) স্বস্তি দেবে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0