তারাপীঠের অভিজাত লজে আগুন! দু'মাস আগেই হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণ হারায় ৯ পুণ্যার্থী
তারাপীঠের এক অভিজাত লজে ফের অগ্নিকাণ্ডের জেরে তীব্র চাঞ্চল্য। ঠিক দু'মাস আগেই এক হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারিয়েছিলেন ৯ জন পুণ্যার্থী।
মাস দুয়েক আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছিলেন ৯ জন। সেই স্মৃতি এখনও টাটকা। এরই মধ্যে মঙ্গলবার ভোরে ফের আগুন লাগল বীরভূমের তারাপীঠের একটি অভিজাত লজে (Tarapith lodge fire)। কালো ধোঁয়ায় ঢেকে যায় হোটেলের একাধিক ঘর। আতঙ্ক ছড়িয়ে পড়ে আবাসিকদের মধ্যে। তবে দমকল ও পুলিশের তৎপরতায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে (Tarapith fire incident)। প্রাথমিকভাবে জানা গিয়েছে, লজের দোতলার একটি ঘর থেকেই আগুন লাগে। ঘটনায় কেউ হতাহত হননি বলে প্রশাসন সূত্রে খবর।
রামপুরহাট থেকে তারাপীঠ যাওয়ার পথে রয়েছে এই বিলাসবহুল লজ ‘গডস কাউন্টি’। মঙ্গলবার ভোর প্রায় ৪টে নাগাদ এই লজের দোতলায় আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন এবং পুলিশ। দমকলকর্মীরা দ্রুত আগুন নেভানোর কাজে হাত লাগান।
প্রাথমিক তদন্তের পর দমকল সূত্রে জানা গিয়েছে, লজের দ্বিতীয় তলার একটি ঘরের বিছানায় প্রথম আগুন লাগে। সেখান থেকে ধোঁয়া ছড়িয়ে পড়ে আশপাশের ঘরেও। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ভরে যায় লজের একাধিক অংশ। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন সেখানে থাকা আবাসিকরা। তবে দমকল ও পুলিশের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। লজ কর্তৃপক্ষের তরফে দাবি, কোনও আবাসিকের ক্ষতি হয়নি।
কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি লজের অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কি না, তা-ও পরীক্ষা করছেন দমকল আধিকারিকরা। অগ্নিকাণ্ডে লজের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়েও এখনও বিস্তারিত তথ্য মেলেনি।
গত অগস্টে শ্রাবণ মাসের শেষ সোমবার তারাপীঠের একটি হোটেলে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়েছিল। তারপর রামপুরহাটের একটি হোটেলের রান্নাঘরেও আগুন লাগে। সেই ঘটনায় প্রাণহানি না হলেও পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।
এরপর জেলার হোটেলগুলির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে জেলা প্রশাসন। কয়েকটি হোটেল বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছিল। তার পরেও মাস দুয়েকের মধ্যে ফের তারাপীঠে ফের হোটেলে আগুন লাগার ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। বিশেষ করে পুজো ও তীর্থযাত্রার মরসুমে তারাপীঠে আসা পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। আপাতত আগুন লাগার কারণ এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না, তদন্তে সেই দিকগুলিই খতিয়ে দেখা হচ্ছে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0