ছোট্ট উইপোকার ভয়ঙ্কর রূপ! বিশ্ব উষ্ণায়নের আগুনে কি ঘি ঢালছে ঘরের এই খুদে শত্রু?

ঘরের কোণে লুকিয়ে থাকা ছোট্ট উইপোকাই কি পৃথিবীর জন্য বড় বিপদ?

Jul 06, 2026 - 18:01
0 0
ছোট্ট উইপোকার ভয়ঙ্কর রূপ! বিশ্ব উষ্ণায়নের আগুনে কি ঘি ঢালছে ঘরের এই খুদে শত্রু?

ঘরের কোণে জমতে থাকা উইপোকার (Termites) ঢিবি দেখে আমরা বড়জোর সাধের আসবাবপত্র বা প্রিয় বইপত্রগুলো নষ্ট হওয়ার চিন্তায় কপালে ভাঁজ ফেলি। কিন্তু আপনি কি জানেন, ঘরের আসবাব ধ্বংসকারী এই অতি ক্ষুদ্র প্রাণীটিই এখন গোটা পৃথিবীর ধ্বংসের গতি বাড়িয়ে দিচ্ছে? বিজ্ঞানীদের সাম্প্রতিকতম এক চাঞ্চল্যকর দাবি ঠিক এমনই। বিশ্ব উষ্ণায়ন বা গাল ভরা ‘গ্লোবাল ওয়ার্মিং’-এর (Global Warming) কারণে যখন এমনিতেই ধুঁকছে নীল গ্রহ, তখন নিঃশব্দে এক মহাবিপর্যয়ের অনুঘটক হিসেবে কাজ করে চলেছে এই খুদে উইপোকার দল!

১০ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিতে ৭ গুণ ক্ষিপ্র উইপোকা!

যত দিন যাচ্ছে, পৃথিবীর পারদ ততই চড়ছে। আর এই গরম আবহাওয়াই যেন উইপোকাদের জন্য হয়ে উঠেছে পৌষ মাস। ইউনিভার্সিটি অফ মিশিগানের বিজ্ঞানীদের করা সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, গরম যত বাড়ছে, উইপোকারা তত দ্রুত গতিতে কাঠ খাওয়া শুরু করছে। অবাক করার মতো তথ্য হল, প্রকৃতির তাপমাত্রা প্রতি ১০ ডিগ্রি সেলসিয়াস বাড়ার সঙ্গে সঙ্গে উইপোকাদের কাঠ খাওয়ার ক্ষমতা ও গতি প্রায় ৭ গুণ বৃদ্ধি পায়!

বর্তমানে বিশ্বের ১৩৩টি প্রান্তে শতাধিক বিজ্ঞানী কাঠ নিয়ে এই গবেষণাটি চালিয়েছেন, যার ফলাফল সম্প্রতি বিখ্যাত ‘সায়েন্স জার্নাল’-এ প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীদের আশঙ্কা, বিশ্বব্যাপী এই তাপমাত্রা বৃদ্ধির ফলে উইপোকার বংশবৃদ্ধি আরও দ্রুত হবে এবং তারা খুব শিগগিরই বিশ্বের প্রতিটি কোণায় কোণায় ছড়িয়ে পড়বে।

   

কাঠ ছেড়ে এবার মাটির দিকে নজর!

উইপোকাদের এই আগ্রাসী রূপ কেবল কাঠে বা আসবাবপত্রেই সীমাবদ্ধ নেই। বিশেষজ্ঞরা এক অদ্ভুত ও উদ্বেগজনক তথ্য দিয়ে বলছেন, গ্লোবাল ওয়ার্মিং বাড়ার সঙ্গে সঙ্গে প্রকৃতিতে উইপোকার সংখ্যা এতটাই বৃদ্ধি পেয়েছে যে, তারা এখন কাঠের পাশাপাশি মাটিও খেতে শুরু করেছে। আসলে মাত্রাতিরিক্ত গরমের কারণে নিজেদের বাঁচার তাগিদে তারা এখন মাটি খুঁড়ে ভেতর থেকে খাবার খোঁজার মরিয়া চেষ্টা চালাচ্ছে।

উইপোকার কাঠ খাওয়ার সঙ্গে তাপমাত্রা বাড়ার সম্পর্ক কী?

গাছপালা সালোকসংশ্লেষণের সময় বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে পৃথিবীর তাপমাত্রা স্বাভাবিক রাখে। ফলে বৈশ্বিক কার্বন চক্রে গাছের ভূমিকা অপরিসীম। কিন্তু গাছের বয়স বাড়লে বা তা শুকিয়ে গেলে তার কিছু অংশ পচতে শুরু করে। ঠিক এই পচা অংশগুলোকেই নিশানা করে উইপোকার দল। যখনই তারা এই কাঠ বা পচা অংশগুলো খেতে শুরু করে, তখন তা থেকে বিপুল পরিমাণে কার্বন ডাই অক্সাইড এবং মিথেন গ্যাসের মতো ক্ষতিকর গ্রিন হাউস গ্যাস নির্গত হয়। এই গ্যাসগুলোই বায়ুমণ্ডলে মিশে পৃথিবীর তাপমাত্রা আরও দ্রুত বাড়িয়ে তুলছে। অর্থাৎ, তাপমাত্রা বাড়লে উইপোকার খাওয়া বাড়ছে, আর উইপোকার খাওয়া বাড়লে নির্গত গ্যাসের চোটে পৃথিবীর তাপমাত্রা আরও লাফিয়ে লাফিয়ে বাড়ছে!

ষষ্ঠ মহাবিনাশের দিকে কি এগোচ্ছে পৃথিবী?

ইতিহাস সাক্ষী, পৃথিবী এযাবৎকাল ৫টি মহাবিধ্বংসী ঘটনা বা গণবিলুপ্তির রূপ চাক্ষুষ করেছে। যার মধ্যে ডাইনোসরদের বিলুপ্তি ছিল পঞ্চম। প্রায় ৬৫.৫ মিলিয়ন বছর আগে একটি বিশাল গ্রহাণুর সাথে পৃথিবীর সংঘর্ষের ফলে সৃষ্টি হওয়া ভয়াবহ আগুনে (হলোকাস্ট) সম্পূর্ণ ধ্বংস হয়েছিল ডাইনোসর সাম্রাজ্য। তবে বিজ্ঞানীরা মনে করছেন, ষষ্ঠবারের জন্য যদি পৃথিবী ধ্বংসের মুখে পড়ে, তবে তার কারণ কোনও প্রাকৃতিক বিপর্যয় হবে না, হবে মানুষ নিজেই।

মানুষের ক্রমাগত গাছ কাটার ফলে পৃথিবী এমনিতেই উত্তপ্ত হচ্ছে, কমছে অক্সিজেনের মাত্রা। দিনের পর দিন বিশ্ব উষ্ণায়ন এভাবে বাড়তে থাকলে একসময় পৃথিবীর সমস্ত জল শুকিয়ে যাবে, এমনকি পাথরও গলতে শুরু করবে। আর মানুষের তৈরি করা এই উষ্ণায়নের আগুনে ঘি ঢালছে কোটি কোটি উইপোকা। ফলে ছোট্ট এই প্রাণীটির অবদান যে বৈশ্বিক উষ্ণায়নে কতটা ভয়ঙ্কর রূপ নিতে চলেছে, তা ভেবেই এখন কপালে চিন্তার ভাঁজ বিশ্ব বিজ্ঞানমহলের।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User