বিচারব্যবস্থার রায় নিয়ে প্রশ্ন করার ‘পাবলিক অথরিটি’ আছে, মাথা নত করব না: কোর্টের শো-কজ নিয়ে অভিষেক
বিচারপতিদের একাংশকে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত করে দেখানোর অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শো-কজ করেছে কলকাতা হাইকোর্ট। দিল্লি থেকে ফিরে তাঁর দাবি, বিচারব্যবস্থার রায় নিয়ে প্রশ্ন করার অধিকার রয়েছে জনপ্রতিনিধিরও।
বিচারপতিদের একাংশকে রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত করে দেখানোর অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) শো-কজ করেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মঙ্গলবার বিকেলে দিল্লি থেকে ফিরে অভিষেক স্পষ্ট জানিয়ে দিলেন, বিচারব্যবস্থা কোনও রায় দিলে, তা নিয়ে প্রশ্ন করার অধিকার তাঁর আছে। কারণ তিনি জনপ্রতিনিধি। হুঁশিয়ারির সুরে অভিষেক বলেন, “আমি মাথা নত করার ছেলে নই।”
মঙ্গলবার সকালেই হাইকোর্ট অভিষেককে শো-কজ করেছিল। বিকালে ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, “জুডিশিয়ারি যদি কনস্টিটিউশনাল অথরিটি হয়, তা হলে আমিও পাবলিক অথরিটি। বিচারব্যবস্থার রায় নিয়ে প্রশ্ন করার অধিকার আছে। দেশের সংবিধান এবং আমাকে নির্বাচিত করা নির্বাচকমণ্ডলী আমায় সেই অধিকার দিয়েছে।”
অভিষেক দাবি করেন, তিনি কোনও বিচারপতি সম্পর্কে বলেননি। তিনি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদাহরণ টেনে বলেন, উনিই বলেছিলেন বিচারপতি থাকালীন তাঁর সঙ্গে বিজেপির যোগ ছিল। পরে তিনি বিজেপির সাংসদ হন। ডায়মন্ড হারবারের সাংসদের আরও দাবি, দেশের মুখ্য নির্বাচন জ্ঞানেশ কুমার সুপ্রিম কোর্টের নির্দেশ মানেননি। তার পরেও তাঁর বিরুদ্ধে আবমাননার রুল জারি হয়নি। বিজেপি সাংসদ বিপ্লব দেব, নিশিকান্ত দুবেদের উদাহরণ দিয়ে বলেন, এঁরা প্রত্যেকেই বিচারব্যবস্থা নিয়ে নানা সময়ে বিবিধ মন্তব্য করেছেন, কিন্তু তাঁদের শো-কজ করা হয়নি। এখানেই বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক। প্রশ্ন তুলেছেন, কেন শুবেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর হলে তা স্থগিত করে দেওয়া হয় আর তাঁর বিরুদ্ধে একের পর এক মিথ্যে মামলায় বারংবার থানায় ডাকা হয়।
তৃণমূল সাংসদের বক্তব্য, পশ্চিমবঙ্গে তাঁদের ক্ষমতাচ্যুত হতে হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসআইআর প্রক্রিয়া সঠিক ভাবে না-হওযার জন্য। তার পরেও শীর্ষ আদালত নির্বাচন কমিশনের বিরুদ্ধে অবমাননার নোটিস জারি করেনি। তবে দিল্লি থেকে ফিরে অভিষেক স্পষ্ট করেননি, তিনি কোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যে তিনি শো-কজের জবাব দেবেন কিনা।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0