‘আমার অনুমতি ছাড়াই...’, এতদিন পর ‘সরকে চুনর’ বিতর্কে কী বললেন নোরা ফতেহি?
‘KD: The Devil’-এর ‘Sarke Chunar Teri Sarke’ গান নিয়ে বিতর্কে এতদিন পর মুখ খুললেন নোরা ফতেহি। অনুমতি ছাড়াই ছবি ও ভিজ্যুয়াল ব্যবহারের অভিযোগ অভিনেত্রীর।
‘KD: The Devil’ ছবির ‘Sarke Chunar Teri Sarke’ গানটিকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্ক যেন পিছুই ছাড়ছে না অভিনেত্রী নোরা ফতেহির। কয়েক মাস আগের সেই জলঘোলা নিয়ে সম্প্রতি একটি পডকাস্টে হাজির হয়ে নিজের অবস্থান নতুন করে পরিষ্কার করেছেন তিনি। অভিনেত্রীর দাবি, এই গানটির হিন্দি সংস্করণ তৈরি এবং তাঁর ছবি বা ভিজ্যুয়াল ব্যবহারের ক্ষেত্রে প্রযোজনা সংস্থা তাঁর থেকে কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেনি। নোরার মতে, তাঁর নীরবতাকে প্রায়শই মানুষ ভুল বোঝেন, তাই এবার তিনি সত্য ঘটনাটি প্রকাশ করতে বাধ্য হয়েছেন।
প্রসঙ্গত, সঞ্জয় দত্ত ও নোরা ফতেহি অভিনীত গানটি প্রকাশ্যে আসার পরেই এর সুর, দৃশ্যায়ন ও কথার বাঁধন নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। গানটিতে ব্যবহৃত কথা এবং নোরার ভিজ্যুয়াল নিয়ে আপত্তি ওঠায় বিতর্ক চরমে পৌঁছায়। পরিস্থিতি উত্তপ্ত হলে নোরা এক ভিডিও বার্তায় স্পষ্ট করেছিলেন যে, হিন্দি ভার্সনটির সঙ্গে তাঁর কোনো প্রত্যক্ষ সম্পর্ক ছিল না।
পডকাস্টে অভিনেত্রী জানান, প্রায় তিন বছর আগে তিনি গানটির শুটিং করেছিলেন কন্নড় ভাষায়। সঞ্জয় দত্তের মতো বড় তারকার সঙ্গে কাজ এবং এটি একটি মেগা প্রজেক্ট হওয়ায় তিনি প্রস্তাবটিতে সায় দিয়েছিলেন। কিন্তু নোরার অভিযোগ, মূল কন্নড় গানটিকে না জানিয়েই হিন্দিতে ডাব করা হয় এবং এমন কিছু আপত্তিকর শব্দ যুক্ত করা হয়, যা তাঁর পছন্দ নয়। শুধু ডাবিং নয়, লিরিক্যাল ভিডিওতে তাঁর অনুমতি ছাড়াই এমন কিছু ছবি ব্যবহার করা হয়, যা নিয়ে তাঁর চরম আপত্তি রয়েছে। এমনকি সেখানে সঞ্জয় দত্ত ও নোরার একটি এআই (AI) দিয়ে তৈরি ছবিও যুক্ত করা হয়েছিল বলে অভিযোগ তোলেন অভিনেত্রী।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)