গন্ডগোল সামলাতে গিয়ে শিলিগুড়িতে আক্রান্ত পুলিশ! গুরুতর আহত ইনচার্জ-সহ বেশ কয়েকজন, আটক ৭

শিলিগুড়ির ডাবরা গ্রামে গন্ডগোল সামলাতে গিয়ে আক্রান্ত পুলিশের দল। প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশের ইনচার্জ গৌতম মল্লিক-সহ বেশ কয়েকজন আহত, ঘটনায় আটক ৭।

Nov 26, 2026 - 18:19
গন্ডগোল সামলাতে গিয়ে শিলিগুড়িতে আক্রান্ত পুলিশ! গুরুতর আহত ইনচার্জ-সহ বেশ কয়েকজন, আটক ৭

শিলিগুড়িতে ফের আক্রান্ত হল পুলিশ। বুধবার রাতে শিলিগুড়ির প্রধান নগর থানার অন্তর্গত ডাবরা গ্রাম এলাকায় গন্ডগোলের খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে গিয়ে গ্রামবাসীদের হামলার মুখে পড়ে পুলিশের একটি দল। এই ঘটনায় প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশের ইনচার্জ গৌতম মল্লিক-সহ বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে ডাবরা গ্রাম এলাকায় গন্ডগোল চলার খবর আসে প্রধান নগর থানায়। খবর পাওয়া মাত্রই থানার সাদা পোশাকের পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে পুলিশকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেই আচমকা তাঁদের ওপর চড়াও হন স্থানীয় বাসিন্দারা।

হামলাকারীদের আক্রমণে সাদা পোশাকের পুলিশের ইনচার্জ গৌতম মল্লিক এবং তাঁর পুরো টিম আক্রান্ত হয়। ঘটনায় গৌতম মল্লিক ও পুলিশের গাড়ির চালক গুরুতরভাবে জখম হয়েছেন। পাশাপাশি, উত্তেজিত জনতা পুলিশের তিনটি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়।

পুলিশের ওপর এই হামলার ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই বিশাল পুলিশবাহিনী ডাবরা গ্রাম এলাকায় রাতভর তল্লাশি অভিযান চালায়। সেই অভিযানে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এলাকা থেকে সাতজনকে আটক করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় আর কারা যুক্ত রয়েছে, তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0