World Cup 2026: বিতর্কিত বিদায় নরওয়ের! সোশ্যাল মিডিয়ায় রেফারিকে ‘ভিলেন’ বানালেন হালান্ডের বাবা

বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছে নরওয়ে। ছেলের ব্যর্থতার দিনে রেফারিকে শ্লেষাত্মক খোঁচা দিতে ছাড়লেন না আর্লিং হালান্ডের বাবা আলফ-ইঙ্গে হালান্ড।

Jul 12, 2026 - 16:56
0 0
World Cup 2026: বিতর্কিত বিদায় নরওয়ের! সোশ্যাল মিডিয়ায় রেফারিকে ‘ভিলেন’ বানালেন হালান্ডের বাবা

মায়ামির মাঠে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নরওয়ের৷ ছেলে ব্যর্থ। গোল পেলেন না৷ দলও ছিটকে গেল। আর বাবার যত রাজ্যের রাগ গিয়ে পড়ল রেফারির উপর! মেজাজ হারিয়ে সোশ্যাল মিডিয়ায় রেফারির মুণ্ডপাত করলেন আর্লিং হালান্ডের বাবা আলফ-ইঙ্গে হালান্ড।

এককালে নটিংহ্যাম ফরেস্ট, লিডস ও ম্যাঞ্চেস্টার সিটির মতো ক্লাবে দাপিয়ে খেলা এই প্রাক্তনী নরওয়ের পরাজয় কিছুতেই মেনে নিতে পারছেন না। ইতালীয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সোশ্যাল মিডিয়ায় জুড বেলিংহ্যামের প্রশংসা করেছিলেন। ঠিক সেখানেই শ্লেষাত্মক মন্তব্য ছুড়ে দেন সিনিয়র হালান্ড। সরাসরি খোঁচা মেরে লেখেন, 'বেলিংহ্যাম এবং রেফারিকে সাবাস!' (Norway vs England)।

এই একটি বাক্যেই স্পষ্ট, দলের এমন বিদায়ে কতটা ফুঁসছে নরওয়ে শিবির। উল্লেখ্য, আলফ-ইঙ্গে নিজেও ১৯৯৪ বিশ্বকাপে নরওয়ের হয়ে প্রতিনিধিত্ব করেছেন৷ দেশের জার্সিতে খেলেছেন ৩৪টি ম্যাচ।

তারে ধাক্কা ও ফিফার সাফাই

ম্যাচে নরওয়ের ক্ষোভের আসল কারণ অবশ্য একজোড়া বিতর্কিত সিদ্ধান্ত। প্রথম ঘটনাটি ঘটে প্রথমার্ধের ইনজুরি টাইমে। ইংল্যান্ডের সমতাসূচক গোলের আগে নরওয়ের গোলরক্ষকের শটে বল ওভারহেড ক্যামেরার তারে লেগেছে বলে তীব্র প্রতিবাদ জানায় নরওয়ে। তাদের দাবি ছিল, বল তারে লাগলে খেলা থামানো উচিত। কিন্তু রেফারি তাতে বিন্দুমাত্র কর্ণপাত করেননি৷ উলটে পড়ে পাওয়া চোদ্দো আনার ফায়দা তুলে অ্যান্টনি গর্ডনের পাসে ঠান্ডা মাথায় গোল করেন বেলিংহ্যাম (Jude Bellingham)।

পরে ফিফার তরফে সাফাই দিয়ে জানানো হয়, 'কানেক্টেড বল'-এর সেন্সরে শূন্যে ভাসমান অবস্থায় বলের কোনও 'হার্টবিট' বা অস্বাভাবিক স্পন্দন ধরা পড়েনি। অর্থাৎ, বলটি যে তারে লেগেছে, প্রযুক্তির বিচারে তার কোনও অকাট্য প্রমাণ নেই। ফিফার এই বিবৃতি নরওয়ের কাটা ঘায়ে নুনের ছিটে ছড়িয়ে দেয় (FIFA World Cup 2026)।

ভিএআর-এর খাঁড়া, হালান্ডের খরা

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে নরওয়ের ক্ষোভ একেবারে সপ্তমে ওঠে৷ কর্নার থেকে টরবিয়র্ন হেগেম বল জালে জড়ালেও, ভিএআর-এর খাঁড়ায় তা বাতিল হয়ে যায় (Football VAR Controversy)। কারণ হিসেবে দেখানো হয়, কর্নার নেওয়ার ঠিক আগেই ইংল্যান্ডের এলিয়ট অ্যান্ডারসনকে ফাউল করেছেন আর্লিং হালান্ড। অর্থাৎ, নিজে বলে জালে জড়ানো তো দূর, উলটে ফাউলের জেরে দলের নিশ্চিত গোল বাতিল করেন ম্যান সিটির এই মহাতারকা! এর আগে খেলার ৩৬ মিনিটে হ্যারি কেনের ভুল কাজে লাগিয়ে আন্দ্রিয়াস শেলদেরুপের গোলে শুরুতে এগিয়ে যায় নরওয়ে। কিন্তু তাতে কাজের কাজ হয়নি৷ অতিরিক্ত সময়ের মাঝামাঝি হালান্ডকে তুলে নিতে বাধ্য হন কোচ। আর এর জেরে টানা ১৪টি প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ম্যাচে গোল করার যে বিরল রেকর্ড ছিল, তাতে ছেদ পড়ে (Erling Haaland)।

অতিরিক্ত সময়ে বাজিমাত থ্রি-লায়ন্সদের

নির্ধারিত সময়ে ১-১ অমীমাংসিত থাকার পর, অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটেই ম্যাচের ফয়সালা হয়। মর্গান রজার্সের দূরপাল্লার শট নরওয়ের গোলরক্ষক ওরিয়ান নাইল্যান্ডের হাত ফসকাতেই সুযোগে দ্রুত রিঅ্যাক্ট করে নিজের দ্বিতীয় তথা দলের জয়সূচক গোলটি ছিনিয়ে নেন বেলিংহ্যাম (England Football Team)।

এই নিয়ে শেষ তিনটি বিশ্বকাপের মধ্যে দু'বার সেমিফাইনালে পা রাখল ইংল্যান্ড। সব মিলিয়ে বিশ্বমঞ্চে এটি তাদের চতুর্থ সেমিফাইনাল। ফাইনালে ওঠার লড়াইয়ে এবার সামনে আর্জেন্তিনা অথবা সুইজারল্যান্ড (World Cup Semi Final)। অন্যদিকে, রেফারিকে দুষে, প্রযুক্তির দিকে আঙুল তুলে একরাশ হতাশাকে সঙ্গী করে দেশে ফিরছে নরওয়ে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User