EXCLUSIVE: প্রিয়াঙ্কা-শ্রেয়া 'মায়া', 'ভ্রম' হলে শমীকের জীবনে 'সত্য' কে? ছবির পোস্টার এনে ফাঁস করলেন নিজে
ছবিতে রহস্য, রোমাঞ্চ, অপরাধ, সাই-ফাই, কী নেই? এক ছবিতে জীবনের নানা দিক দেখাতে চলেছেন পরিচালক। একই সঙ্গে তিনি এই ছবি দিয়ে প্রযোজনার জগতেও পা রাখতে চলেছেন।
জীবনটাই তো মায়া! দাবি দার্শনিকদের। ভ্রম, মায়ার সঙ্গী। তা হলে সত্য কী? তারই খোঁজে পরিচালক শমীক রায়চৌধুরীর ছবি 'মায়া সত্য ভ্রম'। ইতিমধ্যেই ছবিটি বিদেশের নানা চলচ্চিত্র উৎসবে প্রশংসিত। এবার মুক্তি পেতে চলেছে পরিচালকের নিজের শহর কলকাতায়।
সোমবার সন্ধ্যায় প্রকাশ্যে 'মায়া সত্য ভ্রম'-এর পোস্টার। সেখানে সোহম মজুমদার, প্রিয়াঙ্কা সরকার নজর কেড়েছেন। মাথায় বিশাল পাগড়ি পরা তৃতীয় ব্যক্তি কে? দ্য ওয়াল যোগাযোগ করেছিল পরিচালকের সঙ্গে।
শমীকের সঙ্গে কথা বলতেই ফাঁস আরও সত্য! যেমন, ছবিতে রহস্য, রোমাঞ্চ, অপরাধ, সাই-ফাই, কী নেই? এক ছবিতে জীবনের নানা দিক দেখাতে চলেছেন পরিচালক। একই সঙ্গে তিনি এই ছবি দিয়ে প্রযোজনার জগতেও পা রাখতে চলেছেন। দুই, পোস্টারের তৃতীয় ব্যক্তি অর্থাৎ 'বাবাজি' চরিত্রাভিনেতা সনৎ চট্টোপাধ্যায়। শমীকের কথায়, "৬২ বছরে প্রথম অভিনয় করলেন সনৎবাবু। বিদেশি দর্শকরাও ওঁকে দেখে মুগ্ধ।" এ ছাড়াও ছবিতে আছেন পরান বন্দ্যোপাধ্যায়, দেবেশ রায়চৌধুরী, শুভ্রজিৎ দত্ত, শ্রেয়া ভট্টাচাৰ্য, অলোক সান্যাল, আলেকজান্দ্রা টেলার-সহ কলকাতার একঝাঁক অভিনেতা। ছবিতে দম্পতির ভূমিকায় সোহম-প্রিয়াঙ্কা। সোহম পুলিশ অফিসার।
শমীকের ছবিতে প্রিয়াঙ্কা আর শ্রেয়া ফিরে ফিরে আসেন। কেন? দুই নায়িকা কি পরিচালকের জীবনে 'মায়া' আর 'ভ্রম'? তা হলে শমীকের জীবনে 'সত্য' কে?
প্রশ্ন শুনে হেসে ফেলেছেন শমীক। বলেছেন, "দুই নায়িকাকে নিয়ে পর পর ছবি বানালেই এই কথা শুনতে হয়। আসলে, যাঁরা আমায় বুঝে, আমার ভাবনার শরিক হয়ে কাজ করেন, আমি তাঁদের সঙ্গে বারে বারে কাজ করতে ভালবাসি।" একটু থেমে যোগ করেছেন, "আমার জীবনের 'সত্য' আমার প্রত্যেক ছবির গল্প। ওরাই আমার 'প্রেম'। যাদের নিয়ে নতুন নতুন গল্প বুনি।"
একটি কালচক্রের উপরে তিন ব্যক্তির অবস্থান। তাঁদের পায়ের কাছে বাতপতাকা, সমুদ্রের ঢেউ। তাঁদের ঘিরে অশরীরী, উল্কা। দূরে আবছা আকাশছোঁয়া বহুতলের সারি। পরিচালক জানিয়েছেন, তাঁর পোস্টার দেখে ইন্ডাস্ট্রি থেকে অনেক ফোন এসেছে। বহুজন এর মধ্যেই অনেক গল্প খুঁজে পেয়েছেন। ছবি দেখতে আগ্রহী, জানিয়েছেন পরিচালককে। টলিউডের এই প্রশংসা 'মায়া' নয়তো? প্রশ্ন শুনে হা হা হাসি শমীকের। বললেন, 'হলে ক্ষতি কী? এই মায়াময় প্রশংসা আমায় উৎসাহিত করছে। হতাশ হয়ে ঘরে বসে থাকলে সিনেমা বানাব কী করে?"
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)