উইন্ডোজে PR, লুকিয়ে বানানো সিনেমা! ভাগ্যশ্রী-নন্দনদের ছবির পাশে দাঁড়ালেন শিবু-নন্দিতা
একদিকে উইন্ডোজ প্রোডাকশনের মার্কেটিং ও পিআরের দায়িত্ব, অন্যদিকে ক্যামেরার সামনে নিজের প্রথম বড় চরিত্র। এতদিন অন্যের ছবি দর্শকের কাছে পৌঁছে দেওয়াই ছিল ভাগ্যশ্রী রায়চৌধুরীর কাজ।
একদিকে উইন্ডোজ প্রোডাকশনের মার্কেটিং ও পিআরের দায়িত্ব, অন্যদিকে ক্যামেরার সামনে নিজের প্রথম বড় চরিত্র। এতদিন অন্যের ছবি দর্শকের কাছে পৌঁছে দেওয়াই ছিল ভাগ্যশ্রী রায়চৌধুরীর কাজ। কিন্তু নিজের অভিনীত ছবি 'গেট আপ কিংশুক'-এর প্রচারের জন্য হাতে সময় মিলেছে মাত্র ৪৮ ঘণ্টা। তবু এই ছবির সবচেয়ে বড় প্রাপ্তি, পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় নিজেরাই ছবিটির পাশে দাঁড়িয়েছেন। শুধু তাই নয়, ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বেঙ্গলি প্যানোরমা প্রতিযোগিতা বিভাগেও জায়গা করে নিয়েছিল ছবিটি।
শাহির রাজ অভিনীত এই ছবির পরিচালক নন্দন ঘোষ, যিনি দীর্ঘদিন শিবপ্রসাদ-নন্দিতার সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। তাঁর কথায়, বন্ধুদের সঙ্গে একই ফ্ল্যাটে থাকতে থাকতেই জন্ম নেয় ছবির ভাবনা। অফিসের কাজ সামলে মাত্র পাঁচটি রবিবারে শুটিং করার পরিকল্পনা হয়। প্রায় দু'মাস ধরে চিত্রনাট্য লেখার পর সীমিত বাজেটের কথা মাথায় রেখে বন্ধুদের নিয়েই তৈরি হয় অভিনয়শিল্পীদের দল। রবিবারে শুটিং, রবিবারেই এডিটিং, ডাবিং ও পোস্ট প্রোডাকশন করতে করতেই তিন বছরে শেষ হয় ছবির কাজ।
ছবির মূল ভাবনাটাও এসেছে একেবারে নিজের জীবন থেকেই। নন্দন জানান, এক বন্ধু তাঁকে বলেছিলেন তাঁর জীবনে নাকি তেমন কোনও সমস্যা নেই। তখনই তিনি উপলব্ধি করেন, তাঁর সবচেয়ে বড় সমস্যা ঘুম। রাত জেগে থাকা, সকালে উঠতে না পারা এবং সময়ের সঙ্গে লড়াই করা আজকের প্রজন্মের খুব পরিচিত বাস্তব। সেই অভিজ্ঞতাকেই হাসির মোড়কে তুলে ধরা হয়েছে 'গেট আপ কিংশুক'-এ। নির্মাণে অনুপ্রেরণা ছিল স্বল্প বাজেটের গেরিলা স্টাইলের সিনেমা, পুরনো বাংলা টেলিফিল্ম এবং নিউ ওয়েভ ধারার ছবি।
প্রথমে ছবিটি ইউটিউবে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছিলেন নির্মাতারা। কারণ নতুন পরিচালক ও নতুন মুখদের নিয়ে তৈরি ছবির প্রতি খুব একটা আগ্রহ দেখাননি কেউ। কিন্তু ঠিক ইউটিউবে মুক্তির আগের দিনই আসে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে নির্বাচনের ইমেল। উৎসবে ছবির দুটি প্রদর্শনীই ছিল হাউসফুল। দর্শকদের প্রশংসা এবং দীর্ঘ লাইনই তাঁদের বিশ্বাস করিয়ে দেয়, ছবিটি বড়পর্দায় মুক্তি পাওয়া উচিত।
এই গোটা সফরের সবচেয়ে চমকপ্রদ দিক, ছবি তৈরির কথা শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়কে এতদিন জানানোই হয়নি। নন্দনের কথায়, ভয় নয়, বরং এক ধরনের লজ্জা আর সংকোচ থেকেই তাঁরা কিছু বলতে পারেননি। কিন্তু কিফে নির্বাচনের পর সব জানানোর পর শিবপ্রসাদ শুধু পাশে দাঁড়াননি, ছবিটি দেখে বলেন, এটি মোবাইলের জন্য নয়, বড়পর্দার ছবি। তাঁর উদ্যোগেই ছবির সেন্সরের কাজও এগোয়। সোশ্যাল মিডিয়ায় শিবপ্রসাদ লিখেছেন, স্বাধীন পরিচালকদের সবচেয়ে বড় লড়াই ছবি মুক্তির সময়। মাত্র ৪৮ ঘণ্টার প্রচার নিয়েও তিনি দর্শকদের হলে গিয়ে ছবিটি দেখার আবেদন জানিয়েছেন। তাঁর বিশ্বাস, সিনেমার সবচেয়ে বড় শক্তি বাজেট নয়, কনটেন্ট।
ছবির অন্যতম অভিনেত্রী ভাগ্যশ্রী রায়চৌধুরীর কাছেও 'গেট আপ কিংশুক' ভীষণ ব্যক্তিগত। ছোটবেলা থেকে থিয়েটারের সঙ্গে যুক্ত থাকলেও উইন্ডোজে যোগ দেওয়ার পর অভিনয়ে সময় দিতে পারেননি। বর্তমানে তিনি সংস্থার মার্কেটিং ও পিআরের দায়িত্ব সামলান। নন্দন ঘোষের সঙ্গে তাঁর সম্পর্কও সহকর্মীর গণ্ডি ছাড়িয়ে ভাইবোনের মতো। একদিন গভীর রাতে নন্দন তাঁকে ছবির গল্প শোনান, আর সেখান থেকেই শুরু হয় এই যাত্রা।
ভাগ্যশ্রী জানান, নিজের অভিনীত ছবির জন্য সবচেয়ে কম সময় পেয়েছেন প্রচারে। তবু শিবপ্রসাদ-নন্দিতার সমর্থনই তাঁদের সবচেয়ে বড় শক্তি। ছবি দেখে শিবপ্রসাদ তাঁকে বলেছিলেন, অভিনয়ই তাঁর আসল জায়গা। সেই প্রশংসা আজও তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।
১০ জুলাই নন্দন ২-এ মুক্তি পাচ্ছে 'গেট আপ কিংশুক'। শাহির রাজ, সন্দীপন তপাদার, অনুতর্ষ মুখোপাধ্যায়, অরূপ কর, কৌশিক মণ্ডল, দ্বীপান্বিতা দাস, ভাগ্যশ্রী রায়চৌধুরী, রাজশ্রী বিশ্বাস এবং মৌপর্ণা সাহা অভিনীত এই ছবির মাধ্যমে একদল তরুণ নির্মাতা প্রমাণ করতে চাইছেন, বড় বাজেট নয়, ভালো গল্পই শেষ পর্যন্ত দর্শকের মন জিতে নেয়।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)