‘এমন ব্যাটিং আগে দেখিনি!’ বৈভবে বিস্মিত পাকিস্তান, মিয়াঁদাদ-আকমলদের ঘোর কাটছে না
আমিরশাহির বিরুদ্ধে ৫৩ বলে ২০৪ রানের বিধ্বংসী ইনিংস বৈভব সূর্যবংশীর। বিহারের কিশোরের ব্যাটিং তাণ্ডবে মুগ্ধ সীমান্তের ওপারও। কী বললেন জাভেদ মিয়াঁদাদ, বাসিত আলি ও কামরান আকমলরা?
আমিরশাহির বিরুদ্ধে ২৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫৩ বলে ২০৪! ২৮টি ছক্কা আর সাতটি চার—বাউন্ডারি থেকেই ১৯৬ রান, দৌড়ে মাত্র ৮=। দলের বাকিদের অবদান যেখানে সাকুল্যে ৫০, সেখানে একাই ম্যাচ শেষ করেছেন বিহারের তাজপুরের ‘বস বেবি’ বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)।
এশিয়া কাপ রাইজিং স্টারসে ১৫ বছরের কিশোরের এই ব্যাটিং তাণ্ডব সীমান্ত পেরিয়েও আলোড়ন ফেলেছে। সূর্যকুমার যাদব যাঁকে নিজের ‘অনুপ্রেরণা’ বলেছেন, সচিন-সৌরভ, আজহারউদ্দিন, শ্রীকান্ত থেকে কেভিন পিটারসেন—প্রশংসায় পঞ্চমুখ সকলে। পিছিয়ে নেই পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররাও (Pakistan Cricket)।
‘আমরা স্বপ্নে সেঞ্চুরি করতাম, ও মাঠে করে দেখাল’: সুনীল গাভাসকর
একটি স্পোর্টস চ্যানেলে আকাশ চোপড়ার সঙ্গে আলোচনায় সুনীল গাভাসকর (Sunil Gavaskar) বলেন, ‘ওর বয়সে আমরা শুধু স্বপ্নেই সেঞ্চুরি করতাম। এই ছেলেটি মাঠে নেমে শতরান করে দেখাল। ভবিষ্যতে ওর ব্যাট থেকে আরও অনেক শতক আসবে—শুধু টি-২০ নয়, ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটেও।’
‘ক্লিন হিটার, ব্যাটিংয়ে ক্লাস রয়েছে’: জাভেদ মিয়াঁদাদ
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক জাভেদ মিয়াঁদাদের কথায়, ‘ছেলেটির পারফরম্যান্সই ওর হয়ে কথা বলছে। ও স্পিন বা পেস—কাউকেই ভয় পায় না। বাউন্সি উইকেটেও অনায়াসে খেলতে পারে। ও একজন ক্লিন হিটার, ব্যাটিংয়ে ক্লাস রয়েছে। শট খেলার সময় হাতে প্রচুর সময় থাকে। এই পারফরম্যান্সের পর ওর প্রতিভাকে কুর্নিশ জানাতেই হবে।’
‘পাকিস্তানে থাকলে জাতীয় দলে ঢুকে যেত’: তনভীর আহমেদ
প্রাক্তন পাক পেসার তনভীর আহমেদের স্বীকারোক্তি, ক্রিকেটে এমন কিছু তিনি আগে দেখেননি। বৈভবের বয়স আদৌ ১৫ কি না তা নিয়ে সংশয় প্রকাশ করলেও তিনি মানছেন, যে কোনও বয়সের ব্যাটারের কাছেই এই কীর্তি অভাবনীয়। তনভীরের সংযোজন, পাকিস্তানে এমন প্রতিভা উঠে এলে এতদিনে জাতীয় দলের দরজায় কড়া নাড়ত।
‘আম্পায়ারদের হাতে ম্যাসাজ দরকার’: বাসিত আলি
নিজের ইউটিউব শো ‘দ্য গেমপ্ল্যান’-এ প্রাক্তন পাক ব্যাটার বাসিত আলি বলেন, ‘বৈভবের লক্ষ্য নিছক চার-ছক্কা মারা নয়, ও সর্বোচ্চ স্তরে ভারতের হয়ে বড় কিছু করতে চায়।’ আগের ম্যাচে পাক বোলার মহম্মদ ইমরানের ফাঁদে পা দিলেও আমিরশাহির বিরুদ্ধে স্পিনার ও পেসার—দু’পক্ষকেই পয়েন্ট এবং এক্সট্রা কভারের ওপর দিয়ে ছক্কা মেরেছেন বৈভব। বয়স নিয়ে বিতর্ক থামানোর ডাক দিয়ে বাসিতের রসিকতা, ‘আম্পায়ারদের এতবার ছক্কার সংকেত দিতে হয়েছে যে ওঁদের হাত ব্যথা হয়ে যাওয়ার কথা। এই ইনিংসের পর ওঁদের নির্ঘাত ম্যাসাজ প্রয়োজন!’
‘এক ইনিংসে ২৮ ছক্কা ছেলেখেলা নয়’: কামরান আকমল
প্রাক্তন পাক উইকেটকিপার কামরান আকমলের (Kamran Akmal) মন্তব্য, ‘বৈভব থামতেই জানে না। ১৫ বছর বয়সেই ও যা অর্জন করেছে, অনেক ক্রিকেটার ২৫ বা ৩০ বছরেও তার স্বপ্ন দেখে। ওর পরিপক্বতা, পরিকল্পনা এবং মানসিকতা প্রশংসনীয়। এক ইনিংসে ২৮টি ছক্কা আর সাতটি চার মারা কোনও ছেলেখেলা নয়।’
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0