রাহুল গান্ধীর বান্ধবী কে, এখন সম্পর্কের সমীকরণ কী? খোলসা করলেন কংগ্রেস নেতা
মায়ের আত্মজীবনী প্রকাশের মঞ্চে প্রাক্তন বান্ধবীর সঙ্গে কেমব্রিজ সফরের স্মৃতি রোমন্থন করলেন রাহুল গান্ধী। অনুষ্ঠানে তাঁদের বর্তমান সম্পর্কের সমীকরণ নিয়েও মুখ খুললেন তিনি।
মঞ্চে মায়ের আত্মজীবনী প্রকাশ। সেখানেই ব্যক্তিগত জীবনের পাতা উল্টোলেন রাহুল গান্ধী। ফিরে গেলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পুরনো দিনগুলোয়। বাবা-মায়ের প্রথম সাক্ষাতের জায়গা চাক্ষুষ করতে তৎকালীন বান্ধবীর সঙ্গে সেখানকার রেস্তরাঁয় গিয়েছিলেন তিনি। অনুষ্ঠান শেষে সেই বান্ধবীর সঙ্গেই বর্তমান সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠলে মিষ্টি হেসে জবাব দিলেন,‘সে এখন শুধুই বন্ধু।’
রেস্তরাঁয় বাবা-মায়ের স্মৃতি
সনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলোঙ্গিং: আ জার্নি অফ লাভ’-এর প্রকাশ অনুষ্ঠান হয় সোমবার। সেখানেই কেমব্রিজের ‘ভার্সিটি রেস্তরাঁ’র স্মৃতি রোমন্থন করেন রাহুল। ছাত্রাবস্থায় এখানেই প্রথম ডেটে যান রাজীব ও সনিয়া। সেই নস্টালজিক স্মৃতি টেনেই রাহুল বলেন, ‘বাবা-মাকে নিয়ে প্রচুর কৌতুহল ছিল। অন্যতম হল ওই রেস্তরাঁয় তাঁদের প্রথম দেখা হওয়া এবং সেটা চাক্ষুস করা। বহু বছর পর আমি যখন কেমব্রিজে, তখন বান্ধবীকে বলি, চলো ভার্সিটি রেস্তরাঁয় যাই। দেখতে চেয়েছিলাম, ঠিক কোথায় বাবা-মায়ের আলাপ হয়েছিল।’
রেস্তরাঁর কর্মীর প্রতিক্রিয়াও তুলে ধরেন এই সূত্রে। বলেন, ‘আমি মেনু কার্ড চেয়ে বলি, বাবা-মায়ের এখানেই আলাপ হয়েছিল। কর্মীটি অবাক হয়ে বলে, ওহ তাঁরা, আমি চিনি তাঁদের। আমি বলি, আপনি কী জানেন? সে বলে, হ্যাঁ ওই দু‘জন, আমি জানি আপনি কাদের কথা বলছেন।’ অনুষ্ঠানে বান্ধবীকে নিয়ে প্রশ্ন উঠলে রাহুলের জবাব, ‘সে এখন শুধুই বন্ধু।’
চারবারের ক্যানসার জয়ী সনিয়া
মায়ের অদম্য লড়াইয়ের কথা এদিন অত্যন্ত আবেগের সঙ্গে বলেন রাহুল। জানান, বইতে সনিয়া বিষয়টিকে সেভাবে গুরুত্ব না দিলেও, তাঁর মা আসলে চারবারের ক্যানসার জয়ী। রাহুলের কথায়, ‘এই বইতে আপনারা বাবার মৃত্যুর আগের মাকে পাচ্ছেন। ও চারবারের ক্যানসার জয়ী। জীবনে একবারও মাকে ভয় পেতে দেখিনি। বাবা বেঁচে থাকলে তোমাকে নিয়ে কতটা গর্বিত হতেন, বোঝাতে পারব না।’ উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা ও তাঁর স্বামীও। মা মানেই আবেগ, রাহুলও ব্যাতিক্রম নন। অনুষ্ঠান শেষে তাঁর চোখের কোলেও জল দেখা যায়।
ছদ্মনামে রাহুলের মার্কিন কলেজ-জীবন
১৯৯১ সালে রাজীব গান্ধীর মৃত্যুর পরের কঠিন দিনের কথা বইতে অল্পবিস্তর লিখেছেন সনিয়া। নিরাপত্তার কারণে রাহুলকে অন্য মার্কিন কলেজে ভর্তির প্রসঙ্গ টানেন। সনিয়ার কথায়, ‘বাবার মৃত্যুর পর রাহুল বিদেশে পড়তে যায়। হার্ভার্ড নিরাপত্তা দিতে অস্বীকার করায় দুই দেশের নিরাপত্তারক্ষীরা ঠিক করে, সম্পূর্ণ ছদ্মনামে ওকে অন্য কলেজে পাঠানো হবে। কেউ আসল নাম জানত না। নিজের পরিচয় ও পরিবারের কথা লুকিয়ে সাধারণ বন্ধুদের সঙ্গে মেশা ওর জন্য কতটা কঠিন ছিল, আজ ভাবলে অবাক লাগে।’
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রিয়ঙ্কাও। তাঁর মুখেও মায়ের লড়াই, রাজনীতিক সনিয়া ও এক মায়ের অনুভূতির কথা উঠে আসে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0