সংসদের অধিবেশনে হাজিরা বাধ্যতামূলক! দলের সাংসদদের জন্য ‘থ্রি-লাইন হুইপ’ দলনেতা অভিষেকের

লোকসভার দলনেতা হিসেবে অভিষেকের স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, ৩০ নভেম্বর সোমবার থেকে ৪ ডিসেম্বর শুক্রবার পর্যন্ত লোকসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কাজকর্ম (বিজনেস) রয়েছে।

Nov 28, 2026 - 16:21
সংসদের অধিবেশনে হাজিরা বাধ্যতামূলক! দলের সাংসদদের জন্য ‘থ্রি-লাইন হুইপ’ দলনেতা অভিষেকের

আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলা সংসদ অধিবেশনকে সামনে রেখে লোকসভার সাংসদদের জন্য কড়া ‘থ্রি-লাইন হুইপ’ জারি করলেন তৃণমূল কংগ্রেসের লোকসভার সংসদীয় দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার জারি করা ওই নির্দেশিকায় লোকসভায় দলের সমস্ত সাংসদকে ৩০ নভেম্বর (সোমবার) থেকে ৪ ডিসেম্বর (শুক্রবার) পর্যন্ত বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকতে এবং দলের অবস্থানকে সমর্থন জানাতে বলা হয়েছে।  

কী বলা হয়েছে নির্দেশিকায়?

লোকসভার দলনেতা হিসেবে অভিষেকের স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, ৩০ নভেম্বর সোমবার থেকে ৪ ডিসেম্বর শুক্রবার পর্যন্ত লোকসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কাজকর্ম (বিজনেস) রয়েছে। সেই প্রেক্ষিতেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের লোকসভার সকল সদস্যকে ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কোনওভাবে অনুপস্থিত না থেকে সংসদে হাজির থাকার অনুরোধ করা হয়েছে। 

শুধু তাই নয়, ওই সময়ে দলের অবস্থানকে সমর্থন জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এবং বিষয়টিকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ হিসেবে বিবেচনা করতে বলা হয়েছে।

ঘটনা হল, এতদিন মুলতুবি থাকা বাদল অধিবেশনের দ্বিতীয় পর্ব (Parliament Session) ডাকার সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী সরকার (Narendra Modi Govt)। তবে এই অধিবেশনে লোকসভার আসন পুনর্বিন্যাস বিল পাশ করানোর নতুন কোনও উদ্যোগ নেওয়া হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় সমাজমাধ্যমে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু (Kiren Rijiju) জানান, জরুরি ও অত্যাবশ্যকীয় সরকারি কাজকর্ম সারতে লোকসভার স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যানকে অধিবেশন পুনরায় শুরুর অনুরোধ জানানো হয়েছে। সূচি অনুযায়ী, লোকসভা বসবে ৩০ নভেম্বর (সোমবার) এবং রাজ্যসভা বসবে ২ ডিসেম্বর (বুধবার)। কাজের প্রয়োজন অনুযায়ী উভয় কক্ষের অধিবেশন ৩ ডিসেম্বর শেষ হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

হঠাৎ করে বাদল অধিবেশনের দ্বিতীয় পর্ব ডাকা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে যে, আসন পুনর্বিন্যাস বিলের ক্ষেত্রে ডিএমকে এবং এনসিপি (শরদ পওয়ার গোষ্ঠী)-এর মতো দলকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পাশে পাওয়ার বিষয়ে সরকারপক্ষ হয়তো এগিয়েছে। যেহেতু এটি একটি সংবিধান সংশোধনী বিল, তাই প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার অঙ্ক মিলে গেলেও তা পাশ করাতে ভোটাভুটি করাতেই হবে, ধ্বনিভোটে এর অনুমোদন সম্ভব নয়।

দীর্ঘদিন ধরে বাদল অধিবেশন আটকে থাকার নেপথ্যে লোকসভার আসন বৃদ্ধি ও পুনর্বিন্যাস করে মহিলা সংরক্ষণ কার্যকর করার বিষয়টিই মূল কারণ ছিল বলে মনে করা হচ্ছে। ডিএমকে ও এনসিপি (শরদ)-র সাংসদদের সমর্থন বা ভোটদানে বিরত থাকা এবং ছোট দলগুলির সাংসদদের ভাঙিয়ে শাসকদল প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে ফেলেছে কি না, তা নিয়ে বিরোধীদের একাংশেও গুঞ্জন ও আশঙ্কা দানা বেঁধেছে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0