সরকারি হাসপাতালের নীল-সাদা অতীত! ৩০ নভেম্বরের মধ্যে সম্ভাব্য খরচের অঙ্ক চাইল স্বাস্থ্য দফতর

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, স্বাস্থ্য দফতরের প্রিন্সিপাল সেক্রেটারির তরফে আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের কাছে একটি বিশেষ বার্তা পাঠানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, রাজ্যের বহু মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (MCH) এবং সুপার স্পেশালিটি হাসপাতালের (SSH) ভবনগুলির রঙ চটে গিয়েছে এবং সেগুলিকে অত্যন্ত মলিন দেখাচ্ছে।

Nov 16, 2026 - 15:14
সরকারি হাসপাতালের নীল-সাদা অতীত! ৩০ নভেম্বরের মধ্যে সম্ভাব্য খরচের অঙ্ক চাইল স্বাস্থ্য দফতর

নবান্ন সভাঘর (Nabanna Sabhaghar) থেকে শুরুয়াত। এ বার রূপ বদলাতে চলেছে সরকারি হাসপাতালগুলোরও (Govt Hospitals Colour Change)। প্রশাসনিক সূত্রের খবর, দীর্ঘদিনের পরিচিত নীল-সাদা রঙের খোলস ছেড়ে শীঘ্রই নতুন রঙে সেজে উঠতে চলেছে রাজ্যের মেডিক্যাল কলেজ এবং সুপার স্পেশালিটি হাসপাতালগুলি। ইতিমধ্যেই এই বিষয়ে তৎপরতা শুরু হয়ে গিয়েছে স্বাস্থ্য দফতরে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে এই সংক্রান্ত একটি প্রোপোজাল এবং খরচের হিসাব তৈরি করে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দফতরের ইঞ্জিনিয়ারদের।

স্বাস্থ্য দফতরের অন্দরে তৎপরতা

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, স্বাস্থ্য দফতরের প্রিন্সিপাল সেক্রেটারির তরফে আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের কাছে একটি বিশেষ বার্তা পাঠানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, রাজ্যের বহু মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (MCH) এবং সুপার স্পেশালিটি হাসপাতালের (SSH) ভবনগুলির রঙ চটে গিয়েছে এবং সেগুলিকে অত্যন্ত মলিন দেখাচ্ছে। ভবনগুলিকে যাতে পরিচ্ছন্ন ও সুন্দর দেখায়, তার জন্য দ্রুত ‘কালার ওয়াশ’ বা রঙ করার ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বার্তায় আরও জানানো হয়েছে, যেহেতু প্রায় তিন বছর আগে ভবনগুলিতে ‘স্মার্ট লুক’ পেন্টিং করা হয়েছিল, তাই বর্তমানে যেখানে যতটুকু সংস্কার বা রঙের প্রলেপ প্রয়োজন, তা খতিয়ে দেখা হবে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের (EE) নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন সাইট ইঞ্জিনিয়ারদের থেকে মতামত নিয়ে আগামী ৩০ নভেম্বরের মধ্যে অবশ্যই একটি সামগ্রিক প্রস্তাব এবং এস্টিমেট প্রস্তুত করে অনুমোদনের জন্য পেশ করেন।

প্রশাসনিক কর্মসংস্কৃতি ও রঙ বদলের রাজনীতি

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই বিগত পনেরো বছরের চিরাচরিত সরকারি ধাঁচে আমূল পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। প্রশাসনিক মহলের মতে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনায় প্রশাসনিক কাজকর্মে অনেক বেশি সময় দিচ্ছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি প্রকল্পের রূপায়ণ যেমন দ্রুত গতিতে এগোচ্ছে, তেমনই দিল্লির সঙ্গে সমন্বয়ও চলছে সমান তালে। সেই একই গতিতে চলছে রাজ্যের সরকারি পরিকাঠামোর রঙ বদলের প্রক্রিয়া।

এর আগে নবান্ন সভাঘরে রঙ বদলের কাজ শুরু হয়েছিল। সেই খবর সবার আগে লিখেছিল দ্য ওয়াল। ইতিমধ্যেই শহরের বেশ কিছু রাস্তার রোড ডিভাইডার থেকে নীল-সাদা রঙ মুছে ফেলে নিয়ম মেনে সাদা-কালো করে দেওয়া হয়েছে। পাশাপাশি, খোদ নবান্নের বাহ্যিক রঙও বদলে যেতে পারে বলে প্রশাসনিক মহলে জল্পনা চলছে— শোনা যাচ্ছে, সাদা বা ঘিয়ে রঙের সঙ্গে হালকা ও গাঢ় হলুদের মিশ্রণে সেজে উঠতে পারে রাজ্য প্রশাসনের সদর দফতর।

নীল-সাদা অধ্যায়ের ইতি

উল্লেখ্য, ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই বাংলায় এই নীল-সাদা রঙের রমরমা শুরু হয়েছিল। তৃণমূল কংগ্রেসের দলীয় প্রতীকের সঙ্গে এই রঙের সরাসরি কোনও যোগ না থাকলেও, তৎকালীন মুখ্যমন্ত্রীর চিরপরিচিত নীল পাড় সাদা শাড়ির সঙ্গে সাযুজ্য রেখেই এই রঙ বেছে নেওয়া হয়েছিল বলে মনে করা হত। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, সরকারি দফতর বা উড়ালপুলই শুধু নয়, ট্র্যাফিকের বিজ্ঞান ও বাস্তবতাকে উপেক্ষা করে রাস্তার ডিভাইডারও নীল-সাদা করে দেওয়া হয়েছিল। শীর্ষ নেতৃত্বের পছন্দ হওয়ায় সেই সময় প্রশাসনের অন্দরে কেউ এই নিয়ে আপত্তি তোলার সাহস দেখাননি। তবে রাজ্যে তৃণমূল জমানার অবসান ঘটতেই এ বার প্রশাসনের সর্বস্তরে সেই রঙ মুছে ফেলার পালা শুরু হল।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0