শুভেন্দুর পাশে দিলীপ! কংগ্রেস থেকে বিজেপিতে এলে তৃণমূল থেকেও আসতে পারে, স্পষ্ট কথা ঘোষের
শুভেন্দুর পাশে দাঁড়ালেন দিলীপ ঘোষ। স্পষ্ট জানালেন, কংগ্রেস থেকে যদি বিজেপিতে আসতে পারে, তবে তৃণমূল থেকেও নেতারা যোগ দিতেই পারেন।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পাশে দাঁড়ালেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। একইসঙ্গে দিলীপ যা বলে দিলেন তাতে স্পষ্ট হল রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) উল্টো সুরও। বিষয়: প্রাক্তন তৃণমূলীদের বিজেপিতে অন্তর্ভুক্তি।
মঙ্গলবার প্রাতঃভ্রমণ সেরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন দিলীপ (Dilip Ghosh)। প্রশ্নের উত্তরে জানিয়ে দেন, কংগ্রেস থেকে বিজেপিতে আসতে পারলে, তৃণমূল থেকেও লোকজন আসতে পারেন। দিলীপের কথায়, "রাজনীতিতে আবেগের কোনও জায়গা নেই। কংগ্রেস থেকে আসতে পারলে তৃণমূল থেকেও আসতে পারেন।"
এরপর অবশ্য খানিকটা বিধিসম্মতভাবে বলেছেন, "যাঁরা আসছেন দেখতে হবে তাঁরা বিজেপির কার্যপদ্ধতির সঙ্গে খাপ খাওয়াতে পারবেন কি না। এসব ঠিক করার বিষয় পার্টির।"
দিলীপ সহজ-সরলভাবে গোটা কথাটা বলে দিয়েছেন। যাতে অনুরণিত হয়েছে শমীকদের উল্টো সুর। কলকাতা পুরসভা ভোটের আগে জল্পনা তৈরি হয়েছে, বেশ কিছু প্রাক্তন তৃণমূল কাউন্সিলর পদ্মশিবিরে যোগ দিতে পারেন। যাতে জল ঢালতে শমীক ধারাবাহিকভাবে বলে চলেছেন, কোনও প্রাক্তন তৃণমূলকে নেওয়া হবে না। তাঁর কথায়, "মানুষ জামা বদলের জন্য ভোট দেননি। জামার ভিতর মানুষটাকে বদলাতে ভোট দিয়েছেন।" শমীকের সুরে সুর মিলিয়েছেন সুকান্তও।
আবার শুভেন্দু-ঘনিষ্ঠদের বক্তব্য, পুরসভা চালাতে অভিজ্ঞ লোক দরকার। সে কারণে পুরসভার কাজ সম্পর্কে গভীর ধারণা রয়েছে, এরকম লোকজনকে দলে নিয়ে প্রার্থী করা যেতেই পারে। স্থানীয়স্তরে মানুষ পরিষেবা না-পেলে তা সরকারের উপরেই বিরূপ প্রভাব তৈরি করবে।
দিলীপ একটি কথা জোরের সঙ্গে বলতে চেয়েছেন। তা হল, এর আগেও তো কংগ্রেস বা তৃণমূল থেকে লোকজন বিজেপিতে এসেছেন। শুধু কংগ্রেস বা তৃণমূলই নয় বাম শিবিরের নেতারাও এখন বিজেপির মন্ত্রিসভার সদস্য। ঘটনাচক্রে, দিলীপ যখন রাজ্য সভাপতি ছিলেন, সেই পর্বে যেমন মুকুল রায় বিজেপিতে গিয়েছিলেন তেমন গিয়েছিলেন শুভেন্দুও। আবার তাপস রায়, অর্জুন সিং, শঙ্কর ঘোষরাও মন্ত্রী। আবেগ দূরে সরিয়ে বাস্তব বোঝার পাঠ দিতে চেয়েছেন দিলীপ।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0