‘FIR না হওয়া পর্যন্ত উঠব না’, যন্তর মন্তরে পেলেট গান চালানোর প্রতিবাদে দিল্লিতে ধরনায় বসলেন রাহুল

যন্তর মন্তরে ছাত্রদের ওপর পেলেট গান ব্যবহারের অভিযোগে পুলিশ আধিকারিকের দফতরের সামনে ধরনায় বসলেন রাহুল গান্ধী। এফআইআর না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

Aug 21, 2026 - 16:09
0 0
‘FIR না হওয়া পর্যন্ত উঠব না’, যন্তর মন্তরে পেলেট গান চালানোর প্রতিবাদে দিল্লিতে ধরনায় বসলেন রাহুল

যন্তর মন্তরে ছাত্রদের বিক্ষোভে পেলেট গান ব্যবহারের অভিযোগ ঘিরে উত্তাপ বাড়ল দিল্লিতে। আহত এক যুবককে পাশে নিয়ে পার্লামেন্ট স্ট্রিটে এক শীর্ষ পুলিশ আধিকারিকের দফতরের বাইরে ধরনায় বসলেন লোকসভার রাহুল গান্ধী। তাঁর দাবি, ওই ঘটনায় পুলিশকে এফআইআর দায়ের করতে হবে। মামলা না হওয়া পর্যন্ত অবস্থান থেকে সরবেন না তিনি।

পুলিশের তরফে রাহুলকে জানানো হয়েছে, ছাত্র বিক্ষোভের সময় পুলিশ ও আধাসামরিক বাহিনীর বিরুদ্ধে অতিরিক্ত এবং অনুপাতহীন বলপ্রয়োগের অভিযোগ খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট একটি হাই পাওয়ার্ড এক্সপার্ট কমিটি (HPEC) গঠন করেছে। তবে সেই যুক্তিতে পিছু হটতে নারাজ কংগ্রেস নেতা। তাঁর বক্তব্য, নির্দিষ্ট ঘটনায় এফআইআর দায়ের করার প্রয়োজনীয়তা আলাদা এবং সেটি এড়ানো যায় না।

এই ধরনায় রাহুলের পাশে রয়েছেন ১৯ বছরের সাহিল লোচাব। অভিযোগ, ২০ জুলাইয়ের মিছিলে নিরাপত্তাকর্মীদের ছোড়া পেলেটে আহত হন তিনি। এর আগে জুলাই মাসেই সংবাদমাধ্যমের সামনে সাহিলকে নিয়ে এসেছিলেন রাহুল। তাঁর শরীরে থাকা আঘাতের চিহ্নও সাংবাদিকদের দেখিয়েছিলেন।

ধরনাস্থলে সাংবাদিকদের রাহুল বলেন, 'বিক্ষোভকারীদের পেলেট বন্দুকের গুলিতে আঘাত করা হয়েছিল।' তাঁর সঙ্গে থাকা সাহিলের দিকে ইঙ্গিত করে জানান, তেরঙা হাতে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার সময় তাঁর ভাই পেলেটের আঘাতে জখম হন। এরপর সাহিলের টি-শার্ট তুলে  শরীরের ক্ষতচিহ্ন সংবাদমাধ্যমকে দেখান বিরোধী দলনেতা।

ঘটনাটি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আগেই চিঠি দিয়েছিলেন রাহুল। শান্তিপূর্ণভাবে আন্দোলনরত ছাত্রদের উপর ‘বর্বর হামলা’র জন্য দায়বদ্ধতা নির্ধারণের দাবি জানিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন, তরুণদের বিরুদ্ধে পেলেট বন্দুকের মতো লেঠেল বাহিনী মোতায়েনের অনুমতি স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছিলেন কি না।

এখন এফআইআর-এর দাবিতে সরাসরি পুলিশের দফতরের সামনে বসেছেন তিনি। ফলে ছাত্র বিক্ষোভে বলপ্রয়োগের অভিযোগকে ঘিরে রাজনৈতিক চাপ আরও বাড়ল রাজধানীতে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User