৪ বছর আগে মাওবাদী হামলায় উড়েছিল পা! সেই কমান্ডোই তির বিঁধে ছিনিয়ে নিলেন প্যারা গেমসের সোনা
মাওবাদী দমন অভিযানে আইইডি বিস্ফোরণে বাঁ-পা বাদ যায়। চার বছর পর সেই প্রাক্তন কোবরা কমান্ডো তোমান কুমার তারাম ও শীতল দেবীর এশিয়ান প্যারা গেমসে তিরন্দাজিতে সোনা জয়।
নাগোয়ায় তখন পদক জয়ের উৎসব। এক হাতে সোনা, অন্য হাতে তেরঙা।
ছবিটা তুলেই সিআরপিএফ-এর ২০৯ নম্বর কোবরা ইউনিটের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিলেন তোমান কুমার তারাম (Toman Kumar Taram)। চার বছর আগে এই মাওবাদী দমন শাখার হয়ে অভিযানে গিয়েই বাঁ-পা খুইয়েছিলেন। আজ তাঁর তিরেই (Asian Para Games 2026) ভারতের ঝুলিতে জমা হল সোনার পদক।
মাওবাদী হামলায় উড়ে যায় পা
৩১ বছরের তোমান ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত পুরোদস্তুর কোবরা কমান্ডো (CoBRA commando)। ঝাড়খণ্ডের লোহারদাগায় এক মাওবাদী দমন অভিযানে আইইডি বিস্ফোরণে উড়ে যায় বাঁ-পা। এখন তিনি সিআরপিএফ কনস্টেবল। তোমানের কথায়, 'পাহাড়ের চূড়ায় মাওবাদীদের তাড়া করছিলাম। আমরা সংখ্যায় কম। হঠাৎ আইইডি-তে পা পড়তেই সব শেষ! কপ্টারে রাঁচি নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চরম অবসাদে ভুগেছি। তবে সহকর্মী ও পরিবারের সাপোর্টে আত্মবিশ্বাস ফেরে।'
তখন সবে বাগদান হয়েছে। স্ত্রী রেণুকা বাঈয়ের কথায়, 'আমি আর বাবা এক মাসের বেশি সময় রাঁচির হাসপাতালে ছিলাম। বিয়ে ভাঙার তো কোনও প্রশ্নই ছিল না! আজ ও সোনা জেতায় আমরা ভীষণ খুশি।'
নাগোয়ায় তিরন্দাজিতে মিক্সড টিম ইভেন্টে (mixed team archery) সোনার পদক ছিনিয়ে নিয়েছেন তোমান ও শীতল দেবী। ফোকোমেলিয়া রোগে দুই হাত অকেজো শীতলের। আর তোমানের একটি পা কৃত্রিম। এই দুই অদম্য অ্যাথলিট যোগ্যতাপর্বে ১৪০২ পয়েন্ট তুলে বিশ্বরেকর্ড (world record) গড়েছেন। ফাইনালে ১৫১-১৪৮ পয়েন্টে পরাস্ত করেন ইন্দোনেশিয়ার তেওদোরা অডি আয়ুদিয়া ফেরেলি ও কেন সোয়াগুমিলংকে। তোমান জানান, 'ফাইনালে প্রবল হাওয়া বইছিল। ব্যালেন্স রাখতে পারছিলাম না। তবে পথ ঠিকই বের করে নিই। শীতলকে তির ছুড়তে দেখলে এমনিতেই আমি মোটিভেটেড হই।'
পা হারানোর পর হায়দরাবাদের ন্যাশনাল সেন্টার অফ দিব্যাঙ্গ এমপাওয়ারমেন্টের (NCDE) দ্বারস্থ হন। পান কৃত্রিম পা। সেখানেই সিআরপিএফ-এর তিরন্দাজি কোচ পঙ্কজ সিংয়ের সঙ্গে আলাপ। পঙ্কজই তোমানকে তিরন্দাজিতে উৎসাহ জোগান। ট্রেনিং করান সাধারণ তিরন্দাজদের সঙ্গে। বুঝিয়ে দেন, তিনি কারও চেয়ে কম নন।
শারীরিক ভারসাম্য ফেরানোর কড়া অনুশীলন শুরু। ফলস্বরূপ, ২০২৫ সালে দক্ষিণ কোরিয়ায় প্যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে (Para World Championships) ব্যক্তিগত ইভেন্টে সোনা এবং শীতলের সঙ্গে মিক্সড টিমে ব্রোঞ্জ ছিনিয়ে নেন তোমান।
নিজের এই সাফল্যকে একদা সহকর্মী ও বন্ধু রাজেশ কুমারকে উৎসর্গ করেছেন ছত্তিশগড়ের অ্যাথলিট। তিনি চোট পাওয়ার কয়েকমাস পরই এক মাওবাদী হামলায় শহিদ হন রাজেশ (Rajesh Kumar)। আবেগঘন তোমানের কথায়, 'রাজেশ ও সিআরপিএফ-এর অন্য সহকর্মীদের এই পদক উৎসর্গ করলাম।'
আপাতত ঘরে অপেক্ষায় দু'বছরের প্রব্যা। পদকের পাশাপাশি আদরের মেয়ের জন্য গেমসের ম্যাসকট নিয়ে খুব জলদি দেশে ফিরছেন এই লড়াকু সেনা।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0