World Cup 2026: লজ্জার বিদায়েও পদত্যাগে নারাজ! হারকে ‘জ্বালানি’ করে নতুন শুরুর বার্তা অ্যান্সেলোত্তির

নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে লজ্জার বিদায় ব্রাজিলের। তবে পদত্যাগ করছেন না কার্লো আনচেলত্তি। হারের যন্ত্রণাকে হাতিয়ার করেই নতুন শুরুর বার্তা দিলেন ব্রাজিলীয় কোচ।

Jul 06, 2026 - 18:03
0 0
World Cup 2026: লজ্জার বিদায়েও পদত্যাগে নারাজ! হারকে ‘জ্বালানি’ করে নতুন শুরুর বার্তা অ্যান্সেলোত্তির

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের কাছে ২-১ গোলের যন্ত্রণাদায়ক হারের মধ্যে দিয়ে শেষ ব্রাজিলের বিশ্বকাপ অভিযান। ১৯৯০ সালে আর্জেন্তিনার কাছে ঠিক একই পর্যায়ে অর্থাৎ, শেষ ষোলোর পরাজয়ের পর, এটাই বিশ্বমঞ্চে সেলেকাওদের সবচেয়ে ম্রিয়মাণ পারফরম্যান্স।

২০০২ সালে জাপানের মাটিতে শেষবার বিশ্বকাপ জেতে ব্রাজিল। এরপর থেকে বিশ্বজয়ের জন্য এই চিরকালীন ফেভারিটদের অপেক্ষা সিকি শতাব্দী ছাড়িয়ে আরও দীর্ঘায়িত হল। তবে দলের এমন হতাশাজনক বিদায়কে ভবিষ্যতের ‘জ্বালানি’ হিসেবেই দেখছেন প্রধান কোচ কার্লো অ্যান্সেলোত্তি। ম্যাচ শেষে তাঁর স্পষ্ট বার্তা, এই ব্যর্থ টুর্নামেন্ট থেকেই শুরু হতে চলেছে ব্রাজিলের এক নতুন চক্র। ইতালীয় কোচের অকপট জবাব, ‘ম্যাচে যা ঘটেছে, তা বিচার করলে স্বাভাবিকভাবেই সকলে গভীর হতাশ। আমি মনে করি আমাদের বিশ্বকাপটা খুব অসাধারণ না হলেও ভাল কেটেছে। আমার তো মনে হয় আজকের ম্যাচটা আমাদেরই জেতা উচিত ছিল!’

ব্রুনোর পেনাল্টি মিস ও হালান্ডের জোড়া ধাক্কা

ম্যাচের ভাগ্য কার্যত শুরুতেই নির্ধারিত হয়ে যায়। ব্রাজিলীয় মিডফিল্ডার ব্রুনো গিমারেজ প্রথমার্ধে পেনাল্টি ফস্কান। দুর্বল স্পট কিক অনায়াসে সেভ করেন নরওয়ের গোলরক্ষক। এরপর দ্বিতীয়ার্ধের শেষের দিকে আর্লিং হালান্ড নরওয়ের হয়ে জোড়া গোলে ব্রাজিলের কফিনে শেষ পেরেকটি পোঁতেন। ইনজুরি টাইমে স্পট কিক থেকে গোল করে ব্যবধান কমান নেইমার, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। সেই গোল সেলেকাওদের কাছে স্রেফ সান্ত্বনা হয়েই থেকে যায়।

দলের বিপর্যয় প্রসঙ্গে অ্যান্সেলোত্তির বক্তব্য, ‘আপনাকে এই ধরনের পরাজয় হজম করতেই হবে। এটা আমাদের জন্য সম্পূর্ণ একটা নতুন অভিযান ছিল। এখন আমাদের নিজেদের জায়গাটা নতুন করে অর্জন করে প্রতিনিয়ত উন্নতির ধারা বজায় রাখতে হবে!’

চুক্তিমাফিক থাকছেন, দিলেন ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি

এক বছরের সামান্য কিছু বেশি সময় আগে ব্রাজিলের দায়িত্ব নেন কার্লো অ্যান্সেলোত্তি। লক্ষ্য ছিল রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ জয়। কিন্তু সেই স্বপ্ন আপাতত অধরা। ২০৩০ সালের পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত তাঁর চুক্তি রয়েছে। তাই এখনই পদত্যাগের জল্পনা সম্পূর্ণ উড়িয়ে দিয়ে ৬৭ বছর বয়সি ইতালীয় কোচ বলেন, ‘আমি মনে করি না এটাই শেষ। আমার মতে, এটা একটা নতুন চক্রের শুরু মাত্র। দলের যে স্কোয়াড আছে, আজকের ম্যাচে যা ঘটল তা বাদ দিলে, আমি নিশ্চিত ব্রাজিল এই বিশ্বকাপের শেষ পর্যন্ত লড়াই করতে পারত!’ আরও যোগ করেন, ‘আমি শুধু এটাই বলতে পারি যে, আমরা জাতীয় দলের জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যাব, উন্নতি করব এবং নতুন আইডিয়া খুঁজব। আমরা যথেষ্ট ভাল কাজ করেছি। কিন্তু এটাই ফুটবল, এটাই খেলা। আপনাকে হার এবং দুঃখের স্বাদ সামলাতেই হবে। আমি এতে খুব অভ্যস্ত, আমরা এটা সামলে নেব এবং আগামী দিনে এই হারকেই জ্বালানি হিসেবে ব্যবহার করব!’

‘অত্যন্ত দুঃখের দিন’, আক্ষেপ ভিনিসিয়াসের

চলতি টুর্নামেন্টে নজরকাড়া পারফরম্যান্স করা দলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র এই হারকে 'অত্যন্ত দুঃখের দিন' বলে আখ্যা দিয়েছেন। এবারের আসরে তিনি একাই চারটি গোল করেন। রিয়াল মাদ্রিদ তারকার আক্ষেপ, ‘বিশ্বকাপ থেকে এভাবে ছিটকে যাওয়াটা সব সময়ই একটা বিশাল ধাক্কা। আমরা এখনও ম্যাচটা সেভাবে বিশ্লেষণ করতে পারিনি, কারণ বিশ্বকাপের মতো মঞ্চে এই ধরনের ম্যাচে অনেক কিছু জড়িয়ে থাকে। তবে এখন এগুলো ভুলে এগিয়ে যেতে হবে!’

সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে না পারার দীর্ঘ আক্ষেপও ঝরে পড়ে তাঁর গলায়। ভিনিসিয়াসের নির্লিপ্ত মন্তব্য, ‘দুর্ভাগ্যবশত ফুটবল এমনই, আমরা সব সময় জিতব না। আমি জানি আমরা অনেকদিন জিতিনি, সাধারণ মানুষ আবার সেই আনন্দটা ফিরে পেতে চায়, কিন্তু এবার অন্তত সেটা হল না!’

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User