স্কুলশিক্ষায় ১৭ কোটির দুর্নীতি! স্ট্যালিনের জমানার শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করল বিজয়ের সরকার

বেসরকারি স্কুলকে সরকারি স্বীকৃতি পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন শিক্ষামন্ত্রী অনবিল মহেশ পোয়ামোঝি।

Oct 26, 2026 - 19:28
স্কুলশিক্ষায় ১৭ কোটির দুর্নীতি! স্ট্যালিনের জমানার শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করল বিজয়ের সরকার

বেসরকারি স্কুলকে সরকারি স্বীকৃতি ও অনুমোদন পাইয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন তামিলনাড়ুর প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা ডিএমকে নেতা আনবিল মহেশ পোয়ামোঝি। সোমবার চেন্নাইয়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ। এর কয়েক ঘণ্টা আগেই আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় মাদ্রাজ হাইকোর্ট। তদন্তকারীদের দাবি, এই মামলায় প্রাক্তন মন্ত্রীর যোগ থাকার যথেষ্ট প্রমাণ মিলেছে। সেই সূত্রেই তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।

১৭ কোটি টাকারও বেশি লেনদেনের অভিযোগ

চেন্নাই পুলিশের কেন্দ্রীয় অপরাধ দমন শাখার দাবি, ২০২১ থেকে ২০২৬ সালের মধ্যে পোয়ামোঝি শিক্ষামন্ত্রী থাকাকালীন বেসরকারি স্কুলগুলির কাছ থেকে টাকা তোলা হয়েছিল। স্থায়ী স্বীকৃতি, স্কুলের উন্নীতকরণ এবং ভবন নির্মাণের অনুমোদন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এই টাকা নেওয়া হয় বলে অভিযোগ। তদন্তকারীদের বক্তব্য, বিটি আরাসাকুমার নামে এক ব্যক্তির নেতৃত্বাধীন একটি অনিবন্ধিত সংগঠন এই কাজের সঙ্গে যুক্ত ছিল।

পুলিশের দাবি, এখনও পর্যন্ত ১৭৭টিরও বেশি স্কুল কর্তৃপক্ষ অভিযোগ নিয়ে সামনে এসেছে। তদন্তে ১৭ কোটি ২৬ লক্ষ টাকার কথিত লেনদেনের হদিস মিলেছে। যদিও মামলায় মোট আর্থিক অনিয়মের পরিমাণ আরও বেশি হতে পারে বলে তদন্তকারীদের অনুমান।

সংগঠন তৈরিতে মন্ত্রীর ভূমিকার অভিযোগ

তদন্তকারীদের অভিযোগ, ২০২৪ সালে নিজের ব্যক্তিগত সহকারীর মাধ্যমে ওই সংগঠন গড়ে তুলতে সাহায্য করেছিলেন পোয়ামোঝি। ওই বছরের ডিসেম্বরে চেন্নাইয়ের একটি অনুষ্ঠানে সংগঠনের উদ্যোক্তাদের প্রকাশ্যে পরিচয় করিয়ে দিয়েছিলেন বলেও দাবি করছে পুলিশ।

স্কুলগুলির কাছ থেকে সংগৃহীত টাকা পরে ‘দলীয় তহবিল’ হিসেবে মন্ত্রীর হাতে পৌঁছে দেওয়া হয়েছিল বলে জানাচ্ছেন তদন্তকারীরা। এই আর্থিক লেনদেনের পুরো পথ খতিয়ে দেখতে পোয়ামোঝিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি বলে আদালতে যুক্তি দেন তাঁরা। পলাতক এক অভিযুক্তের পরিবারের সদস্যদেরও পোয়ামোঝি তাঁর নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করেছিলেন বলে অভিযোগ উঠেছে।

আগাম জামিনের আবেদন খারিজ

মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি ভি লক্ষ্মীনারায়ণন সোমবার পোয়ামোঝির আগাম জামিনের আবেদন খারিজ করেন। কেন্দ্রীয় অপরাধ দমন শাখার বক্তব্য ছিল, প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে এবং তদন্তের স্বার্থে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

ডিএমকের বর্তমান নেতৃত্বে দ্বিতীয় প্রজন্মের গুরুত্বপূর্ণ মুখ পোয়ামোঝি। তিনি দলের নেতা তথা বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিনের ঘনিষ্ঠ বলেও পরিচিত। এই গ্রেফতারি ঘিরে তামিলনাড়ুর রাজনৈতিক মহলে নজর রয়েছে তদন্তের পরবর্তী পদক্ষেপের দিকে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0