৫ রাজ্যের বিধানসভা ভোটে ৫২৯ কোটি খরচ বিজেপির! অর্ধেকের বেশি ব্যায় শুধু বাংলাতেই

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে ৫২৯ কোটি ৩৮ লক্ষ টাকা খরচ করেছে বিজেপি। যার মধ্যে ৫৪ শতাংশের বেশি অর্থাৎ ২৮৬ কোটি টাকাই ব্যয় হয়েছে পশ্চিমবঙ্গে।

Sep 24, 2026 - 12:46
0 0

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে ৫২৯ কোটিরও বেশি খরচ করেছে বিজেপি। যার অর্ধেকের বেশি গিয়েছে পশ্চিমবঙ্গে। নির্বাচন কমিশনে জমা দেওয়া  ব্যয়ের হিসাব অনুযায়ী, অসম, কেরল, তামিলনাড়ু, পুদুচেরি এবং বাংলায় ভোটের লড়াইয়ে গেরুয়া শিবিরের কেন্দ্রীয় দফতর থেকে মোট ৫২৯ কোটি ৩৮ লক্ষ টাকা খরচ হয়েছে। এর মধ্যে শুধু বাংলাতেই ব্যয় ২৮৬ কোটি।

পাখির চোখ বাংলা, সবচেয়ে বেশি খরচও সেখানেই

বাংলায় বিজেপির মোট ব্যয়ের মধ্যে ২১৭ কোটি ১৬ লক্ষ টাকা গিয়েছে দলীয় প্রচার এবং অন্যান্য সাধারণ নির্বাচনী খাতে। প্রার্থীদের জন্য খরচ হয়েছে ৬৯ কোটি ৮৩ লক্ষ টাকা। এর মধ্যে প্রার্থীদের সরাসরি দেওয়া হয়েছে ৫৮ কোটি ৮০ লক্ষ, যা বেশ চমকপ্রদ।

বহুবছরের চেষ্টার পর ২০২৬-এর বিধানসভা ভোটে বাংলায় বিজেপি প্রথমবার সরকার গড়ে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, পাঁচ রাজ্যের মধ্যে বাংলায় দলের নির্বাচনী ব্যয়ের পরিমাণও সবচেয়ে বেশি ছিল।

কোন রাজ্যে কত খরচ

অসমে বিজেপির খরচ হয়েছে ৯৬ কোটি ২৬ লক্ষ টাকা। কেরলে এই অঙ্ক ৮২ কোটি ৬৭ লক্ষ। তামিলনাড়ুতে ৫১ কোটি ৫৬ লক্ষ টাকা ব্যয় করেছে গেরুয়া শিবির, তাও ক্ষমতায় আসতে পারেনি। তুলনায় পুদুচেরিতে খরচ হয়েছে ১১ কোটি ৮৯ লক্ষ টাকা। পুদুচেরি অন্যান্য রাজ্যগুলির চেয়ে ছোট এবং জনসংখ্যা ও বিধানসভা আসনের সংখ্যাও কম। অর্থাৎ পাঁচ রাজ্যের মধ্যে বাংলার পরে দ্বিতীয় সর্বোচ্চ খরচ অসমে হয়েছে। কেরল এবং তামিলনাড়ু তারপরে।

ভোট শেষে দলের তহবিলে কত

নির্বাচনী পর্বে বিজেপির মোট প্রাপ্তির পরিমাণ ছিল প্রায় ১ হাজার ৪৯৪ কোটি টাকা। ভোটপর্ব শেষ হওয়ার পরে দলের হাতে থাকা অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৭ হাজার ৬৮৯ কোটি ৬ লক্ষ টাকায়। এই অর্থের মধ্যে ব্যাঙ্কে থাকা টাকা এবং নগদ—দুই ধরনের হিসাবই রয়েছে।

নির্বাচনে প্রার্থী এবং রাজনৈতিক দলের খরচের ক্ষেত্রে নিয়ম খানিকটা আলাদা। প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্দিষ্ট থাকলেও রাজনৈতিক দলের ক্ষেত্রে নির্বাচনী প্রচারে মোট খরচের এমন কোনও নির্দিষ্ট সীমা নেই। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, প্রার্থীদের নিজেদের নির্বাচনী ব্যয়ের হিসাবও জমা দিতে হয়।

প্রচার থেকে যাতায়াত, কোথায় খরচ

ভোটের সময় রাজনৈতিক দলের ব্যয়ের মধ্যে থাকে প্রচার, সভা, বিজ্ঞাপন, যাতায়াত, প্রচারসামগ্রী-সহ একাধিক খাত। নির্বাচন শেষ হওয়ার পর সেই খরচের বিস্তারিত হিসাব নির্বাচন কমিশনের কাছে জমা দিতে হয়।

এবারের পাঁচ রাজ্যের ভোটে বিজেপির কেন্দ্রীয় দফতরের ব্যয়ের হিসাবেই উঠে এসেছে বাংলায় বিপুল অর্থ খরচের ছবি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিধানসভা নির্বাচনে ৫২৯ কোটির মধ্যে ২৮৬ কোটি এক রাজ্যে ব্যয় যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User