সস্তার দোকানে বিকোচ্ছে তাঁর নামের সুগন্ধি! রেগেমেগে কোটি টাকার মামলা ঠুকলেন বেকহ্যাম

সস্তার দোকানে মিলছে ডেভিড বেকহ্যামের নামের পারফিউম! ব্র্যান্ডের 'ভিআইপি স্ট্যাটাস' মাটিতে মিশে যাওয়ায় কোটি কোটি টাকার মামলা ঠুকলেন ক্ষুব্ধ বেকহ্যাম।

Nov 17, 2026 - 13:09
সস্তার দোকানে বিকোচ্ছে তাঁর নামের সুগন্ধি! রেগেমেগে কোটি টাকার মামলা ঠুকলেন বেকহ্যাম

ভাবুন তো, যে তারকার স্টাইলের ছটায় একসময় গোটা দুনিয়া মাতোয়ারা ছিল, তাঁরই নামের দামী পারফিউম বিকোচ্ছে পাড়ার সস্তার দোকানে! ব্যাপারটা ঠিক হজম হওয়ার মতো নয়। আর খোদ ডেভিড বেকহ্যামের (David Beckham) ক্ষেত্রে এমনটা ঘটলে, তাঁর যে পিত্তি জ্বলে যাবে তা আর আশ্চর্য কী!

নিউ ইয়র্কের এক আদালতে ঠিক এই রাগের বশেই পারফিউম প্রস্তুতকারক সংস্থা কোটির (Coty) বিরুদ্ধে ৪১ মিলিয়ন ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ৩৪৪ কোটি টাকা) ক্ষতিপূরণ চেয়ে মামলা ঠুকেছেন ক্ষুব্ধ বেকহ্যাম।

আভিজাত্যে ধাক্কা, সস্তার দোকানে পারফিউম!

'বেকসে'র গ্লোবাল ইমেজ ও ব্যবসা সামলানোর দায়িত্ব ডিবি ভেঞ্চারস (DB Ventures)-এর। তাদের দাবি, বেকহ্যামের মতো এক গ্লোবাল আইকন, যাঁর ব্র্যান্ড মানেই 'লাক্সারি' ও 'অসাধারণত্ব', তাঁর নামের 'ও দে টয়লেট' এবং 'ও দে পারফাম' (Eau de Toilette and Eau de Parfum) দেদার বিকোচ্ছে 'পাউন্ডল্যান্ড'-এর (Poundland) মতো সস্তার দোকানে! এমনকী গ্যাস স্টেশনে বা ডিসকাউন্ট সেলেও নাকি দেখা যাচ্ছে এই সুগন্ধি।

ডিবি ভেঞ্চারসের অভিযোগ, কোটির এই 'হতাশা ও লোভের' কারণেই ব্র্যান্ডের বারোটা বেজেছে। চুক্তির তোয়াক্কা না করে সস্তায় বিক্রি করে দেওয়ায় বেকহ্যাম রীতিমতো 'হতবাক ও হতাশ'।

কোটির পালটা তোপ: সবটাই মতলব!

তবে কোটিও ছেড়ে দেওয়ার পাত্র নয়। তারা এই অভিযোগকে সটান উড়িয়ে দিয়ে আদালতকে মামলা খারিজের আর্জি জানিয়েছে। দাবি, 'এখানে বেকহ্যামের ব্র্যান্ড বাঁচানোর কোনও ব্যাপারই নেই। পুরোটাই মতলব!'

আসলে ডিবি ভেঞ্চারস ইতিমধ্যে কোটির এক প্রতিদ্বন্দ্বী সংস্থা ইন্টারপারফামসের সঙ্গে ২০২৭ সাল থেকে নতুন চুক্তি সেরে ফেলেছে। কোটির বক্তব্য, ২০২৮ সালে তাদের চুক্তি শেষ হওয়ার কথা। কিন্তু নতুন জায়গায় যাওয়ার জন্য তড়িঘড়ি এই চুক্তি ভাঙার ফন্দি এঁটেছে ডিবি ভেঞ্চারস।

শুধু সস্তার দোকানে বিক্রিই নয়। ডিবি ভেঞ্চারসের আরও অভিযোগ, কোটি তাদের বিক্রির আসল অঙ্ক লুকিয়ে রয়্যালটির অন্তত ৬ মিলিয়ন ডলার (প্রায় ৫০ কোটি টাকা) মেরে দিয়েছে। যদিও কোটির আইনজীবীদের মতে, এই দাবি অনুমানভিত্তিক। অর্ধেক অডিট করে এমন দাবি তোলা ভিত্তিহীন।

সব মিলিয়ে, সুগন্ধির এই বাজারে এখন রীতিমতো কাদাছোড়াছুড়ির দুর্গন্ধ! একসময়ের ময়দান-কাঁপানো বেকহ্যামের আভিজাত্য বাঁচানোর এই লড়াই শেষমেশ কোথায় গিয়ে থামে, সেটাই এখন দেখার।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0